২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বুমরাহ ও বিষ্ণইয়ের পর চূড়ায় ভারুন

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ের ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে শীর্ষে উঠলেন ভারুন চক্রবর্তী।

বুমরাহ ও বিষ্ণইয়ের পর চূড়ায় ভারুন
অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভের সঙ্গে ভারুন চক্রবর্তী (ডানে)। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 03:54 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে উন্নতির ধারায় এবার চূড়ায় পৌঁছে গেছেন ভারুন চক্রবর্তী। এই সংস্করণের বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন ভারতের এই রহস্য স্পিনার। তাতে গড়েছেন দারুণ এক কীর্তিও।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে জায়গা করে নেওয়া ভারতের তৃতীয় ক্রিকেটার ভারুন। তার আগে এই কীর্তি গড়েছিলেন দলটির তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ও লেগ স্পিনার রাভি বিষ্ণই। 

টি-টোয়েন্টিতে ভারত দলের নিয়মিত সদস্য হয়ে ওঠা ভারুন এই সংস্করণে খেলা সবশেষ ১১ ম্যাচেই উইকেটের দেখা পেয়েছেন। যার মধ্যে দুইবার পেয়েছেন পাঁচ উইকেটের স্বাদ।

এশিয়া কাপে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ভারুনের প্রাপ্তি দুই উইকেট। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৪ রান এবং পাকিস্তানের বিপক্ষে ২৪ রান দিয়ে একটি করে শিকার ধরেছেন তিনি।

গত মার্চ থেকে টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন নিউ জিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। তাকে টপকে প্রথমবারের মতো চূড়ায় উঠলেন ভারুন। গত ফেব্রুয়ারিতে দুইয়ে উঠেছিলেন তিনি।

উন্নতি করেছেন শ্রীলঙ্কান পেসার নুয়ান থুসারা। ৬ ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন তিনি। চার ধাপ উন্নতি করে একাদশ স্থানে পাকিস্তানের বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। তার সতীর্থ লেগ স্পিনার আবরার আহমেদের অগ্রগতি ১১ ধাপ, আছেন ১৬ নম্বরে।

ভারতের বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ ১৬ ধাপ এগিয়ে এখন ২৩তম স্থানে। আফগানিস্তানের নুর আহমাদের উন্নতি ৮ ধাপ, আছেন ২৫ নম্বরে। ৪ ধাপ এগিয়ে ৪০তম স্থানে বুমরাহ।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে ভারতের আভিশেক শার্মা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ বিস্ফোরক সেঞ্চুরি করে এক ধাপ এগিয়ে দুইয়ে ইংল্যান্ডের ফিল সল্ট। তার সতীর্থ জস বাটলারও এক ধাপ এগিয়েছেন, আছেন তিনে।

১০ ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। পাকিস্তানের সাহিবজাদা ফারহানের উন্নতি ১৮ ধাপ, অবস্থান যৌথভাবে ৫৫তম। শ্রীলঙ্কার কামিল মিশারা ১৩ ধাপ এগিয়ে ৬১ নম্বরে।

টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই শীর্ষে ভারতের হার্দিক পান্ডিয়া।