Published : 18 Jun 2026, 09:51 PM
পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি ক্রিকেট সাংবাদিক ও সম্প্রচারক কামার আহমেদ। পাকিস্তানের করাচিতে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সহকর্মীদের কাছে ‘কিউ’ নামে পরিচিতি কামার।
১৯৫০-এর দশকে পাকিস্তানে নিজের সদ্য শুরু হওয়া প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনে লন্ডনে পাড়ি জমান কামার। সেখানেই সাংবাদিকতা জীবন শুরু করেন। রয়টার্স ও এএফপির মতো আন্তর্জাতিক বার্তা সংস্থা, বিবিসি এবং বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাভার করতে বিশ্বজুড়ে ঘুরে বেড়ান তিনি।
বিভিন্ন টিভি চ্যানেল ও রেডিও স্টেশনে সম্প্রচারের কাজ করেন কামার। ১৯৯২ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ, যেখানে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে ‘টিভিএনজেড’-এর হয়ে কাজ করেছিলেন। ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ পর্যন্ত প্রতিটি বৈশ্বিক আসরই তিনি মাঠে থেকে কাভার করেছেন।
এরপর থেকে ওয়ানডে ক্রিকেট কাভার করা বন্ধ করে, পুরোপুরি টেস্ট ক্রিকেটে মনোযোগ দেন তিনি। ২০১৪ সালের জানুয়ারিতে শারজাহতে পাকিস্তান ও শ্রীলঙ্কার তৃতীয় টেস্টটি ছিল সাংবাদিক হিসেবে তার ৪০০তম টেস্ট। ক্রিকেট ইতিহাসে খুব কম সংখ্যক সাংবাদিকই এই মাইলফলক স্পর্শ করতে পেরেছেন।
বিশ্বকাপ জয়ের পাশাপাশি পাকিস্তান ক্রিকেটের আরও অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী ছিলেন কামার। ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর হওয়া সন্ত্রাসী হামলার সময়েও তিনি সেখানে ছিলেন।
শুধু পাকিস্তানের ক্রিকেটই নয়, সুনিল গাভাস্কারের ১০ হাজার রান, রিচার্ড হ্যাডলির ৪০০তম উইকেট, টেস্টে আনিল কুম্বলের এক ইনিংসে ১০ উইকেট, ক্রিকেটের হাজারতম টেস্ট এবং ২০১১ সালে দুই হাজারতম টেস্টের সাক্ষী ছিলেন ‘কিউ।’
১৯৫০-এর দশকের মাঝামাঝি সময়ে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে একজন বাঁহাতি স্পিনার হিসেবে প্রথম নজরে আসেন কামার। ১৭ ম্যাচে ৩৬ উইকেট নিয়ে থেমে যায় তার ক্রিকেট ক্যারিয়ার।