১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারতীয় দলে অনেক পরিবর্তন, অনিশ্চয়তা নিয়ে ফিরলেন বুমরাহ

ফিটনেসের ছাড়পত্র পেলেই কেবল আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারবেন চার জন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2026, 08:18 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

চোট শঙ্কা থাকার পরও ভারত জাতীয় দলে ডাক পেয়েছেন জাসপ্রিত বুমরাহ। একইরকম অনিশ্চয়তা সত্ত্বেও আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন নিতিশ কুমার রেড্ডি, হার্শিত রানা ও ওয়াশিংটন সুন্দার।

তবে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্স থেকে ফিটনেস নিয়ে ছাড়পত্র পেলেই কেবল খেলতে পারবেন তারা।

গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম পাওয়া সাঞ্জু স্যামসন, আর্শদিপ সিং ও আকসার প্যাটেলও দলে ফিরেছেন।

তবে মঙ্গলবার ঘোষিত ১৫ সদেস্যের দলে নেই হার্দিক পান্ডিয়া। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন এই অলরাউন্ডার।

এছাড়া গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে হেরে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া এবং জিম্বাবুয়ে সফর থেকে সরিয়ে নেওয়া ভারুন চক্রবর্তিও দলে ফিরেছেন।

জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন- রিঙ্কু সিং, প্রাভসিমরান সিং, হার্শ দুবে, সুরিয়ানশ শেগড়ে. আশোক শার্মা, মায়াঙ্ক ইয়াদাভ, প্রিন্স ইয়াদাভ ও ইয়াশ ঠাকুর।

এই বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাঁ হাটুর সমস্যায় ভুগছেন বুমরাহ। ওই চোট নিয়েই বিশ্বকাপে খেলেন তিনি। একই সমস্যা মাথাচাড়া দেওয়ায় ইংল্যান্ডে তৃতীয় ওয়ানডেতে তিনি খেলতে পারেননি। পরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজেও বাইরে থাকেন ভারতের পেস আক্রমণের মূল ভরসা। 

হার্শিত ও ওয়াশিংটন ইংল্যান্ড সফরের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান। আর গত জুনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সময় চোট পান নিতিশ।

আফগানদের বিপক্ষে ভারতের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ১৩ সেপ্টেম্বর। পরের দুটি ম্যাচ হবে আগামী ১৫ ও ১৭ সেপ্টেম্বর।

সবগুলো ম্যাচ দিল্লিতে হলেও, সিরিজটির অফিসিয়াল আয়োজক আফগানিস্তান।

ভারতের টি-টোয়েন্টি দল: শ্রেয়ার আইয়ার (অধিনায়ক), আভিশেক শার্মা, বৈভাব সুরিয়াভানশি, সাঞ্জু স্যামসন, ইশান কিষান, তিলাক ভার্মা, শিভাম দুবে, নিতিশ কুমার রেড্ডি, আকসার প্যাটেল, ওয়াশিংটন সুন্দার, ভারুন চক্রবর্তি, রাভি বিষ্ণই, জাসপ্রিত বুমরাহ, আর্শদিপ সিং, হার্শিত রানা।