Published : 15 Aug 2025, 12:35 PM
টেস্ট আর টি-টোয়েন্টির অধ্যায় চুকে গেছে। ভিরাট কোহলি ও রোহিত শার্মার আন্তর্জাতিক ক্রিকেটার পরিচয় টিকে আছে এখন কেবল ওয়ানডে ক্রিকেটে। সেটাও কতদিন থাকে, তা নিয়ে চলছে নানা জল্পনা ও গুঞ্জন। অনেকেই আন্তর্জাতিক ক্রিকেটে এই দুই গ্রেটের পথচলার শেষ দেখে ফেলেছেন। তবে সাবেক ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়নার মতে, শুবমান গিলের মতো এই সময়ের তারকাদের পাশে কোহলি-রোহিতের অভিজ্ঞতাও ভারতের জন্য জরুরি।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণকে বিদায় জানার কোহলি ও রোহিত। এরপর গত মে মাসে অনেকটা চমক দিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান দুজন।
ওয়ানডেতে দুজন এখনও আছেন। রোহিত তো দলের অধিনায়কই। তবে ২০২৭ বিশ্বকাপে তাকিয়ে দল গড়ে তোলার ভাবনায় এই দুজন থাকবেন কি না, ভারতীয় ক্রিকেটে এমন আলোচনা চলছে কিছুদিন ধরেই। রোহিতের বয়স তখন ৪০ পেরিয়ে যাবে ভালোভাবেই, কোহলির বয়স থাকবে ৩৯।
দুজনকে ধন্যবাদ জানিয়ে সামনে তাকানোর কথা বলছেন অনেকেই। তবে রায়নার ভাবনা ভিন্ন। ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী দলের তারকা টেলিকম এশিয়া স্পোর্টকে বললেন, এই দুজনের অভিজ্ঞতা দলের জন্য হবে বড় শক্তি।
“ভিরাট কোহলি ও রোহিত শার্মার অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। জুনিয়রদের সঙ্গে সিনিয়রদের সম্পৃক্ততা জরুরি। শুবমান গিল এখন ভালো করছে। তবে তার পাশে কোহলি-রোহিতের মতো ক্রিকেটারদের প্রয়োজন আছে।”
“কিছুদিন আগেই তারা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তারা দেশকে বিশ্বকাপ এনে দিয়েছে। ভিরাট তো গত আইপিএলও জিতেছে। ক্যারিয়ারজুড়ে যে বিচক্ষণ নেতৃত্বের ছাপ তারা রেখেছে, সেজন্যও ড্রেসিং রুমে তাদেরকে প্রয়োজন।”
কোহলি-রোহিতদের পাশে রায়না দেখতে চান মোহাম্মেদ সিরাজকেও। সম্প্রতি ইংল্যান্ড সফরে অসাধারণ বোলিং করে তুমুল প্রশংসার জোয়ারে থাকা পেসারকে সব সংস্করণের দলেই চান তিনি।
“সিরাজ যেভাবে সাদা বলে ও লাল লাল বলে পারফর্ম করেছে, তিন সংস্করণেই ভারতীয় দলের অংশ হওয়া উচিত তার। ইংল্যান্ডে এক সিরিজে ১৮৭ ওভার বোলিং করেছে, কিন্তু ছোটখাটো কোনো চোটেও পড়েনি সে।”