১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এবার আরেক পরীক্ষায় যুব বিশ্বকাপ জয়ের নায়ক সুরিয়াভানশি

স্কুল জীবনের ইতি টানার চ্যালেঞ্জ এখন ভারতীয় বিস্ময় বালকের সামনে।

এবার আরেক পরীক্ষায় যুব বিশ্বকাপ জয়ের নায়ক সুরিয়াভানশি
বৈভাব সুরিয়াভানশি। ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2026, 04:15 PM

Updated : 26 Aug 2026, 02:57 PM

সপ্তাহখানেক আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। সেই রেশ এখনই কাটার কথা নয়। তবে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছ্বাস আপাতত সরিয়ে রাখতে হচ্ছে বৈভাব সুরিয়াভানশিকে। কদিন পরই যে নতুন পরীক্ষায় নামতে হবে ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালককে।

বয়স কেবল ১৪। এখনও স্কুলের গণ্ডিই পার করেননি সুরিয়াভানশি। তবে ব্যাট হাতে এরই মধ্যে ক্রিকেটের বহু রেকর্ডের সীমানায় পা রেখেছেন তিনি। যুব বিশ্বকাপে দলের জয়ে বড় অবদান রাখা ভারতীয় ওপেনারকে এখন মনোযোগ দিতে হচ্ছে স্কুলের অধ্যায় শেষ করার দিকে।

আগামী মঙ্গলবার ভারতে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াইগুলোর একটিতে নামতে যাচ্ছেন সুরিয়াভানশিও।

যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ের ভিতটা গড়ে দেন সুরিয়াভানশিই। ১৫টি করে ছক্কা-চারে ৮০ বলে ১৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। সঙ্গে নাম লেখান রেকর্ডের বেশ কিছু পাতায়।

সুরিয়াভানশির সৌজন্যে ৯ উইকেটে ৪১১ রান করে ভারত। পরে ইংল্যান্ডকে ৩১১ রানে গুটিয়ে ১০০ রানের জয় তুলে নেয় তারা। ষষ্ঠবার চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ করে এশিয়ার দলটি।

ফাইনালের সেরা তো বটেই, টুর্নামেন্ট সেরার পুরস্কারও জেতেন সুরিয়াভানশি। সাত ইনিংসে ৬২.৭১ গড় ও ১৬৯.৪৯ স্ট্রাইক রেটে আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩৯ রান করেন তিনি।

বোর্ড পরীক্ষায় সুরিয়াভানশির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন সামাস্তিপুরের পোদার ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক নিল কিশোর। ভারতীয় এই তারকা ক্রিকেটারকে বিশেষ কোনো ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি।

“ক্রিকেটার বৈভাব সুরিয়াভানশি আমাদের স্কুল থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা দেবে। সে তার প্রবেশ পত্র নিয়েছে।”

“শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে অভিভাবক-সবার মধ্যেই তাকে নিয়ে ব্যাপক রোমাঞ্চ কাজ করছে। আমরা সেই কথা মাথায় রেখেই সব ব্যবস্থা করেছি; কারণ সে এখনও একজন শিক্ষার্থী এবং পরীক্ষায় বসতে যাচ্ছে। এটা শিক্ষা ক্ষেত্র, ক্রিকেট পিচ নয়। সুযোগ-সুবিধা, নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টি সবার জন্য একই থাকবে। আগামী ১৭ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হচ্ছে।”

২০২৪ সালের নভেম্বরে আইপিএলের মেগা নিলামের পর থেকেই আলোচনায় সুরিয়াভানশি। বয়স ভিত্তিক ক্রিকেটে দারুণ কিছু ইনিংস খেলা বাঁহাতি ব্যাটসম্যানকে নিয়ে নিলামের টেবিলে চলে কাড়াকাড়ি। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে লড়াইয়ে জিতে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে এক কোটি ১০ লাখ রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস।

আইপিএলে দল পেয়েই একটি রেকর্ডে নাম উঠে যায় সুরিয়াভানশির। টুর্নামেন্টের ইতিহাসে নিলামে দল পাওয়া সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হয়ে যান তিনি। তবে সেখানেই থেমে থাকেননি এই ক্রিকেটার। আইপিএলের গত আসরে গুজরাট টাইটান্সের ৩৮ বলে ১০১ রান করে আলোড়ন ফেলে দেন পুরো ক্রিকেট বিশ্বে।

সেদিন ৩৫ বলে সেঞ্চুরি স্পর্শ করেন সুরিয়াভানশি। আইপিএলে যা দ্বিতীয় দ্রুততম, ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম। ১৪ বছর ৩২ দিন বয়সে ইনিংসটি খেলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮ বছরের কম বয়সী কোনো ক্রিকেটারের প্রথম সেঞ্চুরি এটি।

এরপর আইপিএল ছাড়াও ভারতের অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতায় দারুণ সব ইনিংস উপহার দেন সুরিয়াভানশি। নাম লেখান রেকর্ডের বহু পাতায়।