২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের মতে, ‘প্রাপ্য কৃতিত্ব’ পান না সিরাজ

ভারতীয় ব্যাটিং গ্রেটের মতে, সবসময়ই দলের জন্য নিজের সবটুকু উজাড় করে দেন মোহাম্মেদ সিরাজ।

টেন্ডুলকারের মতে, ‘প্রাপ্য কৃতিত্ব’ পান না সিরাজ
মোহাম্মেদ সিরাজ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 04:45 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে ভারতকে জিতিয়ে স্তুতির জোয়ারে ভাসছেন মোহাম্মেদ সিরাজ। উত্তরসূরির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সাচিন টেন্ডুলকারও। তবে ভারতীয় ব্যাটিং গ্রেটের মতে, দলের প্রয়োজনে সবসময় নিজেকে উজাড় করে দেওয়া সিরাজকে প্রাপ্য কৃতিত্ব দেওয়া হয় না মাঝেমধ্যেই। 

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে ৬ রানের অবিশ্বাস্য জয়ে ২-২ সমতায় সিরিজ শেষ করে ভারত। সফরকারীদের এই জয়ের নায়ক সিরাজ। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া পেসার দ্বিতীয় ইনিংসে ধরেন পাঁচ শিকার। এমন পারফরম্যান্সের পর ম্যাচ সেরা তিনিই।

শুধু এই ম্যাচেই নয়, সিরিজ জুড়েই উজ্জ্বল ছিলেন সিরাজ। বিশেষ করে, যে দুই ম্যাচে দলের সেরা বোলার জাসপ্রিত বুমরাহকে খেলায়নি ভারত, ওই ম্যাচগুলোয় সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন সিরাজ। আর দুই ম্যাচেই জয়ের স্বাদ পায় দলটি।

বার্মিংহ্যামে ২ উইকেট নিয়ে সিরিজ শুরু করেন সিরাজ। এজবাস্টনে দলের জয়ে প্রথম ইনিংসে ৬টি সহ ম্যাচে মোট ৭ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। লর্ডসে দুই ইনিংসেই ধরেন দুটি করে শিকার।

ম্যানচেস্টারে ড্র হওয়া টেস্টের এক ইনিংসে একটি উইকেট নিতে পারেন সিরাজ। নিজের সেরাটা বোধহয় তিনি জমিয়ে রেখেছিলেন শেষ ম্যাচের জন্য। সিরিজ বাঁচানোর লড়াইয়ে অসাধারণ বোলিংয়ে ব্যবধান গড়ে দিয়ে এখন তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সিরিজে পাঁচটি টেস্টই খেলা দুই পেসারের একজন সিরাজ। তবে সিরিজে তার ১ হাজার ১১৩ ডেলিভারি সর্বোচ্চ। ১ হাজার ডেলিভারিও করেননি কেউ। সিরিজের সর্বোচ্চ ২৩ উইকেট নেওয়া বোলারও তিনি। ১৯ শিকার ধরে দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জশ টং।

টানা পাঁচ টেস্ট খেলা সিরাজ শেষ দিন পর্যন্ত যেভাবে নিজের সবটুকু নিংড়ে দিয়েছেন, তাতে মুগ্ধ টেন্ডুলকার। তার মতে, শুধু ইংল্যান্ড সফরের শেষ ম্যাচ কিংবা এই সিরিজে নয়, সবসময়ই দলের জন্য নিজেকে বিলিয়ে দেন সিরাজ। 

“অবিশ্বাস্য। অসাধারণ অ‍্যাপ্রোচ। তার মনোভাব আমার পছন্দ। তার আত্মবিশ্বাস নিয়ে বোলিং করতে দৌড়ানো ভালো লাগে। এমন একজন ফাস্ট বোলারের লাগাতার মুখোমুখি হতে কোনো ব্যাটসম্যানেরই ভালো লাগার কথা না। আর শেষ দিন পর্যন্ত তার যে মনোভাব ছিল, আমি ধারাভাষ্যকারদের বলতে শুনেছি, সিরিজে ১ হাজারের বেশি বল করার পরও সে ৯০ মাইল গতিতে ডেলিভারি ছুঁড়ছে। এটাই সাহসিকতা ও বড় হৃদয়ের পরিচয় দেয়।”

“শেষ দিনে যেভাবে সে শুরু করেছিল তা অসাধারণ ছিল এবং সে সবসময়ই (সিরিজ জুড়ে) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যখনই আমাদের তাকে প্রয়োজন হয়েছে, যখনই চেয়েছি সে মরণকামড়টা দিক, সে অতীতেও ধারাবাহিকভাবে এমন পারফরম্যান্স করেছে এবং এই সিরিজেও তাই হয়েছে। যেভাবে সে উইকেটগুলো নিয়েছে এবং পারফর্ম করেছে, সে তার প্রাপ্য কৃতিত্ব পায় না।”

সিরাজের পাশাপাশি শুবমান গিলের অধিনায়কত্ব ও ব্যাট হাতে সামনে থেকে দলকে পথ দেখানো এবং লোকেশ রাহুল ও ইয়াশাসভি জয়সওয়ালের ব্যাটিং পারফরম্যান্সের প্রশংসা করেন টেন্ডুলকার।