২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়ে ভারতীয় পেসার বললেন, ‘চাপে দুপুরের খাবার খেতে পারিনি’

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল অভিষেকে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার।

ইতিহাস গড়ে ভারতীয় পেসার বললেন, ‘চাপে দুপুরের খাবার খেতে পারিনি’
চমৎকার বোলিংয়ে আইপিএল অভিষেক রাঙালেন অশ্বিনি কুমার। ছবি: আইপিএল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2025, 07:54 AM

Updated : 10 Sep 2026, 12:37 PM

প্রথম বলেই উইকেট। একটুর জন্য ধরা দিল না প্রথম ওভারে আরেকটি। সেটি পুষিয়ে দিয়ে দ্বিতীয় ওভারে শিকার দুটি। তৃতীয় ওভারে আরেকটি। আইপিএল অভিষেকের উপলক্ষটা দারুণভাবে রাঙিয়ে রাখলেন অশ্বিনি কুমার। রেকর্ড গড়া বোলিংয়ে ধসিয়ে দিলেন প্রতিপক্ষের ব্যাটিং। ২৩ বছর বয়সী বাঁহাতি পেসারের এমন পারফরম্যান্স দেখে কে বলবে, ম্যাচের আগে এতটাই স্নায়ুর চাপ তাকে পেয়ে বসেছিল যে, দুপুরের খাবারই খেতে পারেননি!

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সোমবার ৩ ওভারে ২৪ রানে ৪ উইকেট নেন অশ্বিনি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল অভিষেকে ৪ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

ওয়াংখেড়েতে টস জিতে বোলিং নেওয়া মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়া এই তরুণের হাতে বল তুলে দেন চতুর্থ ওভারে। ম্যাচের দ্বিতীয় ওভারে তিনি একটি ক্যাচ নিয়ে ফেরান কুইন্টন ডি কককে। বোলিংয়ে এসে প্রথম বলেই ফিরিয়ে দেন কলকাতার অধিনায়ক আজিঙ্কা রাহানেকে। 

এক বল পর উইকেট পেতে পারতেন আরেকটি। তবে ভেঙ্কাটেশ আইয়ারের ক্যাচটিতে দারুণভাবে চেষ্টা করলেও হাতে জমাতে পারেননি মিচেল স্যান্টনার। 

নিয়মিত উইকেট হারানো কলকাতার ইনিংসে অশ্বিনি বোলিংয়ে ফেরেন একাদশ ওভারে। এই ওভারে তার শিকার রিঙ্কু সিং ও মানিশ পান্ডে। পরের ওভারে তার দারুণ এক ডেলিভারিতে ছত্রখান হয়ে যায় আন্দ্রে রাসেলের স্টাম্প। 

স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু ম্যাচে কলকাতা গুটিয়ে যায় স্রেফ ১১৬ রানে। ইনিংস বিরতিতে অশ্বিনিকে তার রেকর্ড গড়ার কথা জানিয়ে ধারাভাষ্যকার রাভি শাস্ত্রি মজা করে জিজ্ঞেস করেন, 'লাঞ্চে কি খেয়েছিলেন?' এই পেসার তখন বলেন, উত্তেজনার চোটে খেতেই পারেননি তিনি। 

আরেকটি উইকেট নেওয়ার পর আশওয়ানির উচ্ছ্বাস। ছবি: আইপিএল 

আরেকটি উইকেট নেওয়ার পর আশওয়ানির উচ্ছ্বাস

“দুপুরের খাবার তো খাইনি, কিছুই করতে পারিনি, কেবল একটি কলা খেয়েই চলে এসেছি। একটু চাপ অনুভব করছিলাম। ক্ষুধা অনুভব হয়নি। তবে আমি ভালো খেলেছি, এটাই আসল।”

“সত্যিই ভালো বোধ করছিলাম (খেলার সময়)। (ম্যাচের) আগে একটু চাপ ছিল, কিন্তু দলের ভেতরের আবহের জন্য (মাঠে) কোনো চাপ অনুভব করিনি।”

শাস্ত্রি তখন আবার মজা করে বললেন, "ওই কলা তো তাহলে দারুণ... সবসময় ব্যাগে একটি করে রাখবেন..।"

ম্যাচের আগে অধিনায়কের থেকে কী বার্তা পেয়েছিলেন, সেটাও জানালেন নিলামে ৩০ লাখ রুপিতে দল পাওয়া এই ক্রিকেটার।

“আমাদের কিছু পরিকল্পনা ছিল। কিন্তু (অধিনায়ক হার্দিক পান্ডিয়া) বলেছিলেন যে, ‘যেহেতু তোমার অভিষেক ম্যাচ, তাই উপভোগ করো। তুমি যেভাবে বল করে থাকো, সেভাবেই বোলিং করো।”

তার তৃতীয় ওভারের প্রথম বলে বাউন্ডারি মারেন রাসেল। এরপর দুটি শর্ট ডেলিভারিতে পরাস্ত হন ক্যারিবিয়ান অলরাউন্ডার। চতুর্থ বলটি ছিল লেংথ ডেলিভারি, শট খেলার চেষ্টায় ব্যর্থ হয়ে বোল্ড হন রাসেল। এখানে অধিনায়কের ভূমিকার কথাও তুলে ধরলেন অশ্বিনি।  

“হ্যাঁ, অধিনায়কের ভূমিকা ছিল। হার্দিক ভাই আমাকে বলেছিলেন, সে (রাসেল) তোমাকে আক্রমণ করার চেষ্টা করবে। আমাকে তার শরীর তাক করে বল করতে বলেছিলেন তিনি। কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ায়, তিনি (রাসেল) আমাকে মারার চেষ্টা করে আউট হয়ে যান।”

কলকাতা ১৬.২ ওভারে গুটিয়ে যাওয়ায়, চার ওভারের কোটা পূরণ করার সুযোগ পাননি অশ্বিনি। ১১৭ রানের লক্ষ্য তার দল ছুঁয়ে ফেলে ৮ উইকেট ও ৪৩ বল হাতে রেখেই।  

আসরে প্রথম দুই ম্যাচে হারের পর মুম্বাইয়ের প্রথম জয় এটি। ম্যাচ-সেরার পুরস্কার ওঠে অশ্বিনি হাতেই।

অশ্বিনির জন্ম পাঞ্জাবের মোহালির ঝনজেরিতে। গত মৌসুমে পাঞ্জাব কিংসের নেট বোলার ছিলেন তিনি। দারুণ গতি, বাউন্সার ও ওয়াইড ইয়র্কার দেওয়ার জন্য আলাদা পরিচিতি আছে তার। 

২০২৩ সালে শের-ই-পাঞ্জাব টি-টোয়েন্টি ট্রফিতে ডেথ ওভারে ম্যাচ জেতানো বোলিং দিয়ে নজর কাড়েন তিনি। সেখানে একটি ম্যাচে শেষ ওভারে ৮ রান ডিফেন্ড করে তিনি দলকে জেতান। তার ওই ওভারে আসে কেবল ৪ রান, যার দুটি আবার বাই থেকে।

পরের ম্যাচে অশ্বিনি নিজের প্রথম ২ ওভারে ৩৩ রান দেওয়ার পরও শেষ ওভারে ১১ রান ডিফেন্ড করতে বল তুলে দেওয়া হয় তার হাতে। এবারও চাপের মুখে ঠাণ্ডা মাথার বোলিংয়ে দলকে জেতান এক রানে।

ওই টুর্নামেন্টে বিএলভি ব্লাস্টার্সের শিরোপা জয়ে বড় অবদান ছিল অশ্বিনির।

প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার ২০১৯ সালে। ২০২১ সালে পা রাখেন লিস্ট ‘এ’ ক্রিকেটে। পরের বছর সৈয়দ মুশতাক আলি ট্রফির ম্যাচ দিয়ে অভিষেক হয় স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে। 

স্রেফ দুটি প্রথম শ্রেণির ও চারটি করে লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে আইপিএলে অভিষেক হলো তার। নজরকাড়া বোলিংয়ে উপলক্ষটা রাঙিয়ে রাখলেন তিনি।