জিম্বাবুয়ের নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক এনগারাভা
এই দুই সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেওয়া ক্রেইগ আরভিনের স্থলাভিষিক্ত হলেন বাঁহাতি পেসার।
টেস্ট ও ওয়ানডের জন্য জিম্বাবুয়ের নতুন অধিনায়ক করা হয়েছে রিচার্ড এনগারাভাকে। যেকোনো সংস্করণে প্রথমবারের মতো জাতীয় দলকে নেতৃত্ব দেবেন ২৭ বছর বয়সী বাঁহাতি এই পেসার।
জিম্বাবুয়ে ক্রিকেট শনিবার এক বিবৃতিতে জানায়, নেতৃত্ব ছেড়ে দেওয়া ক্রেইগ আরভিনের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে এনগারাভাকে। তার ডেপুটি করা হয়েছে অলরাউন্ডার ব্রায়ান বেনেটকে। আর টি-টোয়েন্টির অধিনায়কত্ব চালিয়ে যাবেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।
২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এনগারাভা জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত ১১ টেস্ট, ৫৫ ওয়ানডে ও ৯০ টি-টোয়েন্টি খেলেছেন। টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি, ৭.৩০ ইকোনমি রেটে উইকেট ১০৮টি।
ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি, লঙ্কা প্রিমিয়ার লি ও বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে তার।
