Published : 27 Mar 2026, 11:37 AM
খেলা শুরু হলো সাদা বলেই। তবে ক্রমেই বদলে যেতে থাকল সেই রঙ। পাওয়ার প্লে শেষ হতে হতে বল অনেকটাই হয়ে গেল গোলাপি। কিংবা লালচেও বলা যায়। টিভি পর্দায় তো বটেই, এমনকি প্রেস বক্স থেকে খালি চোখেই পরিষ্কার ফুটে উঠছিল বলের রঙ পরিবর্তন। মার্নাস লাবুশেনকে দেখা গেল বল নিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলতে। বলের রঙ বদল নিয়ে ম্যাচের পর বিস্ময়ের কথাও বললেন হায়দরাবাদ কিংসমেন অধিনায়ক।
পিএসএলের নতুন আসরের উদ্বোধনী দিনে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেনের ম্যাচের এই ঘটনা বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। রঙ বদলে যাওয়ার কারণে ১৫ ওভারের পর বল বদলাতেও হয়েছে। ম্যাচের পর তো হায়দরাবাদ কিংসমেন এক্স অ্যাকাউন্টে মজা করে লিখেছে, “নিজেদের প্রথম গোলাপি বলের ম্যাচ জেতার জন্য প্রতিপক্ষকে অভিনন্দন।”
মূলত হায়দরাবাদের পোশাকের কারণেই বলের এমন রঙ বদল। পিএসএলের নতুন দলটির পোশাক মেরুন রঙের। এই রঙ নিয়ে সমস্যা নেই। কিন্তু প্রশ্ন উঠছে জার্সির মান নিয়ে। যেহেতু বল চকচকে করার জন্য পোশাকের সঙ্গে ঘসে থাকেন ক্রিকেটাররা, ম্যাচের শুরু থেকেই পোশাকের রঙ লেগে যেতে থাকে বলের গায়ে। ক্রমে তা গোলাপি বা লালচে মতো হতো থাকে।
টিভি পর্দায় যদিও ভালো ফুটে উঠেছে ৫-৬ ওভার থেকে, তবে ম্যাচের পর লাবুশেন বললেন, তিনি দুই ওভার শেষেই তা বুঝতে পেরেছিলেন।
“দ্বিতীয় ওভারের পরই আম্পায়ারদের বলেছিলাম, ‘হচ্ছেটা কি? বল তো পুরো লাল হয়ে গেছে!’ স্পষ্টতই এটা নিশ্চয়ই পোশাক বা ওই জাতীয় কোনো কিছু থেকে হয়েছে। আমি এর আগে এমন কিছু দেখিনি, তবে প্যাডের রঙ বা ব্যাটের কোনো কিছুর সংস্পর্শে এসে বলে রঙ লাগতে দেখেছি। আমি নিশ্চিত, রোববার পরবর্তী ম্যাচের আগেই আমরা এর সমাধান করে ফেলব।”
লাবুশেন জানালেন, এই পোশাকেই খেলা চালিয়ে যেতে কোনো আপত্তি জানাননি আম্পায়াররা।

লাহোর কালান্দার্সের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসা ফাস্ট বোলার হারিস রউফের ধারণা, বল গ্যালারিতে আছড়ে পড়ায় গ্যালারির আসনের রঙ লেগে থাকতে পারে বলের গায়ে।
“ঠিক নিশ্চিত নই কে বলটা বদলেছিল। পোশাকের কারণে এটা হয়েছিল কি না, নিশ্চিতভাবে বলতে পারছি না। গ্যালারির আসনের কারণেও হতে পারে, বল তো বেশ কয়েকবার মাঠের বাইরে চলে গিয়েছিল। যতক্ষণ ব্যাটসম্যানরা বল পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল, তারা ব্যাট করে গেছে। যখন বলটা বোঝা কঠিন হয়ে গিয়েছিল, তখন হয়তো তারা বলটা বদলেছিল। তবে আমি যদি ক্রিজে যেতাম, তাহলে প্রথম বলেই বলটা বদলে নিতাম।”
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের গ্যালারির আসন সবুজ ও সাদা রঙের। সেখান থেকে বলের রঙ পরিবর্তন হওয়ার কারণ নেই। হায়দরাবাদের পোশাকের কারণেই যে বলের রঙ বদলেছে, তা নিশ্চিত। তাদের পোশাকে মান নিয়ে তাই প্রশ্ন যেমন উঠছে, সামাজিক মাধ্যমে সমালোচনা ও ট্রলও হচ্ছে প্রচুর।
মাঠের লড়াইয়েও এ দিন কিংসমেন ছিল বিবর্ণ। কালান্দার্সের কাছে হেরে গেছে তারা ৬৯ রানে।