‘যার যা ইচ্ছা লিখতে পারে’, পাত্তা দেন না বুমরাহ
‘লোকে বলেছিল ছয় মাস টিকব, আট মাস টিকব, এসব শুনতে শুনতেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর কাটিয়ে দিলাম’, বলছেন সময়ের সেরা বোলার জাসপ্রিত বুমরাহ।
সংবাদমাধ্যমের চটকদার শিরোনাম কিংবা লোকের বাঁকা চোখ, কোনোদিকেই তাকান না জাসপ্রিত বুমরাহ। ক্যারিয়ারের শুরু থেকেই যেভাবে সংশয়বাদীদের বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে চলেছেন, সেভাবেই নিজের বিশ্বাসের পথ ধরে ভারতীয় ক্রিকেটকে গিয়ে নিতে চান সময়ের সেরা এই বোলার।
সংবাদমাধ্যমের শিরোনাম বা লোকের সংশয়ের ব্যাপারটি মূলত বুমরাহর চোট, ফিটনেস, শারীরিক অবস্থা নিয়ে। বোলিং অ্যাকশনের ধরনের কারণে তার শরীর চোটপ্রবণ বলে মনে করেন অনেকে। ক্যারিয়ারে নানা সময়ে বড় চোটেও পড়েছেন বেশ কবার। তবে প্রতিবারই তিনি ফিরে এসেছেন দারুণভাবে।
এই বছরের শুরুতে অস্ট্রেলিয়া থেকে তিনি ফিরেছিলেন চোট নিয়ে। বোর্ডার-গাভস্কার ট্রফিতে বলতে গেলে তিনি একাই ভারতের আশা জাগিয়ে রেখেছিলেন সিরিজজুড়ে অসাধারণ বোলিং করে। কিন্তু অতি বোলিংয়ের কারণে শেষ পর্যন্ত শেষ টেস্টের মাঝপথেই মাঠ ছাড়তে হয় চোটাক্রান্ত হয়ে।
সেই চোট তাকে মাঠের বাইরে রাখে ধারণার চেয়ে বেশি সময়। পরে আইপিএলে ফিরে দুর্দান্ত বোলিং করেন আবার। ভারতের হয়ে মাঠে ফিরেছেন তিনি চলতি ইংল্যান্ড সফর দিয়ে। হেডিংলি টেস্টে অসাধারণ বোলিংয়ে ৫ উইকেট নিয়ে আবার প্রমাণ করেছেন, কেন তাকে বিশ্বের সেরা বোলার মনে করা হয়।
চোটের কারণে বাইরে থাকার সময়টায় তাকে নিয়ে সংবাদমাধ্যমে কাটাছেঁড়া হয়েছে অনেক। প্রশ্ন তোলা হয়েছে ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। বুমরাহ তাকে পরিষ্কারভাবেই বিরক্ত। তবে হেডিংলি টেস্টের তৃতীয় দিন শেষে এই পেসার বললেন, এসবের পরোয়া খুব একটা করেন না তিনি।
“লোকে কী লিখছি, তা তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না। তাদেরকে এটাও শেখাতে পারি না যে, আমাকে নিয়ে কোনটি লেখা উচিত, কোনটি নয়। যার যা ইচ্ছা লিখতে পারে। আমি বুঝি, আমাদের দেশে ক্রিকেট খুবই জনপ্রিয় এবং এটাও বুঝি যে, শিরোণামে আমার নাম ব্যবহার করলে লোকে দেখবে বেশি।”
“তবে দিনশেষে, আমি এসবকে পাত্তা দেই না। কারণ, এগুলোকে মাথায় ঢুকতে দিলে আমিও এসব বিশ্বাস করতে শুরু করব। আমি কোন পথে এগোব, এটা নির্ধারণের জন্য নিজের বিশ্বাস ও পথ জরুরি আমার জন্য। অন্যরা আমাকে কীভাবে খেলতে দেখতে চায়, তা গুরুত্বপূর্ণ নয়।”
বুমরাহ পেছন ফিরে তাকালেন তার গোটা ক্যারিয়ারে। ফিরে গেলেন শুরুর সময়টাতেও। ক্যারিয়ারজুড়ে যেভাবে অনেক মানুষকে ভুল প্রমাণ করেছেন, তেমনি সামনের পথচলায়ও একইভাবে ছুটে ভারতীয় ক্রিকেটকে নিতে চান নতুন উচ্চতায়।
“ভারতের হয়ে সবসময়ই খেলতে চেয়েছি আমি। নিজের বিশ্বাসে ভর করেই খেলেছি। প্রতিটি সংস্করণেই নিজের বিশ্বাস দিয়ে খেলেছি। লোকের কাছ থেকে সবসময় ‘না’ শুনেছি আমি। শুরুতে তারা বলত, ‘তুমি খেলতে পারবে না।’ এরপর বলত, ‘স্রেফ ছয় মাস টিকতে তুমি।’ পরে বলেছে, ‘আট মাস মোটে টিকবে তুমি।’ এসব শুনতে শুনতেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছর কাটিয়ে দিলাম। ১২-১৩ বছর ধরে আইপিএলে খেলছি।”
“এমনকি এখনও লোকে বলছে, এই চোটই আমাকে শেষ করে দেবে। অপেক্ষা করতে থাকুন, আমার এসব নিয়ে চিন্তাও নেই। প্রতি তিন-চার মাস পরই শিরোণাম বানানো হবে। কিন্তু দেখা যাক, ভাগ্যে যতদিন আছে, খেলে যাব। আমি সম্ভাব্য সেরা প্রস্তুতি নেই, বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দেই। ঈশ্বর আমাকে যা দিয়েছেন, তা সঙ্গী করে এগিয়ে যেতে চাই, ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিতে চাই।”
