Published : 05 Sep 2026, 04:37 PM
চোট শঙ্কা থাকা সত্ত্বেও কয়েকজন ক্রিকেটারকে আফগানিস্তান সিরিজের দলে রেখেছে ভারত, যা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষ্ণামাচারি শ্রীকান্ত। দেশটির বিশ্বকাপজয়ী তারকার মতে, আফগানদের ভয় পাচ্ছে ভারত। আর সেই কারণেই পূর্ণ শক্তির দল নিয়ে খেলবে তারা।
আফগানিস্তানের বিপক্ষে দিল্লিতে বিশেষ ‘অ্যাওয়ে’ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সিরিজটির জন্য তারকা পেসার জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, নিতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়েছে তারা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স থেকে ফিটনেস নিয়ে ছাড়পত্র পেলেই কেবল খেলতে পারবেন তারা।
পুরোপুরি ফিট নয়, এমন ক্রিকেটারদের দলে রাখা নিয়েই মূলত আপত্তি শ্রীকান্তের। নির্বাচকদের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি। তার মতে, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারের পর আফগানদের বিপক্ষে কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি আজিত আগারকারের নির্বাচক প্যানেল।
নিজের ইউটিউব চ্যানেলে ১৯৮৩ বিশ্বকাপ জেতা শ্রীকান্ত বলেছেন, হেরে যাওয়ার ভয় থেকেই তরুণদের সুযোগ না দিয়ে ‘আনফিট’ অভিজ্ঞদের দলে রেখেছে ভারত।
“আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে সিরিজ হারের পর নির্বাচকরা কোনো ঝুঁকি নিতে চায়নি এবং আফগানিস্তান সিরিজের জন্য পূর্ণ শক্তির দল সাজিয়েছে। তারা সব শক্তি নিয়ে মাঠে নামছে, কিন্তু এটা ভুল সিদ্ধান্ত। আফগানিস্তানের মতো দলের বিপক্ষেই তরুণদের সুযোগ দেওয়া উচিত। অথচ তারা ভয় থেকে পূর্ণশক্তির দল বেছে নিয়েছে।
“আয়ারল্যান্ড ও ইংল্যান্ডে হারের পর এটা মরিয়া সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে। তবে এই দলটি প্রায় ইংল্যান্ডের বিপক্ষে বেছে নেওয়া দলেরই মতো।”
বুমরাহ, হার্শিত, নিতিশ ও ওয়াশিংটনের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই শ্রীকান্তের। তবে ফিটনেস নিয়ে সংশয় থাকার পরও কেন তাদের দলে রাখা হলো, তার প্রশ্ন এখানেই।
“এই চারজনের কেউই ম্যাচ ফিটনেস প্রমাণ করেনি। তাহলে কীসের ভিত্তিতে তাদের ফিট ধরা হচ্ছে? বেঙ্গালুরুর সিওইতে (সেন্টার অব এক্সেলেন্স) ফিটনেস প্রমাণ করলেই কি কেউ ম্যাচ খেলার জন্য ফিট হয়ে যায়? এমনভাবেই হার্শিত রানা ইংল্যান্ডে গিয়েছিল, এরপর সেখানে কী হয়েছিল? তাই ম্যাচ ফিটনেস গুরুত্বপূর্ণ।
“এটা তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন নয়। টি-টোয়েন্টিতে হার্শিত রানা খুব ভালো বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছে এবং সংক্ষিপ্ত সংস্করণে নিতিশ কুমার রেড্ডিও দুর্দান্ত। কিন্তু ম্যাচ ফিটনেস প্রমাণ না করেই কেন তাদের দলে নেওয়া হলো, প্রশ্নটা সেটি নিয়েই।”
আফগানদের বিপক্ষে ভারতের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ১৩ সেপ্টেম্বর। পরের দুটি ম্যাচ হবে আগামী ১৫ ও ১৭ সেপ্টেম্বর।