‘হোটেলে সময় নষ্ট করো না’, অ্যাডিলেইডে হারের পর ভারতীয় ক্রিকেটারদের গাভাস্কার
ঐচ্ছিক অনুশীলন সেশনের ধারণা নিয়েও ঘোর আপত্তি জানালেন ভারতের ব্যাটিং গ্রেট।
অ্যাডিলেইড ওভালে দিন-রাতের টেস্টে পাত্তাই পায়নি ভারত। আড়াই দিনেরও কম সময়ে তাদের গুঁড়িয়ে সিরিজে সমতা ফিরিয়েছে অস্ট্রেলিয়া। পাঁচ দিনের টেস্ট আগেভাগে শেষ হয়ে যাওয়ায় বাড়তি দুই দিন উত্তরসূরিদের অনুশীলনের জন্য কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন ভারতের ব্যাটিং গ্রেট ও ধারাভাষ্যকার সুনিল গাভাস্কার।
পার্থ টেস্টে হারের ধাক্কা সামলে দ্বিতীয় টেস্টে রোববার ১০ উইকেটের বড় জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।
সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসে আলাপে গাভাস্কার বললেন, এখন এটিকে তিন ম্যাচের সিরিজ ধরে নিয়ে এগোতে হবে ভারতকে।
“এই সিরিজকে এখন তিন ম্যাচের সিরিজ হিসেবে বিবেচনা করুন। ভুলে যান এটা পাঁচ টেস্টের সিরিজ। আমি চাই ভারতীয় দল আগামী কয়েকদিন অনুশীলনে কাজে লাগাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। হোটেল রুমে বা অন্য কোথাও বসে থাকতে পারবে না, কারণ এখানে ক্রিকেট খেলতে এসেছে।”
“সারাদিন অনুশীলন করার দরকার নেই। সকালে বা বিকেলে একটি সেশন অনুশীলন করতে পারে, সময়টা বেছে নিতে হবে, এই দিনগুলো নষ্ট করা যাবে না। এই ম্যাচ যদি পাঁচ দিন স্থায়ী হতো, তাহলে এখানে তো ম্যাচই খেলতে হতো।”
অ্যাডিলেইডে ব্যাটিংয়ে দুই ইনিংসেই দুইশর নিচে গুটিয়ে যায় ভারত। বোলিংও তেমন ভালো হয়নি তাদের। প্রথম ইনিংসে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে প্রায় সাড়ে তিনশ রানের সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া।
ব্রিজবেনে তৃতীয় টেস্ট শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর। ছন্দ ফিরে পেতে মাঝের সময়টা ক্রিকেটারদের কাজে লাগাতে হবে বলে মনে করেন গাভাস্কার।
“ছন্দ পেতে নিজেকে আরও সময় দিতে হবে, কারণ আপনি রান করেননি। বোলাররা ছন্দ পাচ্ছে না। আরও কিছু খেলোয়াড় আছে, যাদের উইকেটে সময় দেওয়া দরকার।”
ঐচ্ছিক অনুশীলন সেশনের ধারণা নিয়ে ঘোর আপত্তি জানালেন গাভাস্কার। এসব ক্ষেত্রে সিদ্ধান্ত খেলোয়াড়দের নয়, অধিনায়ক ও কোচের নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
“এই ঐচ্ছিক অনুশীলন সেশনটি এমন কিছু, যা আমি পছন্দ করি না। ঐচ্ছিক অনুশীলনের সিদ্ধান্ত অধিনায়ক ও কোচের হাতে থাকা উচিত। কোচের বলা উচিত নয়, ‘আরে, তুমি ১৫০ করেছো, তোমার অনুশীলনে আসার দরকার নেই। তুমি ম্যাচে ৪০ ওভার বল করেছো, তোমার অনুশীলনে আসার দরকার নেই।’ যদি এই সিদ্ধান্তের ভার খেলোয়াড়দের দিয়ে দেন, তাহলে তাদের অনেকেই বলবে যে, ‘না, আমি কেবল আমার ঘরেই থাকব।’ আর ভারতীয় ক্রিকেটে এটার প্রয়োজন নেই।”
“ভারতীয় ক্রিকেটে এমন ছেলেদের দরকার, যারা নিজেদের দায়িত্বে পুরোপুরি নিবেদিত। ভারতের হয়ে খেলতে পারাটা সম্মানের এবং সৌভাগ্যের।”
বেশি বেশি অনুশীলনের বিকল্প দেখেন না টেস্টে ১০ হাজার রান করা প্রথম ব্যাটসম্যান গাভাস্কার। তবে জাসপ্রিত বুমরাহ, রোহিত শার্মা, ভিরাট কোহলিদের মতো অভিজ্ঞদের ক্ষেত্রে এখানে ছাড় দিতে আপত্তি নেই তার।
“আমি গুনেছি কত দিন তারা এখানে থাকবে। অস্ট্রেলিয়ায় তাদের ৫৭ দিন থাকতে হবে। এই ৫৭ দিনের মধ্যে যদি পাঁচটি ম্যাচ গণনা করেন, তাহলে ৩২ দিন বাকি থাকে। এর মধ্যে পিএম একাদশের (প্রস্তুতি ম্যাচ) জন্য দুই দিন, তাহলে ৩০ দিন তারা ছুটি পাচ্ছে। পার্থে বাড়তি এক দিনের ছুটি পেয়েছে, এখন অ্যাডিলেইডে দুই দিনের ছুটি পাচ্ছে।”
“তাদের কাছে আমার অনুরোধ, দয়া করে মাঠে আসুন এবং অনুশীলন করুন। বুমরাহর অনুশীলন করার দরকার নেই। রোহিত-ভিরাট অনুশীলন করতে না পারলেও চলবে, কারণ তারা অভিজ্ঞ খেলোয়াড়। অন্যদের অনুশীলন করা উচিত।”
