রেকর্ড না গড়েও আক্ষেপ নেই সুরিয়াভানশির, ‘সেঞ্চুরি তো আসতেই থাকবে’
ক্রিস গেইলের ছক্কার রেকর্ড ভাঙলেও একটুর জন্য দ্রুততম শতরানের রেকর্ড ভাঙতে পারেননি ভারতের বিস্ময় বালক বৈভাব সুরিয়াভানশি।
আউট হয়ে কিছুক্ষণ ক্রিজেই দাঁড়িয়ে রইলের বৈভাব সুরিয়াভানশি। এক পর্যায়ে নুইয়ে পড়ল তার মাথা। ক্রিজ ছেড়ে যেন যেতেই চাইছিলেন না তিনি। কোনোরকমে শরীরটা টেনে নিয়ে গেলেন মাঠের বাইরে। তার হতাশাটা ছিল স্পষ্ট। তবে সেই হতাশা শতরান হারিয়ে বা কাছে গিয়েও রেকর্ড গড়তে না পেরে নয়। সুরিয়াভানশি মেনে নিতে পারছিলেন না ওভাবে আউট হয়ে।
আইপিএলের এলিমিনেটর ম্যাচে বুধবার ২৯ বলে ৯৭ রানের ইনিংসে একগাদা রেকর্ড যেমন করেছেন সুরিয়াভানশি, তেমনি একটুর জন্য গড়তে পারেননি দারুণ একটি রেকর্ডও। ১২ ছক্কার ইনিংসের পথে একটি কীর্তিতে তিনি ছাড়িয়ে গেছেন ক্রিস গেইলকে। আইপিএলের এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে ক্যারিবিয়ান ব্যাটিং দানবের ৬০ ছক্কা ছাড়িয়ে সুরিয়াভানশির ছক্কা এখন ৬৫টি। তবে আইপিএলে দ্রুততম শতরানের রেকর্ডটি তার হতে হতেও হয়নি।
৩০ বলের সেঞ্চুরিতে রেকর্ডটি গেইলের। সুরিয়াভানশি ছিলেন স্রেফ একটি শটের দূরেত্ব। নিজের দ্বাদশ ছক্কাটি তিনি যখন মারলেন, তার রান তখন ২৮ বলে ৯৭। ওই ওভারে ততক্ষণে একটি ছক্কার পর দুটি চার ও দুটি ছক্কা মেরে ফেলেছেন। কিন্তু আরেকটি ছক্কার চেষ্টাতেই থার্ডম্যান সীমানায় ধরা পড়েন তিনি।
২০ ওভারে ২৪৩ রান তুলে ৪৭ রানের জয়ে সানরাইজার্স হায়দরাবাদকে ছিটকে ফাইনালের লড়াইয়ে টিকে থাকে রাজস্থান রয়্যালস।
ম্যান অব ম্যাচের স্বীকৃতি পেয়েছেন সুরিয়াভানশিই। পুরস্কার বিতরণী আয়োজনে সঞ্চালক হার্শা ভোগলে তাকে জিজ্ঞেস করলেন, “আপনি কি জানতেন, যে শটে আপনি আউট হলেন, সেটি আরেকটু ওপর দিয়ে গেলে আপনার রেকর্ড হতো? নাকি এসব নিয়ে আমার মাথাব্যথা নেই!”
সুরিয়াভানশি মুচকি হেসে বললেন, “আউট হওয়ার পর আমি জানতে পেরেছি (রেকর্ডের কথা)। ওই সময় স্রেফ ভাবনায় ছিল, যত বেশি সম্ভব অবদান যেন রাখতে পারি দলে। আমার সেঞ্চুরি তো আসতেই থাকবে। আপাতত মনোযোগ, ট্রফি কীভাবে জিততে পারি…।”
ম্যাচের মাঝবিরতিতেও হার্শা ভোগলের প্রশ্নের জবাবে ১৫ বছর বয়সী ব্যাটিং-বিস্ময় বলেছিলেন, শতরান তার ভাবনায় ছিল না।
“এটা (সেঞ্চুরি) মাথায় ছিল না আমার, এভাবে ভাবিনি। তবে ওই শট আমি ফিল্ডারকে দেখে খেলেছিলাম, এজন্য মিস হয়ে গেছে। আমি থার্ডম্যানে খেললেই মাঠ পার হয়ে যেত। কিন্তু একটু সামনের দিকে মারতে গিয়ে মিস হয়ে হয়ে গেছে।”
গত আইপিএলেই বিস্ময়ের ঝড় তুলেছিলেন সুরিয়াভানশি। এবার তো তিনি ছাড়িয়ে গেছেন কল্পনার সীমানাকেও। এখনও পর্যন্ত আসরের সর্বোচ্চ ৬৮০ রান এসেছে তার ব্যাট থেকে। স্ট্রাইক রেট অবিশ্বাস্য বললেও কম বলা হয়, ২৪২.৮৫!
গতবার প্লেঅফ খেলার সুযোগ পাননি তিনি, এবার খেললেন। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ বলা যায় এটিকে। সেই ম্যাচে তিনি যেভাবে ব্যাট করেছেন, তাতেই ফুটে উঠেছে, চাপ শব্দটির সঙ্গে পরিচয় নেই তার। তিনি নিজেও বললেন, ভাবনা খুব বেশি জটিল নয় তার।
“মাথায় এসেছিল এটা (নকআউট ম্যাচ)। তবে কোচরা সবাই বলেছেন যে, অনুশীলনে যা করছি, সেটাই যেন ম্যাচে করি, উপভোগ যেন করি এবং এই ম্যাচের চাপ যেন না নেই।”
পারিপার্শ্বিকতা নিয়েও খুব বেশি ভাবেন না তিনি।
“কিছুটা ভাবি, খুব বেশি নয়। চেষ্টা করি বল যেরকম আসে, সেরকম খেলতে। তবে যদি মনে করি কোথাও কাজ করতে হবে, তাহলে সেটা খেয়াল রাখি।”
“এটুকুই ভাবি যে, সামনে বোলার কারা আসবে, এই উইকেটে কীভাবে তাদেরকে খেলতে পারি, সীমানা কত বড়, এসব ভাবি।”
প্রত্যয়ী কণ্ঠে তিনি জানালেন, ব্যাটিংয়ে নামলে স্রেফ বোলারদের ওপর ছড়ি ঘোরাতেই পছন্দ করেন তিনি।
“আমি যখন ভালো ইন্টেন্ট দেখাই, তখন বোলার চাপে থাকে। আমি চেষ্টা করি সেটা ধরে রাখতে এবং দাপট দেখিয়ে খেলতে।”
“আমার যদি মনে হয় যে কোথাও আমার সমস্যা হচ্ছে, তাহলে সেখানে কাজ করি। সামনে যে আসছে, তাদের নিয়ে ভাবি না। তাদের পরিকল্পনা তাদের কাছে। আমি নিজের পরিকল্পনা নিয়ে নামি এবং স্বাভাবিক ক্রিকেট খেলার চেষ্টা করি।”
