Published : 30 Jun 2025, 11:16 PM
পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে আড়াই মাস আগে। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর ঘিরে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রোহিত শার্মা, ভিরাট কোহলিদের বাংলাদেশে আসা নির্ভর করছে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর।
মিরপুরের বিসিবি কার্যালয়ে সোমবার ৬ ঘণ্টার বেশি সময় ধরে চলা পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এটি জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আইসিসি ভবিষ্যৎ সফর সূচির অংশ এই সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ১৩ অগাস্ট বাংলাদেশে আসার কথা ভারতের। সচি অনুযায়ী, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ অগাস্ট প্রথম ওয়ানডে।
বিসিবির সভায় অনেক আলোচ্যসূচির মধ্যে ছিল ভারত সিরিজের প্রসঙ্গও। এই বিষয়ে শুরুতে আমিনুল বলেন, ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে।
“বিসিসিআইয়ের সঙ্গে আমাদের আলোচনা চলছে। খুব শিগগির হয়তো আমরা জানাতে পারব (সিরিজের ব্যাপারে) কী হচ্ছে। ইতিবাচক আলোচনাই হচ্ছে।”
গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের পর বদলে যাওয়া পরিস্থিতির কারণে ভারতীয় দল সামনের সফরে আসতে সংকোচবোধ করছে কি না জানতে চাওয়া হলে পরিষ্কার করে কিছু বলেননি বিসিবি সভাপতি। তবে অনিশ্চয়তার ব্যাপারটি ফুটে ওঠে তার কথায়।
“অগাস্ট বা সেপ্টেম্বর বলে কিছু নয়। আলোচনা চলছে কীভাবে সিরিজটা আমরা করতে পারি। যদি কোনো কারণে তারা এই মুহূর্তে (অগাস্টে) আসতে না পারে, কোনো কারণে... আলোচনা এখনও শেষ হয়ে যায়নি, তাহলে সম্ভাব্য পরবর্তী উইন্ডোতে হবে সিরিজটি।”
আমিনুল বারবার আশ্বাস দেন, বিসিবির পক্ষ থেকে অগাস্টেই ভারত সিরিজ আয়োজনের সর্বাত্মক চেষ্টা চলছে।
“না (পরে করার কোনো প্রস্তাব দেয়নি ভারত)… আলোচনা চলছে। আমাদের উইন্ডো খালি রেখেছি। আমরা চেষ্টা করব ওই সময়টায় (অগাস্ট) করার। এই মুহূর্তে এর বেশি কিছু বলতে পারছি না। তবে তারা খুবই পেশাদার ও কো-অপারেটিভ।”
রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারতীয় দল দীর্ঘদিন ধরে পাকিস্তান সফরে যায় না। দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ তো বন্ধ হয়েই আছে, এমনকি বৈশ্বিক ও এশিয়ান আসরগুলোতে পাকিস্তানের সঙ্গে খেললেও চিরপ্রতিদ্বন্দ্বী দেশটিতে সফরে যায় না ভারতীয় দল। ভারতের বোর্ড বরাবরই এক্ষেত্রে বলে আসছে ভারত সরকারের অনুমতি না পাওয়ার ব্যাপারটি।
এবার বাংলাদেশ সফরের জন্য ভারত সরকারের অনুমতির অপেক্ষায় আছে তাদের বোর্ড, জানালেন বিসিবি প্রধান।
“এটা (অগাস্টে) নির্ধারিত ছিল। তবে তাদের (ভারত) জাতীয় দল ছাড়া অন্যান্য দল নিয়ে কিছু কনসার্ন আছে। তাদের জাতীয় দল এখন ইংল্যান্ডে আছে। সরকারের পক্ষ থেকে কিছু সিদ্ধান্তের অপেক্ষা করছে তারা। তাদের অনূর্ধ্ব-২৩ দল শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। সেটাও স্থগিত হয়েছে। তবে আমাদের সঙ্গে যে পর্যায়ে আলোচনা হয়েছে, এখনও আমরা আশাবাদী।”