২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ফোন বন্ধ করে ঘুমাও’, পাকিস্তান ম্যাচের আগে সতীর্থদের ভারত অধিনায়ক

সংবাদ সম্মেলনে সুরিয়াকুমার সতীর্থদের বাইরের চাপ সামলানোর কৌশল শেখা জরুরি বলে পরামর্শ দেন।

‘ফোন বন্ধ করে ঘুমাও’, পাকিস্তান ম্যাচের আগে সতীর্থদের ভারত অধিনায়ক
ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 08:07 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

করমর্দন কাণ্ডের রেশ কাটতে না কাটতে ফের পাকিস্তানের মুখোমুখি হওয়ার দুয়ারে ভারত। এই সময়ে সতীর্থদের সব ধরনের আলোচনা-সমালোচনা থেকে কান বন্ধ রাখার পরামর্শ দিলেন দলটির অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ। 

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম‍্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। সেই ম‍্যাচে টসের সময় প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি সুরিয়াকুমার। ম‍্যাচ শেষেও পাকিস্তানের কোচ ও খেলোয়াড়দের কারো সঙ্গে হাত মেলাননি ভারত দলের কেউ। এরপর জল গড়ায় বহুদূর। 

আগামী রোববার সুপার ফোরে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এর আগে ঘুরেফিরে সেই করমর্দনের প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে। এর বাইরেও অনেক কিছু নিয়েই কথা হচ্ছে। এসব নিয়ে সতীর্থদের একদমই ভাবতে মানা করলেন সুরিয়াকুমার।  

“নিজের রুমের দরজা বন্ধ করো, ফোন বন্ধ করো এবং ঘুমাও। আমার মনে হয়, এটাই সেরা উপায়। বলা সহজ, কিন্তু অনেক সময় মেনে চলা কঠিন।”

“আপনি কী শুনতে চান, মাথায় কী রাখতে চান, তা সম্পূর্ণ আপনার ওপর… আমি ছেলেদের সব পরিষ্কার করে বলেছি। আমি মনে করি, এই টুর্নামেন্টে ভালো করতে এবং এগিয়ে যেতে হলে বাইরের শোরগোল থেকে দূরে থাকতে হবে। আর নিজের জন‍্য যা ভালো, কেবল সেটাই নিতে হবে।”