১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অভিষেকে ১৫০ রানের ইনিংসে হার্মানের কীর্তি

ম‍্যাথু ব্রিটস্কির সঙ্গে যৌথভাবে ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের কীর্তি গড়েছেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার।

অভিষেকে ১৫০ রানের ইনিংসে হার্মানের কীর্তি
জর্ডান হারমান। ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 05:22 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

নিয়মিত ক্রিকেটারদের অনুপস্থিতিতে সুযোগ পেয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন জর্ডান হার্মান। ওয়ানডে অভিষেকে যৌথভাবে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার। 

টেম্বা বাভুমা, এইডেন মার্করামসহ নিয়মিত খেলোয়াড়দের প্রায় কেউই নেই নামিবিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে। নতুন চেহারার দলে কনর এস্তেহেইজেনের সঙ্গে ইনিংস উদ্বোধন করার সুযোগ মেলে ২৪ বছর বয়সী হার্মানের। 

চমৎকার ব‍্যাটিংয়ে ১২৬ বলে তিন ছয় ও ১৭ চারে তিনি খেলেন ১৫০ রানের ইনিংস। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা ২০তম ক্রিকেটার তিনি, দক্ষিণ আফ্রিকার পঞ্চম।

ওয়ানডে ইতিহাসের কেবল দ্বিতীয় ব‍্যাটসম‍্যান হিসেবে নিজের প্রথম ইনিংসে দেড়শ স্পর্শ করেন হার্মান। আগের জনও ছিলেন দক্ষিণ আফ্রিকান। গত বছর প্রথমবার কীর্তিটি গড়েন ম‍্যাথু ব্রিটস্কি। লাহোরে পাকিস্তানের বিপক্ষে ১৪৮ বলে পাঁচ ছয় ও ১১ চারে তিনিও খেলেন ঠিক ১৫০ রানের ইনিংস। হারমানের আগে ওয়ানডে অভিষেকে সবশেষ সেঞ্চুরি করেন তিনিই।

ওয়ানডে অভিষেকে সেঞ্চুরির কীর্তি প্রথম গড়েন ইংল্যান্ডের ডেনিস অ‍্যামিস। ১৯৭২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৩ রানের ইনিংস খেলেন তিনি, সেটা ছিল ইতিহাসের দ্বিতীয় ওয়ানডে। 

দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডে অভিষেকে প্রথম সেঞ্চুরি করেন কলিন ইনগ্রাম। পরে এই কীর্তি গড়েন বাভুমা ও রিজা হেনড্রিকসও।  

টস হেরে ব‍্যাট করতে নেমে দায়িত্বশীল ব‍্যাটিংয়ে ৬১ বলে পঞ্চাশ স্পর্শ করেন হার্মান। এরপর গতি বাড়িয়ে ৯৩ বলে স্পর্শ করেন তিন অঙ্ক। তার দ্বিতীয় পঞ্চাশ আসে কেবল ৩২ বলে। 

এরপর একইভাবে খেলে যান হারমান। ১২৫ বলে স্পর্শ করেন ১৫০। তার তৃতীয় পঞ্চাশও আসে ৩২ বলে। পরের বলেই বড় শটের আশায় ক‍্যাচ দিয়ে শেষ হয় তার রেকর্ড গড়া ইনিংস।

হার্মানের দেড়শ ছোঁয়া ইনিংস ও টনি ডি জর্জির ৭২ রানের ইনিংসে ৬ উইকেটে ৩৪৮ রান করে দক্ষিণ আফ্রিকা।