২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের শোচনীয় হার আর ইংল্যান্ডের ইতিহাসগড়া জয়ে যত রেকর্ড

মুলতান টেস্টে পাকিস্তানের বিব্রতকর হার ও ইংল্যান্ডের স্মরণীয় হয়ে ঝড় বয়ে গেছে রেকর্ডে বইয়েও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2024, 03:19 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

প্রথম ইনিংসে ৫৫৬ রান তুলেও মুলতান টেস্টে শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরে গেছে পাকিস্তান। টেস্ট ইতিহাসে এমন বিব্রতকর হারের অভিজ্ঞতা নেই আর কোনো দলের।

ব্যক্তিগত রেকর্ড-অর্জন তো এই টেস্টে হয়েছে অনেক। তবে দলীয় জয়-পরাজয়েও অনেক ওলট-পালট হয়েছে রেকর্ড বইয়ে। সেসবের কিছু তুলে ধরা হলো এখানে। 

বিব্রতকর ইতিহাস

১৪৭ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার কোনো দল এক ইনিংসে ৫০০ রান ছুঁয়েও ইনিংস ব্যবধানে হেরে গেল।

আগের রেকর্ড ছিল আয়ারল্যান্ডের। গত বছর গল টেস্টে প্রথম ইনিংসে ৪৯২ রান তুলে শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ১০ রানে হেরেছিল আইরিশরা।

প্রথম শ্রেণিতে দ্বিতীয়

প্রথম শ্রেণির ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে এক ইনিংসে ৫৫০ রান করে ম্যাচ হারের মাত্র দ্বিতীয় নজির এটির। 

২০২২ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রথম ইনিংসে ৫৮৪ রান তুলে গ্ল্যামরগনের কাছে ইনিংস ও ২৮ রানে হেরেছিল লেস্টারশায়ার। 

পাকিস্তানের পাঁচ

এক ইনিংসে ৫০০ রান স্পর্শ করে ম্যাচ হেরে যাওয়ার ঘটনা এবার নিয়ে ১৯ বার দেখা গেল টেস্ট ক্রিকেটে। পাঁচবার এমন পরাজয়ের শিকার হয়ে সবার ওপরে পাকিস্তান।

এছাড়া অস্ট্রেলিয়া হেরেছে তিনবার,  দুইবার করে হেরেছে বাংলাদেশ, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও ভারত। একবার করে এই তেতো স্বাদ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। 

ম্যাককালামের জমানা

বেন্ডন ম্যাককালাম কোচের দায়িত্ব নেওয়ার পর গত আড়াই বছরে তিন দফায় ইংল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে ৫০০ রানের দেখা পেল প্রতিপক্ষ দল। তিনবারই শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিল ইংলিশরা।

এবারের আগে ২০২২ সালে ট্রেন্ট ব্রিজে নিউ জিল্যান্ড হেরেছিল ৫৫৩ রান তুলে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তান হেরেছিল ৫৭৯ রান করে।

৪৮ বছর পর

এই জয়ের আগে এশিয়ায় ইনিংস ব্যবধানে জয় ছিল ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে একটিই। ১৯৭৬ সালে দিল্লিতে বিষেন সিং বেদির ভারতকে ইনিংস ও ২৫ রানে হারিয়েছিল টনি গ্রেগের ইংল্যান্ড।

দুঃস্বপ্নের টানা ছয়

এই টেস্ট নিয়ে টানা ছয় টেস্টে হারের স্বাদ পেল পাকিস্তান। সবশেষ সিরিজে বাংলাদেশের কাছে হারে তারা দুই টেস্টে, এর আগে অস্ট্রেলিয়ায় হেরে এসেছে তিন টেস্টে।

যৌথভাবে পাকিস্তানের টানা সবচেয়ে বেশি হারের রেকর্ড এটি। ২০১৬-১৭ ও ২০১৮-১৯ মৌসুমেও টানা ছয়টি করে টেস্ট হেরেছিল তারা।

ঘর যখন পর

ঘরের মাঠে পাকিস্তান জিততে পারল না টানা ১১ টেস্টে। তাদের সবশেষ জয় ছিল ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এখানেও তারা স্পর্শ করেছে নিজেদের রেকর্ড। ১৯৬৯ থেকে ১৯৭৫ পর্যন্ত ঘরের মাঠে টানা ১১ টেস্টে জয়বিহীন ছিল তারা।

মাসুদের দুঃসহ শুরু

নেতৃত্বের প্রথম ছয় টেস্টেই হারের স্বাদ পেলেন শান মাসুদ। পাকিস্তানের ইতিহাসে এমন নজির আর নেই।

টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে তার চেয়ে বেশি টেস্টে টানা হেরেছেন আর কেবল তিনজন। তারা সবাই বাংলাদেশের। টানা ১২  টেস্টে হেরে শুরু করেছিলেন খালেদ মাসুদ, ৯ টেস্টে খালেদ মাহমুদ ও ৮ টেস্টে মোহাম্মদ আশরাফুল। 

জিম্বাবুয়ের গ্রায়েম ক্রিমার টানা ছয়টিতে হেরেছিলেন মাসুদের মতো। 

রানের সুনামিতে জয়

মুলতানে দুই দল মিলিয়ে রান উঠেছে মোট ১ হাজার ৩৭৯। জয়-পরাজয় নিষ্পত্তি হওয়া ম্যাচে এটি টেস্ট ইতিহাসের সর্বোচ্চ। 

আগের সর্বোচ্চ ১ হাজার ২৩৬ রান ছিল দুটি টেস্টে। সেই দুবারও একটি দল ছিল ইংল্যান্ড। ২০১৬ সালে ভারত-ইংল্যান্ডের চেন্নাই টেস্ট, ২০২২ সালে পাকিস্তান-ইংল্যান্ডের রাওয়ালপিন্ডি টেস্ট।