Published : 24 Dec 2025, 04:47 PM
দেড় দশক পর ভিজায় হাজারে ট্রফিতে ফেরার ম্যাচ সেঞ্চুরিতে রাঙালেন ভিরাট কোহলি। আন্ধ্রার বিপক্ষে চমৎকার ইনিংস খেলার পথে গড়লেন লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ১৬ হাজার রানের রেকর্ড।
এই রেকর্ড ছিল ভারতের ব্যাটিং গ্রেট সাচিন টেন্ডুলকারের। ৩৯১ ইনিংসে ১৬ হাজার রান করেছিলেন তিনি। কোহলি সেই রান করে ফেললেন কেবল ৩৩০ ইনিংসে!
২০১০ সালে সবশেষ ভিজায় হাজারে ট্রফিতে খেলেন কোহলি, দিল্লির হয়ে সার্ভিসেস দলের বিপক্ষে। ওয়ানডের বাইরে সবশেষ কোনো লিস্ট ‘এ’ ম্যাচ তিনি খেলেন ২০১৩ সালের সেপ্টম্বরে; এনকেপি সালভে চ্যালেঞ্জার ট্রফিতে, দিল্লির হয়ে ভারত ব্লু দলের বিপক্ষে।
কোহলি এবার ভিজায় হাজারে ট্রফিতে খেলবেন, খবরটি প্রকাশ হওয়ার সঙ্গে তুমুল চর্চা শুরু হয়। তাকে দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলেন ভক্তরা। মূলত নিরাপত্তা শঙ্কায় দুই দফায় ভেন্যু পাল্টে খেলা হয় বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে। সেখানে বুধবার দর্শকশূন্য মাঠে আন্ধ্রার মুখোমুখি হয় দিল্লি।
কোহলির এমন ইনিংসের পর ভক্তদের হাহাকার আরও বাড়াই স্বাভাবিক। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৮তম সেঞ্চুরির পথে ভাঙলেন টেন্ডুলকারের রেকর্ড। মাঠে থেকে তা দেখার সুযোগ হলো না ভক্তদের।
লিস্ট ‘এ’ ক্রিকেটে মোট ৫৫১ ম্যাচ খেলেন টেন্ডুলকার, ৫৩৮ ইনিংসে তিনি করেন ২১ হাজার ৯৯৯ রান। ১৬ হাজার রান স্পর্শ করেন তিনি ৩৯১ ইনিংসে। ওয়ানডেতে ১৮ হাজার ৪২৬ রান টেন্ডুলকারের, ৪৫২ ইনিংসে। কোহলি ২৯৬ ইনিংসে করেছেন ১৪ হাজার ৫৫৭ রান।
ভিজায় হাজারে ট্রফিতেই লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম চারটি সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া পেয়েছিলেন কোহলি। ২০০৯ আসরে খেলেছিলেন তিন অঙ্ক ছোঁয়া ইনিংসগুলো। পরে ওয়ানডেতে করেন ৫৩টি সেঞ্চুরি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার থেকে পরের প্রতিটি দ্রুততম হাজার রানের রেকর্ড এখন কোহলির। দ্রুত ১৬ হাজার রানের মাইলফলকের তালিকায় ভারতীয় কেবল দুইজনই; বাকি তিন জন হলেন ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ (৪২২ ইনিংস), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৪৩০ ইনিংস) ও ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস (৪৩৫ ইনিংস)।