আইপিএলে রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক পারাগ
চেন্নাই সুপার কিংসে চলে যাওয়া সাঞ্জু স্যামসনের জায়গায় দায়িত্বটি পেলেন রিয়ান পারাগ।
২০২৬ আইপিএলের আগে রাজস্থান রয়্যালসের নতুন অধিনায়ক হলেন রিয়ান পারাগ। চেন্নাই সুপার কিংসে চলে যাওয়া সাঞ্জু স্যামসনের জায়গায় দায়িত্বটি পেলেন তিনি।
২৪ বছর বয়সী এই ক্রিকেটারকে অধিনায়ক করার কথা শুক্রবার সামাজিক মাধ্যমে জানায় ফ্র্যাঞ্চাইজিটি।
২০১৯ সালে আইপিএলে অভিষেক থেকে নিজের সাত আসরের সবকটিতে রাজস্থানের হয়ে খেলেছেন পারাগ। গত আসরে স্যামসনের চোটের কারণে আট ম্যাচে দলকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। এর মধ্যে দল জিতেছিল দুটি, হেরেছিল ছয়টি। প্রাথমিক পর্বে ১৪ ম্যাচের চারটিতে জিতে ৯ নম্বরে থেকে আসর শেষ করেছিল রাজস্থান।
নেতৃত্বের ওই আট ম্যাচে ব্যাট হাতে বেশ ভালো করেছিলেন পারাগ, ব্যাটিং গড় ছিল ৩৮.৬৭। এর মধ্যে ছিল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ৯৫ রানের ইনিংস।
সব মিলিয়ে আইপিএলে ৮৪ ম্যাচে ১৪১.৮৪ স্ট্রাইক রেটে তার রান এক হাজার ৫৬৬। ব্যাট হাতে সেরা সময় কাটান তিনি ২০২৪ আসরে। সেবার ১৪৯.২১ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে আসে ৫৭৩ রান। গত আসরে ১৬৬.৫২ স্ট্রাইক রেটে করেন ৩৯৩ রান।
ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকর স্পিন বোলিংও করেন তিনি। আইপিএলে তার উইকেট আছে এখন পর্যন্ত ৭টি।
পারাগের মতো স্যামসনও রাজস্থানের প্রতীক হয়ে উঠেছিলেন। গোটা আইপিএল ক্যারিয়ারে দুটি মৌসুম দিল্লিতে খেলা ছাড়া বাকি ১১ মৌসুমেই রাজস্থানে খেলেছেন তিনি।
তবে গত আইপিএল চলার সময় কিছু ব্যাপার নিয়ে দলের সঙ্গে টানাপোড়েন শুরু হয় তার। টুর্নামেন্টের পরে জানা যায়, দল ছাড়তে চান তিনি।
২০২৬ আইপিএলের নিলামের আগে ‘ট্রেড উইন্ডো’ কাজে লাগিয়ে স্যামসনকে চেন্নাইয়ে পাঠিয়ে রাভিন্দ্রা জাদেজা ও স্যাম কারানকে দলে নেয় রাজস্থান।
গত আইপিএলের পর রাজস্থানের কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়ও। প্রধান কোচের দায়িত্বে এসেছেন কুমার সাঙ্গাকারা। পারাগ ও সাঙ্গাকারা জুটির হাত ধরে তাই বলা যায় নতুন যুগের শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি।
