২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শারমিনের স্বপ্নে বিশ্বকাপ সেঞ্চুরি

সেঞ্চুরিতে বিশ্বকাপ রাঙাতে চান বাংলাদেশের এই সময়ের সবচেয়ে ধারাবাহিক ও সেরা ব্যাটার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 01:13 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

গত বছর দলে ফেরার পর দুই দফায় সেঞ্চুরির খুব কাছে গিয়েও থমকে গেছেন শারমিন আক্তার। পঞ্চাশ পেরিয়েছেন আরও তিনবার। কিন্তু শতরান অধরাই রয়ে গেছে তার। সেই অপ্রাপ্তি তিনি ঘুচিয়ে দিতে চান সবচেয়ে বড় মঞ্চেই। সেঞ্চুরিতে বিশ্বকাপ রাঙাতে চান বাংলাদেশের এই সময়ের সেরা ব্যাটার। 

দেড় বছর পর দলে ফেরার ম্যাচে গত নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮৯ বলে ৯৬ করে আউট হয়ে যান শারমিন। গত এপ্রিলে বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে একটা পর্যায়ে মনে হচ্ছিল, তিন অঙ্ক ছুঁয়েই ফেলবেন। তিনি ৮০ রান পেরিয়ে যাওয়ার পরও ছয় ওভার বাকি ছিল। তবে পরের সময়টায় ঝড়ো ব্যাটিংয়ে সেঞ্চুরি করে ফেলেন অধিনায়ক নিগার সুলতানা। শারমিন অপরাজিত রয়ে যায় ৯৪ রানে।

এই আক্ষেপটুকু বাদ দিলে গত ১০ মাসে অসাধারণ সময় কাটছে তার ব্যাট হাতে। দলে ফেরার পর তিনি ফিরেছেন যেন অন্য এক শারমিন হয়ে। আগের চেয়ে তিনি অনেক গোছানো, আগ্রাসী ও কার্যকর। টেম্পারমেন্ট ও শটের রেঞ্জ বেড়েছে চোখে পড়ার মতো। পারফরম্যান্সেই সেটির প্রমাণ।

ফেরার পর ১১ ওয়ানডে খেলে ফিফটি করেছেন ৫টি। ফিফটির কাছে গিয়ে ফিরেছেন দুই ম্যাচে। আরও তিন ম্যাচে থেমেছেন ২০ পেরিয়ে। দুঅঙ্কের নিচে আউট হননি একবারও। 

আগের ৩৪ ওয়ানডেতে তার ব্যাটিং গড় ছিল স্রেফ ১৬.৫২, স্ট্রাইক রেট ছিল ৪৬.৭১। ফেরার পর এই ১১ ম্যাচে তার গড় ৫৬.৬০, স্ট্রাইক রেট ৭৪.৩১। 

এই সময়ে তার টি-টোয়েন্টি ব্যাটিংয়েও দেখা গেছে উন্নতির ছাপ।

বিশ্বকাপ শুরুর আগে আইসিসি ডিজিটালকে তিনি বললেন, রানের এই ধারা ধরে রাখতে চান তিনি বৈশ্বিক আসরেও।

“গত দুই-তিনটি সিরিজে আমার দারুণ সময় কাটছে। দলের জন্য সেভাবেই অবদান রেখে যেতে চাই। যা করে আসছি, সেটিই করতে চাই এবং প্রক্রিয়া ধরে রাখতে চাই।”

ছুটে যাওয়ার সেই পালাতেই ২৯ বছর বয়সী ব্যাটার ছুঁতে চান শতরানের সীমানা।

“প্রথম সেঞ্চুরির দেখা পেতে নিজেকে আরেকটু ছাড়িয়ে যেতে হবে আমার। সেঞ্চুরিটি বিশ্বকাপে পেলে তো দারুণ হবে!”

“সর্বোচ্চ চেষ্টা করছি আমি, ভুল থেকে শিখছি প্রতিবারই। প্রতিটি ভুল থেকেই শিখে পরেরবার কাজে লাগানোর চেষ্টা করছি। আমার দলের জন্যই এটি (সেঞ্চুরি) করতে চাই। আমি ভালো করতে পারলে দলের জন্যও তা আরও ভালো হবে। সেঞ্চুরি করতে পারলে গোটা জীবনের জন্য স্মরণীয় কিছু হবে।”

কলম্বোতে বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। গত বিশ্বকাপে এই একটি দলকেই হারাতে পেরেছিল বাংলাদেশ। এবার দেশ ছাড়ার আগে কোচ সরওয়ার ইমরান বলে গেছেন, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ে চোখ থাকবে তাদের। 

সেই ম্যাচ দুটির কথা আলাদা করে বললেন শারমিনও।

“(পাকিস্তানের বিপক্ষে) আগের সাফল্যের স্মৃতি অবশ্যই ইতিবাচক তাড়না ও প্রেরণা জোগায়। সেখান থেকে আত্মবিশ্বাস মেলে।”

“গত বিশ্বকাপে কয়েকটি ম্যাচে আমরা অনেক ভালো খেলেছিলাম, কিন্তু একটুর জন্য হেরে গেছি। যেমন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। গত বিশ্বকাপে শ্রীলঙ্কা ছিল না, এবার আছে। ওদের সঙ্গেও আমাদের সবসময় ভালো লড়াই হয়।”

গত বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে আটকে রেখেও বাংলাদেশ হেরেছিল ৪ রানে। এবার বাছাই উতরাতে পারেনি ক্যারিবিয়ান মেয়েরা।