ভারুনের বোলিংয়ে কত বৈচিত্র্য
শুরুতে ১৫ জনের স্কোয়াডে ছিলেন না যিনি, পরে দলে ঢুকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম ম্যাচেই ৫ উইকেট শিকার করে এখন সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা জাগিয়েছেন এই রহস্য স্পিনার।
সংবাদ সম্মেলনের একদম শেষ দিকে প্রশ্ন করা হলো, “মোটামুটি কত ধরনের বৈচিত্র আপনার ভাণ্ডারে আছে?” মৃদু হাসিতে ভারুন চক্রবর্তি বললেন, “বল ভেতরে ঢোকে, বাইরে যায় আর সোজা আসে। এরকমই বলতে পারেন। আর কিছু সূক্ষ্ম কাজ আছে…।”
খুব সরলভাবেই বলে দিলেন ভারুন। কিন্তু ব্যাটসম্যানরা জানেন, তার বোলিং খেলা কতটা কঠিন!
নিউ জিল্যান্ডের ব্যাটসম্যানরা যেমন বুঝেছেন রোববার দুবাইয়ে। ভারতের আগের দুই ম্যাচে বাইরে থাকা স্পিনার এ দিন আসরে প্রথম খেলতে নেমেই শিকার করেছেন ৫ কিউই ব্যাটারকে।
টি-টোয়েন্টির এই জমানায় রহস্য বোলারের অভাব নেই। অনেক সময় এর অতি ব্যবহারও দেখা যায়, যাকে-তাকে এই তকমা দিয়ে দেওয়া হয়। তবে ভারুনের বোলিংয়ে আসলেই যে অনেক রহস্য আছে, তা আইপিএলে ও ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা যায় নিয়মিতই। এবার ওয়ানডে ক্রিকেটে দেখা গেল প্রথমবার।
ভারুনের ক্যারিয়ারের স্রেফ দ্বিতীয় ওয়ানডে ছিল এটি। অভিষেক হয়েছে এই তো, কদিন আগেই। গত ৯ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সেই অভিষেক ম্যাচে রহস্যের জাল সেভাবে মেলতে পারেননি তিনি। প্রাপ্তি ছিল ৫৪ রানে ১ উইকেট। তবে ওয়ানডে সিরিজের আগে ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারুনের দুর্দান্ত পারফরম্যান্স দেখেই তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়ার ভাবনা আসে ভারতীয় নির্বাচকদের।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের শুরুতে ঘোষিত ১৫ জনের দলে ছিলেন না ভারুন। পরে চূড়ান্ত দলে ব্যাটসম্যান ইয়াসাসভি জয়সওয়ালকে বাইরে রেখে নেওয়া হয় এই স্পিনারকে। দুবাইয়ের উইকেটের সম্ভাব্য আচরণকে ভাবনায় রেখেই বাড়তি স্পিনার যোগ করা হয় দলে।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচে তিন স্পিনার নিয়ে একাদশ সাজায় ভারত। সেখানে ভারুনের জায়গা হয়নি। হওয়াও কঠিন। রাভিন্দ্রা জাদেজা ও আকসার প্যাটেল বিশেষজ্ঞ স্পিনার হলেও দুজনই দুর্দান্ত অলরাউন্ডার। আরেক স্পিনার কুলদিপ ইয়াদাভ তো ভারতের বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ভারুন খেলার সুযোগ পান দল চার স্পিনারের কৌশল বেছে নেওয়ায়। সেই সুযোগটি তিনি এমনভাবে কাজে লাগান যে, চতুর্থ স্পিনারই পারফরম্যান্সে হয়ে ওঠেন প্রথম!
তার ক্যারিয়ার বা জীবনটাই অবশ্য রোমাঞ্চ ও নাটকীয়তায় ভরা। ২৬ বছর বয়স পর্যন্ত ক্রিকেটকে সেভাবে গুরুত্ব দিয়ে দেখেননি, ক্যারিয়ার হিসেবেও বেছে নেননি। স্থাপত্যাবিদ্যায় পড়াশোনা করে চাকরিও শুরু করেছিলন। টুকটাক ক্রিকেট খেলতেন শুধু শখে। এরপর ক্রিকেটের পথে স্বপ্ন দেখা শুরু, নানা পথ পেরিয়ে আইপিএলে জায়গা করে নেওয়া ও আলো ছড়ানো, এসব গল্পের চর্চা এত হয়েছে যে, ক্রিকেট অনুসারীদের প্রায় সবারই জানা।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষেও প্রসঙ্গক্রমে আরেকবার তা মনে করিয়ে দিলেন তিনি, “আমি ক্রিকেট শুরু করেছি অনেক দেরিতে, বেশ দেরিতে। ২৬ বছর বয়সে ক্রিকেট শুরু করি। এর আগে আমার স্বপ্নজুড়ে ছিল কেবল স্থপতি হওয়া ও সিনেমা বানানো। ক্যারিয়ারের পথ ছিল আলাদা। ২৬ পেরিয়ে ক্রিকেটের স্বপ্ন দেখা শুরু করি আর এই সব কিছু হতে শুরু করে।”
তার সেই রোমাঞ্চকর আখ্যানে নতুন অধ্যায় ওয়ানডে ক্রিকেট। এই ৩৩ বছর বয়সে যেখানে তার ভ্রমণ শুরু হলো।
ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতেই ৪২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনি। মনে হচ্ছিল, এই সংস্করণে নামার অপেক্ষায় ছিলেন শুধু। তবে পরে জানালেন, ম্যাচের শুরুতে স্নায়ুর চাপ কিছুটা অনুভব করছিলেন।
“শুরুর দিকে কিছুটা নার্ভাস ছিলাম। ভারতের হয়ে খুব বেশি ওয়ানডে তো খেলিনি। এজন্যই নার্ভাস ছিলাম। তবে ম্যাচ যত এগিয়েছে, তত ভালো অনুভব করেছি। ভিরাট, রোহিত, শ্রেয়াস, হার্দিক, সবাই আমার সঙ্গে কথা বলেছে এবং আমাকে স্থির রাখার চেষ্টা করেছে।”
“গতরাতে জানতে পেরেছি যে, ম্যাচটি খেলব। দেশের হয়ে ওয়ানডে খেলার আশা করছিলাম এবং অপেক্ষায় ছিলাম। তবে নার্ভাসও লাগছিল।”
ম্যাচের পর আত্মবিশ্বাসে টগবগ করে ফোটার কথা তার। তবে সেমি-ফাইনালে মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত তিন স্পিনার খেলালে আবার হয়তো বাইরে যেতে হতে পারে ভারুনকে। তবে একমাত্র সুযোগেই তিনি নিশ্চিত করেছেন, তাকে উপেক্ষা করা কঠিন। তাছাড়া দুবাইয়ের উইকেটে চার স্পিনারের কৌশলেই অটল থাকার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে তার বৈচিত্রের সামনে পরীক্ষা দিতে হবে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদেরও।
গত দেড় যুগে রহস্য বোলারদের মধ্যে অনেকেই পরে রহস্য-টহস্য হারিয়ে হয়ে উঠেছেন সাধারণ। ভারুন নিজেকে রহস্যময় রাখতে খুবই সচেতন। টুর্নামেন্টের শুরুর দিকে এটা নিয়ে মজার গল্প শুনিয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শার্মা।
“নেটে বোলিংয়ের সময় খুব বেশি বৈচিত্রময় ডেলিভারি সে করে না। এক ধরনের ডেলিভারিই শুধু করে যায়। এমনকি আমাদের কাছেও সে তার বৈচিত্র খুলে ধরতে চায় না। এটার অবশ্য ভালো দিক আছে। তার কিছু অস্ত্র আছে, যা সে ব্যবহার করতে চায় আসল জায়গায়। সে এটা করতে চাইলে আমি যথেষ্টরও বেশি খুশি।”
“তবে তার মধ্যে আলাদা কিছু আছে বলেই সে আমাদের সঙ্গে এখানে আছে। গত ৮-৯ মাস ধরেই সে দারুণ বোলিং করছে। এজন্যই আমরা তাকে এখানে আনতে চেয়েছি এবং দেখতে চেয়েছি, বড় মঞ্চে সে ভারতের হয়ে কী করতে পারে।”
প্রথম সুযোগেই বড় মঞ্চে বড় কিছু করে ফেলেছেন তিনি। অপেক্ষা এখন আরও বড় কিছুর। সামনেই সেমি-ফাইনাল, এরপর হয়তো, ফাইনাল!
