২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-নিউ জিল্যান্ডের ফাইনালে আম্পায়ার কারা

ফাইনালের তিন দিন আগে ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি।

ভারত-নিউ জিল্যান্ডের ফাইনালে আম্পায়ার কারা
টুর্নামেন্টের গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডের বিপক্ষে জিতেছিল ভারত। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2025, 11:08 PM

Updated : 26 Aug 2026, 11:58 AM

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টের ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। তার সঙ্গে থাকবেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। 

তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধার্মাসেনা। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রাঞ্জান মাদুগালে।

দুবাইয়ে আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউ জিল্যান্ড। এর তিন দিন আগে বৃহস্পতিবার ম্যাচ অফিসিয়ালদের নাম জানিয়ে দিয়েছে আইসিসি।

দুবাইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার সেমি-ফাইনালে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন ইলিংওয়ার্থ। পরদিন লাহোরে আরেক সেমি-ফাইনালে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে মাঠের আম্পায়ার ছিলেন রাইফেল। দুজনই আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার।

আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার পল রাইফেল (বাঁয়ে) ও রিচার্ড ইলিংওয়ার্থ। ছবি: আইসিসি

আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার পল রাইফেল (বাঁয়ে) ও রিচার্ড ইলিংওয়ার্থ

গত জানুয়ারিতে টানা তৃতীয় ও ক্যারিয়ারে চতুর্থবারের মতো আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হওয়া ইলিংওয়ার্থ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালেও ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন।

হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত তাদের সব ম্যাচ খেলছে দুবাইয়ে। এই মাঠে গ্রুপ পর্বে নিউ জিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছিল তারা।