২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুইয়ে ফিরলেন ব্রুক, লম্বা লাফে সেরা দশে ইয়ানসেন

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে ফিরেছেন হ্যারি ব্রুক, বোলারদের মধ্যে ৯ নম্বরে মার্কো ইয়ানসেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2024, 03:48 PM

Updated : 26 Aug 2026, 11:03 AM

নিউ জিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে হ্যারি ব্রুকের চমৎকার সেঞ্চুরির প্রতিফলন পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে ফিরেছেন ইংলিশ ক্রিকেটার। আর শ্রীলঙ্কার বিপক্ষে আলো ছড়িয়ে প্রথমবারের মতো বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো ইয়ানসেন।

পুরুষ ক্রিকেটারদের বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন ব্রুক। আর বোলারদের মধ্যে ১৯ ধাপ এগিয়ে ৯ নম্বরে ইয়ানসেন।

নিউ জিল্যান্ড সফরে সিরিজের প্রথম ম্যাচে ৩ ছক্কা ও ১৫ চারে ১৭১ রানের ইনিংস খেলেন ব্রুক। ২২ টেস্টের ক্যারিয়ারে যা তার সপ্তম সেঞ্চুরি। এই পারফরম্যান্সে তিনি র‍্যাঙ্কিংয়ে নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন ও ভারতের ইয়াশাসভি জয়সওয়ালকে পেছনে ফেলেছেন।

ওই ম্যাচের দুই ইনিংসে যথাক্রমে ৯৩ ও ৬১ রান করা উইলিয়ামসন আগের মতোই আছেন তিনে। দুই ধাপ নিচে নেমে চারে জয়সওয়াল। পাঁচে কিউই ব্যাটসম্যান ড্যারিল মিচেল।

ক্রাইস্টচার্চে ৮ উইকেটে জেতা ম্যাচে প্রথম ইনিংসে রানের খাতা খুলতে না পারা জো রুট দ্বিতীয়ভাগে করেন অপরাজিত ২৩ রান। ৮৯৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন তিনি। ব্রুকের (৮৫৪) সঙ্গে তার পয়েন্টের ব্যবধান কেবল ৪১।

ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে অলি পোপ (৮ ধাপ এগিয়ে ৩২তম) ও অধিনায়ক বেন স্টোকসের (৭ ধাপ এগিয়ে ৩৪তম)। কিউইদের গ্লেন ফিলিপস ২ ধাপ এগিয়ে ৪০ তম স্থানে আছেন।

ডারবানে শ্রীলঙ্কাকে ২৩৩ রানে হারানো ম্যাচে সেঞ্চুরি করা টেম্বা বাভুমা ও ট্রিস্টান স্টাবসের অগ্রগতি হয়েছে। ১৪ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দশম স্থানে দুই ইনিংসে যথাক্রমে ৭০ ও ১১৩ রান করা প্রোটিয়া অধিনায়ক বাভুমা। ১২২ রান করে ২৯ ধাপ লাফ দিয়ে ৪২ নম্বরে স্টাবস।

লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে দুই ধাপ করে এগিয়েছেন কামিন্দু মেন্ডিস (সপ্তম) ও দিনেশ চান্দিমাল (সপ্তদশ)। ধানাঞ্জায়া ডি সিলভার (পঞ্চদশ) এক ধাপ ছাড়া দলটির আরও কারো উন্নতি হয়নি।

শ্রীলঙ্কাকে প্রথম ইনিংসে তাদের টেস্ট ইতিহাসের সবচেয়ে কম ৪২ রানে গুটিয়ে দেওয়ার পথে ৭ উইকেট নেন ইয়ানসেন। দ্বিতীয় ইনিংসে তার শিকার ৪ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সেই তিনি দিয়েছেন বড় লাফ।

ওই ম্যাচে চার উইকেট নিয়ে ১৯ ধাপ উন্নতি করে ৬৯তম স্থানে প্রোটিয়া পেসার জেরল্ড কুটসিয়া। লঙ্কানদের মধ্যে ৪ ধাপ এগিয়েছেন ভিশ্ব ফার্নান্দো (২৯তম) ও দুই ধাপ অগ্রগতি হয়েছে লাহিরু কুমারার (৩৫তম)।

নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬টি সহ ম্যাচে মোট ১০ উইকেট নিয়ে ম্যাচে সেরা হওয়া ব্রাইডন কার্সও দিয়েছেন বড় লাফ। ইংলিশ পেসার ২১ ধাপ এগিয়ে আছেন ৪৩তম স্থানে।

অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের রাভিন্দ্রা জাদেজা। ১০ ধাপ এগিয়ে প্রথমবারের মতো দুই নম্বরে জায়গা করে নিয়েছেন ইয়ানসেন।