১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দলে জায়গা হারিয়ে ক্রিকেট ছাড়ার কথা ভেবেছিলেন সুরিয়াকুমার

দল থেকে বাদ পড়ার খবর শুনে ৪০-৫০ দিন বাড়িতেই ছিলেন, কিছুই করেননি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক।

দলে জায়গা হারিয়ে ক্রিকেট ছাড়ার কথা ভেবেছিলেন সুরিয়াকুমার
সুরিয়াকুমার ইয়াদাভ। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 10:13 PM

Updated : 16 Sep 2026, 01:02 PM

অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দল থেকেও বাদ পড়া বড়সড় এক ধাক্কা হয়ে আসে সুরিয়াকুমার ইয়াদাভের জন্য। ওই সময় একেবারে ভেঙে পড়েন তিনি। এমনকি খেলা ছেড়ে দেওয়ার ভাবনাও এসেছিল ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের মাথায়।

গত মার্চে সুরিয়াকুমারের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখে ভারত। নিউ জিল্যান্ডের বিপক্ষে আহমেদাবাদের ওই ফাইনালের পর জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি। নির্বাচকদের এই সিদ্ধান্তে ভীষণ অবাক হন ডানহাতি এই ব্যাটসম্যান।

মূলত গত দুই বছর ধরে ব্যাট হাতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারছিলেন না সুরিয়াকুমার। দলে তার ব‍্যাটিং পজিশন নিয়েও কিছু দিন ধরে চলে বিতর্ক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ ইনিংসে ১৩৬.৭২ স্ট্রাইক রেটে করতে পারেন ২৪২ রান।

পরে আইপিএলও ভালো কাটেনি তার। ১৩ ইনিংসে ২০.৭৬ গড়ে করেন কেবল ২৭০ রান, স্ট্রাইক রেট ১৪৭.৫৪। বিশ্বকাপের পর খেলা আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে তাকে রাখেনি ভারত। নতুন অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ারকে দায়িত্ব দেয় তারা। 

দল থেকে বাদ পড়ার পর ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সংশয়ে পড়ে যান ৩৫ বছর বয়সী সুরিয়াকুমার। ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওই সময় নানা ভাবনা ঘুরপাক করছিল তার মাথায়।

“জীবনে এমন কিছু সময় আসে যখন সৃষ্টিকর্তা মনোবলের পরীক্ষা নেয়। ৪০-৫০ দিন বাড়িতে ছিলাম, কিছুই করিনি। পুরোপুরি হতবাক হয়ে গিয়েছিলাম এবং ভাবছিলাম, ক্রিকেট চালিয়ে যাব, নাকি ছেড়ে দেব- সামনে এগোনোর পথ কী? আমার মনে অনেক কিছু চলছিল।”

কঠিন সেই সময়ে সুরিয়াকুমারকে পথ দেখান তার স্ত্রী দেভিশা শেঠি। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর ব্যাটসম্যানকে খেলা চালিয়ে যেতে অনুপ্রাণিত করেন দেভিশা।

“আমার স্ত্রী একদিন বলল, ‘শুধু ভাবো কেন এই খেলাটা শুরু করেছিলে। কারণ তুমি ক্রিকেটের জন্য পাগল ছিলে, খেলার জন্য আবেগ ছিল। সে বলল, সেই আবেগটা আবার জাগিয়ে তোলো।’

“তাকে বললাম, আমার সেই আবেগ এখনও আছে। কিন্তু সামনে এগোনোর পথ কী? কিছুই দেখতে পাচ্ছি না, সবকিছু কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে।”

এরপর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে অল্প সময়েই সুরিয়াকুমারের অর্জনগুলোর কথা মনে করিয়ে দেন দেভিশা।

“তখন সে বিষয়টা অন্যভাবে বলল, ‘গত পাঁচ বছরে তোমার সঙ্গে কী কী হয়েছে, শুধু সেটা ভাবো। মানুষ ১০, ১৫, ২০, ২৫ বছর ক্রিকেট খেলে, তারপরও গত পাঁচ বছরে তুমি যা অর্জন করেছ, তারা তা অর্জন করতে পারে না। তুমি পাঁচটি বিশ্বকাপ খেলেছ, টি-টোয়েন্টিতে দুবার আইসিসির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছ, বিশ্বের এক নম্বর র‍্যাঙ্কিংয়ের ব্যাটসমান ছিলে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছ, এমন একটি ক্যাচ নিয়েছ, যা তোমার জীবন বদলে দিয়েছে, ভারতে বিশ্বকাপ জিতেছ। এসব অর্জন করতে মানুষের বছরের পর বছর লেগে যায়, অথচ তুমি পাঁচ বছরেই সব করে ফেলেছো। তাই কৃতজ্ঞ থাকো।’

“আমি বললাম, ‘হ্যাঁ, আমি কৃতজ্ঞ। কিন্তু এরপর কী?’ তখন সে বলল, ‘জিমে যাওয়া শুরু করো, টেনিস-বল ক্রিকেট খেলো, বন্ধুদের সঙ্গে সময় কাটাও। ধীরে ধীরে তুমি আবার সেই তাড়না খুঁজে পাবে।’ দুই-তিন মাস পর সেই তাড়নাটা ফিরে আসে। তখন ভাবলাম, এবার মেয়ের জন্য খেলব।”

সুরিয়াকুমার বলেন, এরপর থেকে আবার কঠোর অনুশীলন ও ব্যাটিং শুরু করেছেন তিনি। ভবিষ্যতে আবারও জাতীয় দলে ফিরতে আশাবাদীও তিনি।

“আমি অনুশীলন শুরু করেছি, ব্যাটিং শুরু করেছি, আগের মতো পুরো ছন্দে ফিরেছি। এখন কেউ জানে না সামনে কী আছে। নির্বাচকেরা যদি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে থাকেন, পরে সেটা বদলাতেও পারে। কে জানে! আপনাকে আশাবাদী থাকতে হবে।”

সামনের সময়টায়ও কেবল টি-টোয়েন্টি খেলে যেতে চান সুরিয়াকুমার।

“আমি ক্রিকেট খেলতে চাই। এই সংস্করণ কীভাবে খেলতে হয় আমি জানি। ওয়ানডে নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সেখানে নিজেকে মেলে ধরতে পারিনি। গত চার-পাঁচ বছরে অনেক ক্রিকেট খেলেছি এবং এই সংস্করণেই খেলা চালিয়ে যেতে চাই।”

ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও যত দিন খেলবেন, সেই সময়টুকু কেবল উপভোগ করতে চান সুরিয়াকুমার।

“আর চার বছর পর এমনিতেই বিশ্রাম নেব। যত সময় বাকি আছে, আগের মতো একই আবেগ নিয়ে খেলে যাব। সেই ভালোবাসা, তাড়না, মনোযোগ ও শৃঙ্খলা আবার ফিরে এসেছে। আমি সঠিক পথেই আছি।”