আইপিএলে সবচেয়ে মলিন শুরু বুমরাহর, দলের আশা পরের ম্যাচেই ‘৫ উইকেট’
আইপিএল ক্যারিয়ারে প্রথমবার শুরুর তিন ম্যাচে উইকেট পাননি জাসপ্রিত বুমরাহ, তবে সেটিকে পাত্তা দিচ্ছেন না ব্যাটিং কোচ কাইরন পোলার্ড।
এই তো, এক মাস আগেই বিশ্বকাপ ফাইনালে আগুনে বোলিংয়ে ম্যান অব দা ম্যাচ হয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। সেই তিনিই এবার অচেনা চেহারায় আইপিএলের শুরুতে। প্রথম তিন ম্যাচে একটি উইকেটও পাননি মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণের মূল অস্ত্র। আইপিল ক্যারিয়ারে এমন তিক্ত অভিজ্ঞতা তার ছিল না আগে। দলের ব্যাটিং কোচ কাইরন পোলার্ড অবশ্য বলছেন, পরের ম্যাচেই ৫ উইকেট নিয়ে জবাব দিতে পারেন এই পেসার।
এমনিতে টি-টোয়েন্টি ক্রিকেটে টানা তিন ম্যাচে উইকেট না পাওয়া খুব বড় ব্যাপার নয়। তবে বুমরাহর মতো বোলারের জন্য কিছুটা বিস্ময়কর বটে।
যদিও টি-টোয়েন্টিতে উইকেট শিকারই সবকিছু নয়। রান আটকাতে পারাও এখানে দারুণ গুরুত্বপূর্ণ। এবারের এই তিন ম্যাচে বুমরাহ রান দিয়েছেন ওভারপ্রতি ৮ করে, যা খুব খারাপ নয়। তার দলের অন্য ৫ বোলার বিলিয়েছেন ওভারপ্রতি ১২ রানের বেশি।
তবু বুমরাহ বলেই তিন ম্যাচে উইকেট না পাওয়াটাই বেশি চোখে পড়ছে। তবে ব্যাটিং কোচ পোলার্ড শনিবার সংবাদ সম্মেলনে বললেন, দলের ভেতর তারা এটিকে বড় করে দেখছেন না।
“এখনকার টি-টোয়েন্টি ক্রিকেটের দিকে যদি তাকান, তাতে উইকেট নিয়ে খুব বেশি ভাবার সুযোগ নেই। এই মুহূর্তে যে ম্যাচটি চলমান, (শনিবার পাঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ) দেখবেন পাওয়ার প্লেতেই একশর বেশি রান হয়ে গেছে। তাই আবারও বলছি, কখনও কখনও আক্রমণের সেরা রূপটিই হলো প্রতিরক্ষা।”
“জসপ্রিত বুমরাহর উইকেটশূন্যতা আমরা খুব বেশি ভাবছি না। সে বিশ্বমানের বোলার। ভারত এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বারবার তা ফুটিয়ে তুলেছে সে। আবারও বলছি, যখন উইকেট পাওয়ার সময় আসবে, সে উইকেট পাবে। যদি না পায় এবং মিতব্যয়ী বোলিং করে, আমরা সেটাও সাদরে গ্রহণ করব।”
পোলার্ডের মতে, বুমরাহর ফর্ম ও ফিটনেস, সবই ঠিক আছে। সংশয়বাদীদের জন্য পরের ম্যাচেই জ্বলে উঠবেন, আশা মুম্বাইয়ের ব্যাটিং কোচের।
“এটা (বুমরাহর বোলিং) ঠিক আছে। আমাদের দিক থেকে ঠিক আছে। আমরা ক্রিকেটকে সেভাবে দেখি না। আমি তো ব্যক্তিগতভাবে ক্রিকেটকে কখনোই সেভাবে দেখি না। ক্রিকেট একটি দলীয় খেলা। আমাদের জন্য ব্যাপারটা হলো এক হয়ে একত্রিত হওয়া এবং দিনের শেষে কাঙ্ক্ষিতফল অর্জনের চেষ্টা করা, কারণ তাহলে আমি বিভিন্ন দিক খতিয়ে দেখতে পারি এবং এমন কিছু তৈরি করতে পারি, যা আগে থেকে নেই।”
“তাই আমাদের জন্য সে ঠিক আছে। সে ফিট, ফর্মে আছে। আপনাদের জন্য, আশা করি সে আগামীকাল পাঁচ উইকেট নেবে এবং ওভারপ্রতি রানও দেবেন পাঁচের মতো।”
মুম্বাই রোববার খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। এই দলের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট বুমরাহর (২৯টি)। উইকেটশূন্যতা কাটানোর আশা তিনি করতেই পারেন!
