২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৩৩ ধাপ উন্নতি সাইফের, সেরা দশে মুস্তাফিজ

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আরও এগিয়েছেন তাওহিদ হৃদয় ও লিটন দাস।

১৩৩ ধাপ উন্নতি সাইফের, সেরা দশে মুস্তাফিজ
সাইফ হাসান (বাঁয়ে) ও মুস্তাফিজুর রহমান। ছবি: বিসিবি ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2025, 03:18 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন সাইফ হাসান। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় ১৩৩ ধাপ এগিয়েছেন তিনি! বোলারদের মধ্যে সেরা দশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।

যথারীতি বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের হালনাগাদে টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ৬ ধাপ উন্নতি করেছেন মুস্তাফিজ। বাংলাদেশের অভিজ্ঞ পেসার আছেন নবম স্থানে। ২০১৭ সালের এপ্রিলে পঞ্চম স্থানে উঠেছিলেন তিনি।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে সাইফের অবস্থান এখন ৮১তম। র‍্যাঙ্কিংয়ে একশ জনের মধ্যে এই প্রথমবার ঢুকলেন তিনি।

লঙ্কানদের বিপক্ষে এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে রান তাড়ায় দুর্দান্ত ব্যাটিং করেন সাইফ। ওপেনিংয়ে নেমে ৪টি ছক্কা ও ২টি চারে ৪৫ বলে ক্যারিয়ার সেরা ৬১ রানের ইনিংস খেলেন তিনি। দলের ৪ উইকেটে জয়ের ম্যাচে জেতেন সেরার পুরস্কার।

ওই ম্যাচে ২ ছক্কা ও ৪টি চারে ৩৭ রানে ৫৮ রান করেন তাওহিদ হৃদয়। র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে তিনি আছেন ৪১ নম্বরে। ৩ চারে ২৩ রান করা অধিনায়ক লিটনের উন্নতি ২ ধাপ। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তালিকায় সবার ওপরে এখন তিনি, অবস্থান ৪০তম।

এক ধাপ করে এগিয়েছেন জাকের আলি (৫৬তম) ও পারভেজ হোসেন (৭৪তম)। ৬ ধাপ পিছিয়ে হৃদয়ের সঙ্গে যৌথভাবে ৪১তম স্থানে তানজিদ হাসান।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ভারতের আভিশেক শার্মা, দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন ভারতের তিলাক ভার্মা।

পাকিস্তানের সাহিবজাদা ফারহানের অগ্রগতি ৩১ ধাপ, আছেন ২৪ নম্বরে। তার সতীর্থ সালমান আলি আগা (৬৪) ও ফাখার জামানের (৬৪তম) উন্নতি তিন ধাপ করে। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ৩২ ধাপ এগিয়ে এখন ৭৮তম স্থানে। তার সতীর্থ দাসুন শানাকা ১০ ধাপ এগিয়ে ৭৬ নম্বরে।

শ্রীলঙ্কাকে সেদিন ১৬৮ রানে আটকে রাখার পথে বড় ভূমিকা রাখেন মুস্তাফিজ। ৪ ওভারে স্রেফ ২০ রান দিয়ে ৩ শিকার ধরেন বাঁহাতি পেসার। যে পারফরম্যান্স তাকে ফেরাল টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০ জনের মধ্যে (নবম)।

ওই ম্যাচে ২ উইকেট নেওয়া শেখ মেহেদী হাসানের উন্নতি ৩ ধাপ, আছেন ১৭তম স্থানে। না খেলেই দুই ধাপ এগিয়েছেন তানজিম হাসান (৪০তম)।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ভারুন চক্রবর্তী। দুই ও তিনে যথারীতি আছেন নিউ জিল্যান্ডের জ্যাকব ডাফি ও ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন।

উল্লেখযোগ্য উন্নতি হয়েছে পাকিস্তানের আবরার আহমেদের। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি এবং ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি করে উইকেট নেওয়া লেগ স্পিনার ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন।

এক ধাপ এগিয়ে সেরা দশে ফিরেছেন রাশিদ খান। মুস্তাফিজের সঙ্গে যৌথভাবে নবম স্থানে আফগান তারকা লেগ স্পিনার।

পাকিস্তানের পেসার হারিফ রউফ ৯ ধাপ এগিয়ে এখন ২৮তম স্থানে। ভারতের কুলদিপ ইয়াদাভ দুই ধাপ এগিয়ে এখন ২১ নম্বরে।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের হার্দিক পান্ডিয়া।