২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

দুইয়ে কামিন্স, স্মিথের সঙ্গে তিনে হেড

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা তিনে জায়গা করে নিয়েছেন মিচেল স্টার্ক।

দুইয়ে কামিন্স, স্মিথের সঙ্গে তিনে হেড
ট্রাভিস হেডের সঙ্গে প্যাট কামিন্স (ডানে)। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 08:30 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেইড টেস্টে সেঞ্চুরি করে র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ট্রাভিস হেড। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় সতীর্থ স্টিভেন স্মিথের সঙ্গে যৌথভাবে তিনে আছেন অস্ট্রেলিয়ান ওপেনার। আর বোলারদের মধ্যে দুই উঠে এসেছেন দলটির অধিনায়ক প্যাট কামিন্স।

পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার ঘোষণা করে আইসিসি। যেখানে হেড ও কামিন্স দুইজনই চার ধাপ করে এগিয়েছেন।

অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ হেড জ্বলে ওঠেন দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে। ২ ছক্কা ও ১৬ চারে ২১৯ বলে ১৭০ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটসম্যান।

হেডের রেটিং পয়েন্ট এখন স্মিথের সমান ৮১৫। তাদের চেয়ে ৭ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন। চূড়ায় থাকা ইংল‍্যান্ডের জো রুটের পয়েন্ট ৮৮৭।

ইংলিশ ৮২ রানে হারিয়ে অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করার ম্যাচে প্রথম ইনিংসে উজ্জ্বল ছিলে অ্যালেক্স কেয়ারি। ১০৬ রানের ইনিংসে র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছেন এই কিপার ব্যাটসম্যান। প্রথমবারের মতো ঢুকেছেন সেরা দশে, আছেন নবম স্থানে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ২২৭ ও ১০০ রান করেন ডেভন কনওয়ে। র‍্যাঙ্কিংয়ে তার উন্নতি ১৭ ধাপ, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করামের সঙ্গে যৌথভাবে আছেন সপ্তদশ স্থানে।

ওই ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরি করেন নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ৭ ধাপ এগিয়ে তার অবস্থান ৩১তম। তার সতীর্থ রাচিন রাভিন্দ্রা ৫ ধাপ এগিয়ে এখন ১৩ নম্বরে।

সেঞ্চুরি করা ক্যারিবিয়ান কেভাম হজ ১১ ধাপ এগিয়ে ৬৬তম স্থানে। ২৭ ধাপ উন্নতি করে তার সতীর্থ ব্র্যান্ডন কিং ৭৩ নম্বরে।

ইংলিশ অধিনায়ক বেন স্টোকস (৩৬তম) ও ওপেনার জ্যাক ক্রলি (৩৯) ৬ ধাপ করে এগিয়েছেন। জেমি স্মিথের অগ্রগতি ৫ ধাপ, আছেন ২৬তম স্থানে।

অ্যাডিলেইড টেস্ট দিয়ে ফিরে দুই ইনিংসে তিনটি করে উইকেট নেন কামিন্স। এই পারফরম্যান্সে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরার পথে আরও এগিয়ে গেছেন তিনি। ৮৪৯ রেটিং পয়েন্ট তার। চূড়ায় থাকা ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর পয়েন্ট ৮৭৯।

ওয়েস্ট ইন্ডিজকে ৩২৩ রানে হারানোর পথে দ্বিতীয় ইনিংসে পাঁচটিসহ মোট ৯ উইকেট নেন জেকব ডাফি। বোলারদের মধ্যে ১০ ধাপ এগিয়ে ৩৮ নম্বরে তিনি। তার সতীর্থ এজাজ প্যাটেল ৪ ধাপ উন্নতি করে ২৪তম স্থানে

বড় লাফ দিয়েছেন জফ্রা আর্চার। প্রথম ইনিংসে পাঁচটি সহ ম্যাচে মোট ৬ উইকেট নিয়ে ২৩ ধাপ এগিয়ে এখন তার অবস্থান ৫৪তম।

ইংল্যান্ডের জশ টং (৪৩তম) ৪ ধাপ এবং ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস (৮০তম) ১২ ধাপ এগিয়েছেন।

ইংলিশদের হারানোর পথে ব্যাটে-বলে আলো ছড়ান মিচেল স্টার্ক। ব্যাট হাতে দুই ইনিংসে যথাক্রমে ৫৪ ও অপরাজিত ৭ রান করেন তিনি। আর বোলিংয়ে নেন মোট ৪ উইকেট।

এই পারফরম্যান্সে টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে বেন স্টোকসের সঙ্গে যৌথভাবে তিনে আছেন স্টার্ক। যা তার ক্যারিয়ার সেরা অবস্থান।

তালিকায় সবার ওপরে ভারতের রাভিন্দ্রা জাদেজা। দুইয়ে দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন।