Published : 08 Jan 2026, 07:54 PM
বিশ্বমানের একজন লেগ স্পিনারের জন্য বাংলাদেশের দীর্ঘ হাহাকার অনেকটা শেষ হয়েছে রিশাদ হোসেনকে পেয়ে। টি-টোয়েন্টির দাবি মেটাতে প্রয়োজন এখন মায়াজাল ছড়ানো কোনো রহস্য স্পিনার। সেই শূন্যতা আলিস আল ইসলাম পূরণ করতে পারেন বলে মনে করেন মিকি আর্থার। তবে সেজন্য ফিটনেস ও ফিল্ডিংয়ে এই স্পিনারকে অবশ্যই উন্নতি করতে হবে, বললেন তার বিপিএল দলের কোচ।
বছর দুয়েক আগে বিপিএলে আলো ছড়িয়ে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন আলিস। তবে দলে যোগ দেওয়ার আগেই ছিটকে পড়েছিলেন আঙুলের চোটে। এখন তিনি জাতীয় দল থেকে অনেক অনেক দূরে।
গত বিপিএলেও তিনি দুর্দান্ত পারফর্ম করেছিলেন। চিটাগং কিংসের হয়ে ১৫ উইকেট নিয়েছিলেন ওভারপ্রতি মাত্র ৬.৩২ রান দিয়ে। তবে আসরের শেষ দিকে হাঁটুর গুরুতর চোটে পড়েন তিনি। সেই চোটে তাকে ভুগতে হয় অনেক দিন।
ব্যাংকক নাকি ভারত, কোথায় তার অস্ত্রোপচার করানো হবে, এসব নিয়ে টানাপোগেন ছিল বেশ। পরে মে মাসে মালেয়েশিয়ায় হয় সেই অস্ত্রোপচার। এরপর তিন সপ্তাহ পুরোপুরি বিশ্রামের পর শুরু হয় পুনবার্সনের পালা। দীর্ঘ ও ক্লান্তিকর সেই প্রক্রিয়া শেষে মাঠে ফেরেন তিনি এই বিপিএল দিয়ে।
গত বিপিএলের পর এই বিপিএল, মাঝে হারিয়ে গেছে প্রায় ১১ মাস।
চোটের পর ফিরে যথারীতি ভালো বোলিং করছেন। টুর্নামেন্টের সবচেয়ে তারকাবহুল দল রংপুর রাইডার্সে থেকেও পাঁচ ম্যাচের সবকটিতে তিনি খেলেছেন। উইকেট নিয়েছেন ৫টি, রান দিয়েছেন ওভারপ্রতি স্রেফ ৬.৭৮।

আলিসকে এবারই কাছ থেকে দেখছেন মিকি আর্থার। ২৯ বছর বয়সী স্পিনারের স্কিল তাক লাগিয়ে দিয়েছে তাকে। তবে শুধু বোলিংই যে জাতীয় দলের জন্য যথেষ্ট নয়, সেটি তুলে ধরলেন বিশ্ব ক্রিকেটের খ্যাতনামা এই কোচ।
“অবশ্যই, সে হতে পারে (জাতীয় দলের পছন্দ)। অবিশ্বাস্য স্কিল আছে তার। অসাধারণ স্কিল।। তাকে দেখেছি নিজের কাজটা করতে। সে খুব ভালো, খুব খুব ভালো করছে।”
“তার যেটা প্রয়োজন, তা হলো আরেকটু ফিট হয়ে ওঠা। খুব বাজে একটি হাঁটুর চোট কাটিয়ে মাঠে ফিরেছে সে। তার ফিল্ডিংয়ে সেটি ফুটে উঠছে। আমি সবসময়ই বলি, কাউকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে হলে অন্তত দুটি বিভাগে দুর্দান্ত হয়ে উঠতে হবে। কোনো একটি দিয়ে চলবে না। ফিল্ডিংয়ের সঙ্গে কোনো আপস চলবে না।”
বিপিএল দিয়েই সাত বছর আগে স্বীকৃত ক্রিকেটে আবির্ভাব আলিসের। প্রথম ম্যাচেই হ্যাটট্রিকসহ চার উইকেট নিয়ে উপহার দেন চমক। তার পর থেকে পারফর্ম করেছেন তিনি নানা সময়েই। তবে শুরুতে বোলিং অ্যাকশনের সমস্যা, পরে একের পর এক চোট তাক থমকে দিয়েছে বারবার। তার ফিটনেস ও ফিল্ডিংয়ে বড় ঘাটতির জায়গা রয়েই গেছে।
আর্থার বললেন, এখানে উন্নতি করতে পারলেই জাতীয় দলের পথে সামনের দূরত্বটুকু ঘুচিয়ে দিতে পারবেন আলিস।
“এটা নিয়ে তার সঙ্গে কথা বলেছি আমরা। এই জায়গাটিতে তার উন্নতি করা প্রয়োজন। যদি সেখানে উন্নতি করতে পারে এবং আরও ফিট হয়ে উঠতে পারে… তার স্কিল এতটা রোমাঞ্চকর, আন্তর্জাতিক ক্রিকেটে তার না খেলার কোনো কারণ দেখি না।”