২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের মাঠে ফেরার সম্ভাবনা কতটা

মৃত্যুর দুয়ার থেকে ফিরতে পারার স্বস্তিই সবচেয়ে বড় ব্যাপার, ক্রিকেট নিয়ে আলোচনার সময় হয়নি এখনও, তবে তামিমের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানিয়ে মাঠে ফেরার ব্যাপারটি নিয়ে কথা বললেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর।

তামিমের মাঠে ফেরার সম্ভাবনা কতটা
স্বাভাবিক কার্যক্রম শুরু করতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের। ছবি: বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2025, 02:31 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

মৃত্যুর দুয়ার থেকে ফিরে এখন কিছুটা থিতু তামিম ইকবাল। তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। ভবিষ্যতে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া বা তার মাঠে ফেরার আলোচনার সময়ও এখন নয়। তারপরও তার স্বাস্থ্য সংক্রান্ত নানা আলোচনার ভীড়ে প্রসঙ্গক্রমে জানা গেল, স্বাভাবিক কার্যক্রম ও খেলাধুলায় ফিরতে তাকে অপেক্ষা করতে হবে অন্তত তিন মাস।

কেপিজে স্পেশালাইজড হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) তামিম ও তার পরিবারের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে সবশেষ খবর জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর।

বেলা ১১টার পর আবু জাফর ও হৃদরোগ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল ওয়াদুদ হাসপাতালে আসেন। প্রায় আধঘণ্টা সিসিইউয়ে অবস্থান করেন তারা। তামিম ও তার মা ও স্ত্রী এবং বড় ভাইয়ের সঙ্গে কথা বলেন তারা। 

২৪ ঘণ্টার প্রাথমিক পর্যবেক্ষণের পর তামিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। হার্টে স্টেন্ট বসানোর প্রক্রিয়ার তত্ত্বাবধানে থাকা চিকিৎসক মনিরুজ্জামান মারুফ জানান, অল্প অল্প হাঁটাচলা করেছেন তামিম। 

পরে সংবাদ সম্মেলনে তামিমের সার্বিক অবস্থা জানানোর এক পর্যায়ে আবু জাফর বলেন, তিন মাস পর খেলাধুলায় ফেরার অনুমতি পেতে পারেন তামিম। 

“রোগীর সঙ্গে চিকিৎসকের কিছু বিষয় থাকে। সেগুলো সবার কাছে বলা সমীচীন নয়। এছাড়া সাধারণভাবে যেসব পরামর্শ দিয়েছি, সেগুলো জানিয়েছি। আজকে সময় যাচ্ছে... ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত হলো ঝুঁকিপূর্ণ। স্বাভাবিক কার্যক্রম অর্থাৎ খেলাধুলায় ফিরতে তাকে ৩ মাস সময় দিতে হবে। এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম, হাঁটাচলা করবেন। তবে বিশ্রামেই থাকতে হবে।”

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর শুধু বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগই খেলছেন তামিম। ছবি: বিসিবি।

আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর শুধু বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লিগই খেলছেন তামিম

“সামনের তিন মাস পুরোপুরি পর্যবেক্ষণে থাকবেন তামিম। তার শারীরিক অবস্থা কী, কোনো ধরনের অবনতি হচ্ছে নাকি উন্নতি হচ্ছে- এগুলো বিবেচনা করে নিশ্চয়ই একটা মেডিকেল বোর্ড তাকে অনুমতি দেবে যে, আপনি এখন খেলতে পারবেন।”

তামিমের স্বাস্থ্যের সবশেষ অবস্থাও জানান আব্দুল ওয়াদুদ।

“আজকে সকালে তামিমের ইকো কার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশন দেখা হচ্ছিল। দেখে মনে হয়, কোনো সমস্যাই নেই, তরতাজা। তবে মনে রাখতে হবে এটা কিন্তু একটা ছদ্মবেশ। এতে আবারও অস্বাভাবিক বিট হতে পারে।” 

“সম্ভাবনা অবশ্যই কমে গেছে। ওটা (কার্ডিয়াক অ্যারেস্ট) হয়েছিল, কারণ একটা বড় রক্তনালী বন্ধ হয়ে গেছিল, খাবার নেই, অক্সিজন নেই, সেজন্য অস্বাভাবিক বিটটা হয়েছিল। এখন সেটা (রক্তনালী) খুলে গেছে।”

সোমবার প্রথমবার কেপিজে হাসপাতালে আসার পর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে ফেলেছিলেন তামিম। কিন্তু রওনা হওয়ার আগেই ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় এই হাসপাতালেই ফিরতে হয় তাকে।

সফলভাবে হার্টে স্টেন্ট বসানোর পর ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার নির্দেশনা দেন চিকিৎসকরা। তবে ২৪ ঘণ্টা পেরোতেই তামিমকে ঢাকায় স্থানান্তরের আলোচনা শুরু হয়ে গেছে। তামিম নিজেই মূলত ঢাকায় চলে যেতে চাইছেন।

এই প্রসঙ্গে সম্ভাব্য ঝুঁকির কথা মনে করিয়ে দেন আব্দুল ওয়াদুদ। 

“এখনও ক্ষীণ শঙ্কা আছে। সেজন্য আমরা তাকে বলেছি, ৪৮–৭২ ঘণ্টা পর্যন্ত একটু জটিল সময়। এর মধ্যে যেন আর কোনো সমস্যা না হয় এজন্য কথাবার্তা একটু কম বলা উচিত, একটু বিশ্রামে থাকা উচিত। এই সময়টা এখানে একটু থেকে স্থিতিশীল হয়ে তারপর পুনর্বাসনের জন্য ভালো কোনো জায়গায় যদি যেতে চান, তাহলে যেতে পারবেন।”

পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, আপাতত স্টেন্ট বসিয়ে রক্ত সঞ্চালন স্বাভাবিক করা হলেও, এটি সাময়িক সময়ের জন্য বন্ধ হওয়ার শঙ্কাও আছে। তাই ঝুঁকি এড়াতে এখানেই তামিমকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা রাখার পরামর্শ দেন আবু জাফর।

“হার্ট ফাউন্ডেশনের কার্ডিয়াক সার্জন ফারুক স্যার তামিমের আত্মীয়। উনার সঙ্গে পরিবার আলাপ করবে। এই মুহূর্তে মুভ করাটা খুব ঝুঁকিপূর্ণ। এটা তামিমের সঙ্গেও আলাপ করেছি। এটা স্বাভাবিক যে, সর্বোচ্চ চিকিৎসা সেবা যেখানে আছে, সেখানেই যেতে চাইবে।” 

“তবে তার জন্য যাওয়াটা কতটা নিরাপদ, সেটা আলাপ করেছি। যদিও এটা তাদের পারিবারিক সিদ্ধান্তের ব্যাপার। তবে আমাদের চিকিৎসকদের নির্দেশনাকে সম্মানস্বরুপ মেনে না চললে যে আশঙ্কাটা থাকে, সেটা সম্পর্কে আমরা আসলে ভবিষ্যৎ বলতে পারব না।”

দুপুর ১টার পর সস্ত্রীক হাসপাতালে আসেন তামিমের চাচা ও বিসিবি পরিচালক আকরাম খান। তামিমের স্ত্রী ও বড় ভাইয়ের সঙ্গে বেশ কিছুক্ষণ আলাপ করতে দেখা যায় তাদের। আপাতত তামিমকে স্থানান্তর করার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে একই হাসপাতালে রেখে পর্যবেক্ষণের গুরুত্বও তুলে ধরেন আবু জাফর। 

“সব পরীক্ষানিরীক্ষায় কিন্তু পুরো রোগ সবসময় আসে না। প্রাথমিকভাবে যে ইসিজি করা হয়, সেখানে কোনো পরিবর্তন আসেনি। আজকে সকালে যে ইকো করা হয়েছে, সেটিও ভালো। সব ঠিকই আছে। তবু যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিবারের সদস্যের সঙ্গে আলাপ করেছি।” 

“এখন তাদের সিদ্ধান্তের ওপর আমাদের সিদ্ধান্ত। আমরা তো কারও ওপর জোর করতে পারব না। আলহামদুলিল্লাহ, তার অবস্থার উন্নতি হয়েছে। আল্লাহ না করুক, খারাপ কিছু হলে সেটার দায়দায়িত্ব হয়তো এই প্রতিষ্ঠানের ওপর আসত। আমরা সেদিকে আলোচনা করতে চাচ্ছি না। আমরা খুবই ইতিবাচক আছি।”