২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভারত তাদের নতুন হোম ভেন্যুতে শিরোপা জিতবে’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা নিয়ে চলমান বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢাললেন মাইকেল ভন।

‘ভারত তাদের নতুন হোম ভেন্যুতে শিরোপা জিতবে’
ভারতের বিপক্ষে ব্যাটিং করছেন নিউ জিল্যান্ড তারকা কেন উইলিয়ামসন। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 07:03 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। ফাইনালের আগে চলমান বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলেছেন মাইকেল ভন। দুবাই ক্রিকেট স্টেডিয়াম এখন ভারতের ‘নতুন ঘরের মাঠ’ বলে কটাক্ষ করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারতীয় দলকে তাদের সরকার প্রতিবেশী দেশে সফরে যাওয়ার অনুমতি দেয়নি। তাই ভারতের সব ম্যাচ রাখা হয়েছে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। একই হোটেলে থেকে একই মাঠে সব ম্যাচ খেলার সুযোগ টুর্নামেন্টে কেবল রোহিত শার্মার দলই পাচ্ছে।

আর এটা নিয়ে টুর্নামেন্টজুড়েই তুমুল চর্চা চলছে। সরাসরি ভারতের এই সুবিধা নিয়ে কথা বলেছেন অনেকে, কেউ কেউ তীব্র সমালোচনা করেছেন, কেউ বলেছেন আকারে-ইঙ্গিতে। সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ার পর বাড়তি ভ্রমণ নিয়ে বিরক্তি প্রকাশ করে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলার সরাসরিই বলেছেন, ফাইনালে নিউ জিল্যান্ডকে সমর্থন করবেন তিনি।

ভারতীয় দলের পক্ষ থেকে অবশ্য বাড়তি সুবিধার আলোচনা বারবারই উড়িয়ে দেওয়া হচ্ছে। প্রধান কোচ গৌতম গাম্ভির, অধিনায়ক রোহিত শার্মার পর ব্যাটিং কোচ সিতানশু কোটাকও মানতে নারাজ বিষয়টি। তাতে যদিও কমছে না সেই চর্চা।

দুবাইয়ে সব ম্যাচ খেলা ভারত জায়গা করে নিয়েছে ফাইনালে। নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের শিরোপা নির্ধারণী ম্যাচটিও হবে এখানে। ভারত ফাইনালে না উঠলে শিরোপার নিষ্পত্তি হতো লাহোরে।

ভারত ও নিউ জিল্যান্ডের ফাইনালে কে বিজয়ী হতে পারে, ভনকে সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রশ্ন করেন গোভিন্দ শার্মা নামের একজন। তার উত্তরে ভন লেখেন, “ভারত তাদের নতুন ঘরের মাঠে শিরোপা জিতবে।”

শিরোপা লড়াইটি রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল তিনটায় শুরু হবে।