১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সতীর্থের দুর্ভাগ্যে কপাল খুলল কাইয়ার

একজন চার বছর পর টি-টোয়েন্টিতে ফিরে এক সিরিজ খেলেই ছিটকে গেলেন, আরেকজন ফিরলেন দুই বছর পর।

সতীর্থের দুর্ভাগ্যে কপাল খুলল কাইয়ার
ইনোসেন্ট কাইয়া। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2026, 03:37 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

বাংলাদেশ সিরিজ দিয়ে প্রায় চার বছর পর, টি-টোয়েন্টি দলে ফেরা মিল্টন শুম্বা ছিটকে গেছেন মাঠের বাইরে। চোট হানা দিয়েছে তার শরীরে। সতীর্থের দুর্ভাগ্য সৌভাগ্য হয়ে এসেছে ইনোসেন্ট কাইয়ার জন্য। লম্বা সময় পর, এই সংস্করণের দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটসম্যান।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য শুম্বার বদলি হিসেবে কাইয়াকে দলে যোগ করেছে জিম্বাবুয়ে। হারারেতে তিন ম্যাচের সিরিজটি শুরু বৃহস্পতিবার।

সদ্য সমাপ্ত ঘরের মাঠের বাংলাদেশ সিরিজ দিয়ে ২০২২ সালের পর টি-টোয়েন্টি খেলেন শুম্বা। তিনটি ম্যাচ খেলে তেমন কিছু করতে পারেননি তিনি। তবুও ভারত সিরিজের দলেও ছিলেন এই ক্রিকেটার। কিন্তু হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেলেন পুরো সিরিজ থেকেই।

ডাক পাওয়া কাইয়া এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন। দুই বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। এই সংস্করণে তার সবশেষ ম্যাচও ভারতের বিপক্ষে, ২০২৪ সালের জুলাইয়ে হারারেতে।

বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট ও ওয়ানডে সিরিজে খেলেন কাইয়া। ওয়ানডেতে কোনো ম্যাচে ভালো করতে পারেননি। তবে টেস্টে একমাত্র ইনিংসে করেন ১৪০ রান।

ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচও হবে হারারেতে, আগামী শনি ও রোববার।