২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড যুব দলের নেতৃত্বে মাইকেল ভনের ছেলে আর্চি

দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে গর্বের শেষ নেই ১৯ বছর বয়সী এই ক্রিকেটারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2025, 10:25 PM

Updated : 26 Aug 2026, 11:33 AM

বাবা মাইকেল ভনের পথ আগেই বেছে নিয়েছেন আর্চি ভন। এবার আরেকটি জায়গায়ও ইংল্যান্ডের সাবেক অধিনায়কের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন আর্চি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি যুব ওয়ানডে ও দুটি যুব টেস্ট খেলবে ইংল্যান্ড। আগামী ১৭ জানুয়ারি শুরু হবে মাঠের লড়াই।

ইংল্যান্ডের সর্বকালের সেরা অধিনায়কদের একজন মাইকেল ভন। ৫১ টেস্ট, ৬০ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টিতে ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়কত্ব করেন তিনি। তার নেতৃত্বে ২৬ টেস্ট, ৩২ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি জেতে ইংলিশরা। ২০০৫ অ্যাশেজ জয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক ছিলেন তিনি।

সাবেক এই টপ অর্ডার ব্যাটসম্যান সব মিলিয়ে দেশের হয়ে ৮২ টেস্ট, ৮৬ ওয়ানডে ও দুটি ওয়ানডে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮ সেঞ্চুরিতে রান করেছেন ৭ হাজার ৭২৮।

বাবার মতো আর্চিও টপ অর্ডার ব্যাটসম্যান। সঙ্গে করতে পারেন কার্যকর অফ স্পিনও। ব্যাটে-বলে নিজের সামর্থ্যের কিছু ঝলক এরই মধ্যে দেখিয়েছেন তিনি। এবার নেতৃত্বগুণ দেখানোর পালা তার। 

যেকোনো পর্যায়ে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারায় ১৯ বছর বয়সী আর্চির কাছে বিশেষ কিছু। সেখানে নেতৃত্বের দায়িত্ব পেয়ে গর্বের শেষ নেই তার। 

“বড়দিনের আগে অনুশীলন ক্যাম্পে জানতে পারি, আমি দলকে নেতৃত্ব দেব এবং এটি বিশেষ একটি মুহূর্ত ছিল। এই পর্যায়ে ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়াটা সত্যিই বিশেষ কিছু, তবে দলকে নেতৃত্ব দেওয়া আরও বড় কিছু।”

গত মে মাসে সমারসেটের সঙ্গে ক্যারিয়ারের প্রথম পেশাদার চুক্তি করে আলোচনায় এসেছিলেন আর্চি। গত জুলাইয়ে কাউন্টি অভিষেক হয় তার। সেপ্টেম্বরে টনটনে সারের বিপক্ষে ১১১ রানে জেতা ম্যাচে দারুণ পারফরম্যান্স করেন তিনি।

বিশেষ করে বল হাতে দুর্দান্ত ছিলেন আর্চি। দুই ইনিংসে পান পাঁচ উইকেটের স্বাদ। ম্যাচে নেন ১১ উইকেট। ব্যাটিংয়ে দুই ইনিংসে করেন ৪৪ ও ৩ রান।

সব মিলিয়ে, ৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১ ফিফটিতে ২৩৬ রান করেছেন আর্চি। এই সংস্করণে উইকেট নিয়েছেন ১৫টি। আর ৭টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৭২ রান করার পাশাপাশি তার শিকার তিনটি।

বয়স ভিত্তিক পর্যায়েও আলো ছড়াচ্ছেন আর্চি। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইয়াং লায়ন্স ইনভাইটেশনাল একাদশের হয়ে ৮৩ বলে ৮৫ রান করেন তিনি। ওই ম্যাচে সর্বোচ্চ ১০৬ রানের ইনিংস খেলেছিলেন ইংলিশ সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফের ছেলে রকি ফ্লিন্টফ।

ক্যারিয়ারে এই পর্যায়ে এত দ্রুত আসতে পারবেন কখনও ভাবেননি আর্চি।

“১২ মাস আগেও যদি কেউ আমাকে বলত, আমি সমারসেটের মূল দলে সুযোগ পাব এবং অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব করব, আমি তাদের কথা বিশ্বাস করতাম না। সবকিছু খুব দ্রুত ঘটে গেছে, তবে আমি আমার পা মাটিতে রেখে আরও কঠোর পরিশ্রম করে যাব।”