২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

১১ হাজারে স্মিথ, ইয়ানসেনের ৫ উইকেটে ৯৯ রানে শেষ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন স্টিভেন স্মিথ।

১১ হাজারে স্মিথ, ইয়ানসেনের ৫ উইকেটে ৯৯ রানে শেষ অস্ট্রেলিয়া

ছবি: ক্রিকেট সাউথ আফ্রিকা ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Oct 2026, 06:09 PM

Updated : 21 Oct 2026, 06:09 PM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেবেখা টেস্টে দারুণ এক কীর্তি গড়েছেন স্টিভেন স্মিথ। অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তারকা এই ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে ১১ হাজার রান করা অন্য দুই ব্যাটসম্যান হলেন- অ্যালান বর্ডার (১১ হাজার ১৭৪) এবং রিকি পন্টিং (১৩ হাজার ৩৭৮)। সব মিলিয়ে দ্বাদশ ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১১ হাজারের ক্লাবে নাম লেখালেন স্মিথ।

ইনিংসটি অবশ্য বড় করতে পারেননি স্মিথ। দলের সর্বোচ্চ ২৮ রান করে ভিয়ান মুল্ডারের বলে বোল্ড হন তিনি। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় প্রথম ইনিংসে স্রেফ ৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে এনিয়ে চতুর্থবার একশর আগে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। ২০১১ সালে কেপ টাউন টেস্টের তৃতীয় ইনিংসে ৪৭ রান অলআউট হয়েছিল তারা। এর আগে ১৯৫০ সালে ডারবানে ৭৫ রানে এবং ২০১৬ সালে হোবার্টে ৮৫ রানে শেষ হয় তাদের ইনিংস।

সফরকারীদের একশর আগে থামিয়ে দেওয়ার কারিগর মার্কো ইয়ানসেন। ব্যাট হাতে চমৎকার এক ইনিংস খেলার পর বোলিংয়েও আলো ছড়ান তিনি। স্রেফ ৩৩ রান দিয়ে ৫ শিকার ধরেন এই পেস বোলিং অলরাউন্ডার।

চতুর্থ দিনের দ্বিতীয় ওভারে নাইটওয়াচম্যান স্কট বোল্যান্ডকে কট বিহাইন্ড করে শিকার ধরা শুরু করেন ইয়ানসেন। পরে অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেডকে এলবিডব্লিউ করেন তিনি।

মার্নাস লাবুশেনকে টিকতে দেননি আনরিখ নরকিয়া। ৩০তম ওভারে জোড়া শিকার ধরেন ইয়ানসেন। ম্যাট রেনশকে ফেরানোর এক বল পর, আলেক্স কেয়ারিকে কট বিহাইন্ড করে দেন তিনি।

কয়েক ওভার পর বাউ ওয়েবস্টারকে ড্রেসিং রুমে পাঠিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন ইয়ানসেন। টেস্টে এনিয়ে পঞ্চমবার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি।

ইয়ানসেনের ছোবল সামলে অনেকটা সময় এক প্রান্ত ধরে রাখেন স্মিথ। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। দলটির ইনিংসে একটি জুটিও করতে পারেনি ২৫ রান।

১১ হাজার রানের ক্লাবে পা রাখতে এদিন ২৪ রান প্রয়োজন ছিল স্মিথের। ৪০তম ওভারে সেই মাইলফলক ছোঁয়ার পরের ওভারে বিদায় নেন তিনিও।

অস্ট্রেলিয়ার হয়ে ১৫ রানও করতে পারেননি আর কেউ।

অনেক দিন পর দলে ফেরা কাগিসো রাবাদা ও মুল্ডার নেন দুটি করে উইকেট।