Published : 15 Dec 2025, 02:52 PM
ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে বড় অবদান রাখা সাইমন হার্মার পেয়েছেন দারুণ এক স্বীকৃতি। আইসিসির প্লেয়ার অব দা মান্থ নির্বাচিত হয়েছেন এই স্পিনার। নভেম্বরের সেরার লড়াইয়ে তিনি হারিয়েছেন বাংলাদেশের তাইজুল ইসলাম ও পাকিস্তানের মোহাম্মদ নাওয়াজকে।
গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম সোমবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। থাইল্যান্ডের বাঁহাতি স্পিনার পুথাঅং ও সংযুক্ত আরব আমিরাতের অলরাউন্ডার এশা ওজাকে হারিয়ে নারী ক্রিকেটারদের মধ্যে সেরা হয়েছেন ভারতের ব্যাটার শেফালি ভার্মা।
ভারতে ২৫ বছর পর প্রোটিয়াদের টেস্ট সিরিজ জয়ের নায়ক ছিলেন হার্মার। কলকাতা ও গুয়াহাটির দুই টেস্ট মিলিয়ে ১৭ উইকেট নেন তিনি ৮.৯৪ বোলিং গড়ে। প্রথম টেস্টে ৮ উইকেট নেওয়ার পর দ্বিতীয় টেস্টে শিকার ধরেন ৯টি, যেখানে দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে ১৪০ রানে গুটিয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখেন এই অফ স্পিনার।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে আলো ছড়ান তাইজুল। দুই ম্যাচে ২৬.৩০ গড়ে ১৩ উইকেট নিয়ে তিনি ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। মিরপুরে দ্বিতীয় টেস্টে দুই ইনিংসেই চারটি করে উইকেট নেন বাঁহাতি এই স্পিনার। এই ম্যাচেই টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি। বাংলাদেশ সিরিজ জিতে নেয় ২-০ ব্যবধানে।
মাস সেরার পুরস্কার জিততে তার এই পারফরম্যান্স যথেষ্ট হলো না।
নভেম্বরে স্রেফ একটি ম্যাচ খেলেই সেরা নারী ক্রিকেটারের পুরস্কারটি জিতে নিলেন শেফালি। ওই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি। ভারতের প্রথম উইমেন’স ওয়ানডে বিশ্বকাপ জয়ে রাখেন বড় ভূমিকা।
বৈশ্বিক আসরের সেমি-ফাইনালের আগে দলে যোগ দেওয়া ব্যাটার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে ৭৮ বলে ৮৭ রানের ঝড়ো ইনিংস খেলেন ১১১.৫৩ স্ট্রাইক রেটে। পরে বল হাতে সাত ওভারে ৩৬ রানে নেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট।