২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

উইন্ডিজের ২৭ রানের পর গোলাপি বল নিয়ে ভাবতে বললেন অস্ট্রেলিয়া কোচ

টেস্ট ক্রিকেটে গোলাপি ডিউক বলের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।

উইন্ডিজের ২৭ রানের পর গোলাপি বল নিয়ে ভাবতে বললেন অস্ট্রেলিয়া কোচ
অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 07:00 PM

Updated : 26 Aug 2026, 01:24 PM

জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়ের পর দিন-রাতের টেস্টে গোলাপি ডিউক বলের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। ক্রিকেটের অভিজাত সংস্করণে গোলাপি বলের ভূমিকা পুনরায় পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ।

কিংস্টনে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের দিবা-রাত্রির টেস্টটি তৃতীয় দিনেই শেষ হয়ে যায়। বোলারদের দাপটের ম্যাচে কোনো দলই আড়াইশ রান করতে পারেনি। ২০৪ রানের লক্ষ্য তাড়ায় তো ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় স্রেফ ২৭ রানে।

টেস্ট ইতিহাসে এর চেয়ে কম রানে অলআউট হওয়ার ঘটনা আছে স্রেফ একটি। ১৯৫৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অকল্যান্ড টেস্টে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল নিউ জিল্যান্ড। প্রায় ৭০ বছর পর অল্পের জন্য সেই রেকর্ডে বসেনি ওয়েস্ট ইন্ডিজের নাম।

দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং করেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। নিজের প্রথম ১৫ বলের মধ্যে প্রতিপক্ষের ৫ উইকেট নিয়ে গড়েন রেকর্ড। স্পেলের শুরু থেকে এত কম বলে ৫ উইকেট নেওয়ার কীর্তি নেই আর কারও। সব মিলিয়ে ৭.৩ ওভারে ৯ রানে তার শিকার ছিল ৬টি।

ফ্লাডলাইটের নিচে স্টার্কের কিছু ডেলিভারি খেলা ছিল প্রায় অসম্ভব। ম্যাকডোনাল্ডের তো মাঝে মধ্যে মনে হয়েছে, এটা কোনো ক্রিকেট খেলা নয়। তাই টেস্ট ক্রিকেটে গোলাপি ডিউক বল ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

“যে পিচে আমরা খেলেছি তার ওপর ভিত্তি করে দুই দলের ব্যাটিং বিভাগকে মূল্যায়ন করা খুবই কঠিন। ওই পিচে গোলাপি ডিউক বলে খেলা তৃতীয় টেস্ট অনেক দ্রুত এগিয়েছে। কিছু কিছু সময় তো এটাকে ক্রিকেটই মনে হয়নি। কিছু ডেলিভারি তো, বিশেষ করে বাতির নিচে মিচেল স্টার্কের কিছু ডেলিভারি খেলা তো প্রায় অসম্ভব ছিল।”

ওয়েস্ট ইন্ডিজে তিন ম্যাচের পুরো সিরিজ জুড়েই আধিপত্য ছিল পেসারদের। ব্যাটসম্যানদের জন্য কঠিন কন্ডিশনের সিরিজটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে অস্ট্রেলিয়া।