৯ ওভারে ৯৯ রান দিয়ে রেকর্ডে মুক্তার
অল্পের জন্য রান খরচের সেঞ্চুরি হয়নি, তবে বিব্রতকর রেকর্ডে উঠে গেছে মুক্তার আলির নাম।
অফ স্টাম্পের বাইরের বল লং অন দিয়ে ছক্কায় ওড়ালেন জুবায়ের হোসেন। বোলার মুক্তার আলি এবার অ্যাঙ্গেল বদলাতে বল করলেন রাউন্ড দা উইকেটে। লাভ হলো না কোনো। পরের দুই বলের গন্তব্যও সীমানার ওপারে। আবার ওভার দা উইকেটে ফিরলেন অভিজ্ঞ ক্রিকেটার। এবারও ফায়দা মিলল না। এক বল পর আবার লং অন দিয়ে ছক্কা মারলেন জুবায়ের।
৪টি ছক্কাসহ মুক্তারের ওই ওভার থেকে এলো মোট ২৭ রান। ইনিংস শেষ হয়ে যাওয়ায় আর বোলিংয়ের সুযোগ হলো না তার। তাতে হাঁফ ছেড়েই বাঁচার কথা এই অলরাউন্ডারের। একটুর জন্য হলো না অনাকাঙ্ক্ষিত এক সেঞ্চুরি।
যা হলো, সেটির যন্ত্রণাও অবশ্য কম নয়। ৯ ওভারে তার খরচ ৯৯ রান! ঢাকা প্রিমিয়ার লিগ ও দেশের লিস্ট 'এ' ক্রিকেটের খরুচে বোলিংয়ের রেকর্ডে উঠে গেল তার নাম।
বিকেএসপির ৪ নম্বর মাঠে মঙ্গলবার শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে বিব্রতকর এই অভিজ্ঞতা হয় পারটেক্স স্পোর্টিং ক্লাবের ৩৫ বছর বয়সী পেসারের।
প্রিমিয়ার লিগের ‘লিস্ট এ’ জমানায় এর চেয়ে খরুচে বোলিংয়ের নজির আছে আর মাত্র একটি। গত বছর স্বীকৃত ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৯ ওভারে ১০৪ রান খরচ করে ২ উইকেট নিয়েছিলেন গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির হয়ে খেলতে নামা ইকবাল হোসেন।
লিস্ট 'এ' ক্রিকেটে বাংলাদেশের বোলারদের মধ্যে ম্যাচে একশর বেশি রান দেওয়া বোলার আছেন আর একজন। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে ১০ ওভারে ১০৪ রান খরচ করেছিলেন শাহাদাত হোসেন। কোনো উইকেট পাননি তিনি।
আন্তর্জাতিক ওয়ানডেতে বাংলাদেশের কোনো বোলার এখনও একশ রান দেননি। ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৯৭ ও পাকিস্তানের বিপক্ষে ৯৫ রান খরচ করেছিলেন শফিউল ইসলাম। এছাড়া নব্বইয়ের বেশি রান দিয়েছেন শুধু মুস্তাফিজুর রহমান, ২০১৯ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১০ ওভারে ৯৩ রান।
সার্বিকভাবে লিস্ট 'এ' ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড বাস ডে লেডের। ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটের জন্য ১০ ওভারে ১১৫ রান দিয়ে ফেলেন নেদারল্যান্ডসের পেস অলরাউন্ডার।
বিব্রতকর রেকর্ডে নাম লেখানো ম্যাচে মুক্তারের বোলিংয়ের শুরুটা এত মন্দ ছিল না। প্রথম ৫ ওভারে ৩৭ রান দেন তিনি। পরের ৪ ওভারে ৩ চারের সঙ্গে আরও ৫টি ছক্কা হজম করে তার খরচ ৬২ রান।
মুক্তারের ওভারে বেধড়ক পিটুনি দিয়ে তিনশর কাছে যায় শাইনপুকুর। পরে পারটেক্সকে অল্পতে আটকে রেখে ৭৭ রানের জয় পায় তারা।
