৬ ম্যাচে সর্বোচ্চ ১৬, ‘খুব খারাপ লাগছে’ আভিশেকের
আভিশেক শার্মাকে নিজের ওপর বিশ্বাস রাখতে বললেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।
একটি-দুটি নয়, টানা চারটি ম্যাচে দুই অঙ্কে যেতে পারেননি আভিশেক শার্মা। সবশেষ ১০ ম্যাচে ফিফটি কেবল একটি। ব্যর্থতার জাল ছিঁড়তেই পারছেন না তিনি। আস্থার প্রতিদান দিতে না পারায় ভীষণ খারাপ লাগছে ভারতের এই ওপেনারের।
সদ্য সমাপ্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে ভারত। দলের সাফল্যে ব্যাট হাতে কোনো ভূমিকাই রাখতে পারেননি আভিশেক। ম্যাচ তিনটিতে বাঁহাতি ব্যাটসম্যানের রান ছিল; ১, ৮ ও ২।
আভিশেকের চলমান খারাপ সময়ের শুরু ইংল্যান্ড সফর থেকে। সেখানে প্রথম ম্যাচে ৫৯ রানের ইনিংস খেলার পর, দ্বিতীয়টিতে করেন ৪৩ রান। এরপর ব্যর্থতা পিছু ছাড়ছে না তার। ইংলিশদের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির শেষ তিনটিতে করতে পারেন কেবল ১০, ১৬ ও ৩ রান।
জিম্বাবুয়েতেও বাজে সময় কাটানোর পর, আর চুপ করে থাকতে পারলেন না আভিশেক। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম তুলে ধরলেন নিজের অনুভূতি।
“যখন মানুষ আপনার সামর্থ্যের ওপর বিশ্বাস রাখে, কিন্তু আপনি সেটার প্রতিদান দিতে পারেন না, তখন খারাপ লাগে। তবে যারা হাল ছাড়ে না, তাদেরই এই খেলাটি পুরস্কৃত করে। দল জেতায় ভালো লাগছে। আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।”
সাম্প্রতিক সময়ে ব্যর্থ হলেও, টি-টোয়েন্টির ব্যাট হাতে আভিশেক আসলে দারুণ সফল। একের পর এক ম্যাচে তাণ্ডব চালিয়ে সবার নজর কাড়েন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ১৭৫.৪৪। আর ভারতের জার্সিতে সেটা আরও বেশি, ১৮৭.২৪। লম্বা একটা সময় এই সংস্করণের র্যাঙ্কিংয়ে এক নম্বর ছিলেন তিনি, এখন আছেন দুইয়ে।
আভিশেকের ক্যারিয়ারে খারাপ সময় আগেও এসেছে। ওই সময় তার পাশে যিনি দাঁড়িয়েছিলেন, সেই সুরিয়াকুয়ার ইয়াদাভ আরও একবার অনুপ্রাণিত করার চেষ্টা করলেন এই ব্যাটসম্যানকে। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের বিশ্বাস, আবারও ঘুরে দাঁড়াবেন তার সতীর্থ।
আভিশেকের পোস্টে সুরিয়াকুমার কমেন্ট করেন, “টানা দুই বছর মানুষকে হাসির অনেক উপলক্ষ এনে দিয়েছো তুমি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে ভারতকে গর্বিত করেছ। এটা (ঘুরে দাঁড়ানো) কেবল সময়ের ব্যাপার। নিজের মতো থাকো, নির্ভীক।”
