অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি
Published : 13 Jul 2025, 06:26 PM
আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়া শোয়েব বাশিরের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ড। চলমান লর্ডস টেস্টের চতুর্থ ইনিংসে এই অফ স্পিনার বোলিং করতে পারবেন বলে অবশ্য আশাবাদী ইংলিশরা। তবে তার ব্যাটিং করা নিয়ে রয়েছে সংশয়।
ভারতের বিপক্ষে চলতি টেস্টের তৃতীয় দিন শনিবার এই চোট পান বাশির। তার বলে সজোরে মারেন রাভিন্দ্রা জাদেজা। ফিরতি ক্যাচ নেওয়ার চেষ্টায় হাত বাড়ান বোলার, কিন্তু মুঠোয় জমাতে পারেননি। বল তার বাঁ হাতের কনিষ্ঠায় আঘাত করে। সঙ্গে সঙ্গে মাঠ ছেড়ে চলে যান বাশির। পরে ওভারটি শেষ করেন জো রুট।
দিনের শেষ দিকে বোলিংয়ে ফিরবেন বাশির, এমনটা আশা করেছিল ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত সেদিন আর মাঠে নামেননি তিনি।
চতুর্থ দিনের খেলা শুরুর আগে অনুশীলনে বোলিং করেন বাশির। তার বাঁ হাতের অনামিকা ও কনিষ্ঠায় তখন স্ট্র্যাপিং করা ছিল। রোববার সকালে দেওয়া বিবৃতিতে বাশিরের চোটের অবস্থা তুলে ধরে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
“বাঁ হাতের কনিষ্ঠায় আঘাতের পর, শোয়েব বাশিরকে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আশা করা হচ্ছে, চলমান টেস্টের চতুর্থ ইনিংসে তিনি বোলিং করবেন। তৃতীয় ইনিংসে ব্যাট করবেন কি না, সে সিদ্ধান্ত যথা সময়ে নেওয়া হবে। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে তার খেলার বিষয়টি চলতি ম্যাচ শেষে মূল্যায়ন করা হবে।”
অ্যান্ডারসন-টেন্ডুলকার সিরিজে ৫৯.৪৪ গড়ে ৯ উইকেট নিয়েছেন বাশির। লর্ডস টেস্টে সেঞ্চুরি করা ভারতের লোকেশ রাহুল তার শিকার। ম্যানচেস্টার টেস্টে যদি তিনি খেলতে না পারেন, লিয়ান ডসন, জ্যাক লিচ কিংবা রেহান আহমেদকে খেলাতে পারে ইংল্যান্ড।