২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কের চোখে রিশাদ ‘কমপ্লিট প্যাকেজ’

লেগ স্পিন বোলিংয়ের সঙ্গে আগ্রাসী ব্যাটিং আর দুর্দান্ত ফিল্ডিং মিলিয়ে রিশাদ হোসেনকে নিয়ে বিশ্বকাপে বড় স্বপ্ন দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2024, 08:13 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

একজন লেগ স্পিনারের জন্য বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘদিনের হাহাকার কিছুটা হলেও মিটেছে আপাতত রিশাদ হোসেনকে দিয়ে। তবে তিনি তো শুধু একজন লেগ স্পিনারই নন, বরং আরও বেশি কিছু। ব্যাট হাতে তিনি ঝড় তুলতে পারেন। ফিল্ডিংয়ে দলের সেরাদের একজন। সব মিলিয়ে এই তরুণকে পরিপূর্ণ এক ক্রিকেটার বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

রিশাদকে গড়ে তোলার প্রক্রিয়া চলছিল বেশ অনেক দিন ধরেই। জাতীয় দলের আশেপাশে তাকে রাখা হয়েছে। হাই পারফরম্যান্স দল, ইমার্জিং দল, ‘এ’ দলে সুযোগ দেওয়া হয়েছে, বিভিন্ন ক্যাম্পে তাকে শাণিত করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে অবশ্য খেলার সুযোগ মিলেছে তার কমই। তবে অনুশীলনে তার ঝাম ঝরানোর ফল মিলতে শুরু করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মেলে ধরতে শুরু করেছেন ২১ বছর বয়সী ক্রিকেটার।

সেই পথচলায় প্রথমবারের মতো এবার বিশ্বকাপ অভিযানে দলের সঙ্গী তিনি। দলের লক্ষ্য পূরণ করতে রিশাদের বড় ভূমিকাও দেখছেন অধিনায়ক। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে বুধবার শান্ত বললেন, রিশাদ নিজের মতো খেলতে পারলে দলের পথচলাও হয়ে উঠবে মসৃণ। 

“অনেক দিন ধরেই আমরা লেগ স্পিনার খুঁজছিলাম। এখন খুব ভালো একজন লেগ স্পিনার আমাদের আছে, যে সম্প্রতি প্রায় সব ম্যাচেই পারফর্ম করছে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে ভালো করছে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের দলের সেরা ফিল্ডারদের একজন সে। সব মিলিয়ে কমপ্লিট একটা প্যাকেজ। ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে, তাহলে দল অনেক দূর এগোবে।”

বোলিংয়ে উন্নতির ছাপ তো রেখেই চলেছেন রিশাদ। তবে এর মধ্যে বিস্ফোরক ব্যাটিংয়ের সামর্থ্যও প্রমাণ করেছেন। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ওয়ানডেতে তিনি সাত ছক্কায় করেছেন ৩০ বলে ৫৩ রান, পরে লঙ্কানদের বিপক্ষেই একটি টি-টোয়েন্টিতে করেছেন ১৮ বলে অপরাজিত ৪৮। 

ব্যাটসম্যান রিশাদের কাছেও তাই দাবি জানিয়ে রাখলেন অধিনায়ক। 

“রিশাদের ব্যাটিং… আমরা দেখেছি যে কতটুকু সামর্থ্য ওর আছে। ওর ওই সহজাত খেলা যদি খেলতে পারে, ও যে জায়গায় ব্যাটিং করবে, দল হয়তো বাড়তি লাভবান হবে।”

তবে রিশাদ এখনও অনেকটাই অনভিজ্ঞ। এখনই প্রত্যাশার বড় ভার তার ওপর চাপিয়ে দিতে চান না শান্ত।

“বাড়তি কোনো চাপ তাকে দিতে চাই না। বাড়তি কিছু ওর কাছ থেকে আশাও করছি না। ও যে জিনিসটা পারে, সেটাই আশা করব। ও নিজের কাজটা ভালোভাবে করতে পারলেই দলের জন্য ভালো কিছু হবে।”