১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড

ত্রিনিদাদ ও টোবাগোর ৬৪তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে স্ট্যান্ডটির নতুন নাম উন্মোচন করা হয়।

ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড
নিজেদের নামের স্ট্যান্ডের সামনে (বাঁ থেকে) ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড ও সুনিল নারাইন। ছবি: সিপিএল

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 10:03 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM

টি-টোয়েন্টি ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগোর তিন তারকা ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড ও সুনিল নারাইনকে সম্মান জানিয়েছে কুইন্স পার্ক ওভাল। পোর্ট অব স্পেনের স্টেডিয়ামটির একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে তাদের নামে। 

আগে ‘ত্রিনি পোসি স্ট্যান্ড’ নামে পরিচিত স্ট্যান্ডটির নতুন নাম দেওয়া হয়েছে ‘ব্রাভো, পোলার্ড, নারাইন স্ট্যান্ড’। ত্রিনিদাদ ও টোবাগোর ৬৪তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসেবে সোমবার স্ট্যান্ডটির নতুন নাম উন্মোচন করা হয়।

টি-টোয়েন্টি ক্রিকেটের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই তিন ক্রিকেটার। পেস বোলিং অলরাউন্ডার ব্রাভো ক্যারিয়ার শেষ করেছেন ৫৮২ টি-টোয়েন্টি ম্যাচে ছয় হাজার ৯৭০ রান ও ৬৩১ উইকেট নিয়ে। পোলার্ড এখনও খেলছেন, ৭৫১ টি-টোয়েন্টি ম্যাচে তার রান ১৪ হাজার ৯৩৩ রান, উইকেট ৩৪১টি।

আর সম্প্রতি টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে ৬৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন নারাইন। ৬১৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই স্পিনার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সর্বোচ্চ উইকেটশিকারি।

চলমান সিপিএলে ত্রিনবাগো নাইট রাইডার্সে আছেন তিন জনই। দলটির হয়ে খেলেছেন পোলার্ড ও নারাইন। আর ব্রাভো ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফে।

ঐতিহাসিক এই মাঠে ত্রিনিদাদ ও টোবাগোর আরও কয়েকজন কিংবদন্তির নামে বিভিন্ন অংশ রয়েছে। এর মধ্যে আছে ব্রায়ান লারা প্যাভিলিয়ন, ডেরিক মারে প্লেয়ার্স গ্যালারি, জেফরি স্টলমেয়ার স্ট্যান্ড ও লিয়ারি কনস্ট্যানটাইন স্ট্যান্ড।

সম্প্রতি ব্রাভোর ৪৭ নম্বর জার্সি ‘অবসরে’ পাঠিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর)। ‘সিপিএল এবং ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেটে তার অসাধারণ অবদানের স্বীকৃতি’ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়।