Published : 25 Apr 2026, 06:48 PM
জেভিয়ার বার্টলেটকে পরপর ছক্কা ও চার মেরে নব্বইয়ের ঘরে পৌঁছে গেলেন নিতিশ রানা। সেঞ্চুরি তখন তার নাগালে। কিন্তু পরের বলেই তিনি আউট হয়ে গেলেন ক্যাচ দিয়ে। ভাঙল দিল্লি ক্যাপিটালসের সর্বোচ্চ জুটি। অক্ষত রয়ে গেল আইপিএল ইতিহাসের রেকর্ড জুটি।
পাঞ্জাব কিংসের বিপক্ষে শনিবার দ্বিতীয় উইকেটে ৯৬ বলে ২২০ রানের বিস্ফোরক জুটি গড়েন লোকেশ রাহুল ও নিতিশ। আইপিএলে যেকোনো উইকেটে দিল্লি ক্যাপিটালসের প্রথম দুইশ ছোঁয়া জুটি এটি।
ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগের দেড় যুগের ইতিহাসে যেকোনো উইকেটে এর চেয়ে বড় জুটি আছে কেবল একটিই। ২০১৬ আসরে গুজরাট লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় উইকেটেই ২২৯ রানের জুটি গড়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এবি ডি ভিলিয়ার্স ও ভিরাট কোহলি।
তালিকায় তিন নম্বরেও আছেন এই দুজন। একই দলের হয়ে ২০১৫ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ২১৫ রানের জুটি গড়েছিলেন তারা।
দিল্লিতে এ দিন ১৬ চার ও ৯ ছক্কায় ৬৭ বলে ১৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ওপেনার রাহুল। আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটি।
তিন নম্বরে নেমে চার ছক্কা ও ১১ চারে ৪৪ বলে ৯১ রান করেন নিতিশ।
এই দুজনের তাণ্ডবে ২০ ওভারে ক্যাপিটালস করে ২ উইকেটে ২৬৪ রান। আইপিএলে এটিই দলটির সর্বোচ্চ। আগের সেরা ছিল ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ উইকেটে ২৫৭।