‘খামার থেকে ভারতের অধিনায়ক’, গিলের গল্পে নায়ক বাবা
ক্রিকেটার হয়ে ওঠার পেছনে বাবার ত্যাগের কথা জানালেন শুবমান গিল।
প্রথমবার যখন ক্রিকেট ব্যাট ধরেছিলেন শুবমান গিল, তার বয়স তখন কেবল তিন বছর। গভীর রাত পর্যন্ত টেলিভিশনে খেলা দেখতেন বাবা। ওই বয়সেই ব্যাট হাতে ক্রিকেটারদের অনুকরণ করার চেষ্টা করতেন গিল। সেই থেকে শুরু। বাবার অনেক ত্যাগের বিনিময়ে এখন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক গিল।
পাঞ্জাবের একটি গ্রামে জন্ম গিলের। বাবা লাক্ষিন্দার সিং ছিলেন একজন কৃষক। তবে ক্রিকেট তার কাছে এক আবেগের নাম। নিজেও ক্রিকেটার হতে চেয়েছিলেন তিনি। কিন্তু নানা বাস্তবতায় পারেননি। বাবার সেই স্বপ্নকে ধারণ করে, কঠোর পরিশ্রমে লক্ষ্যে পৌঁছেছেন গিল।
অ্যাপল মিউজিক পডকাস্টে পেছনে ফিরে তাকিয়ে শৈশবের গল্প শোনালেন গিল। স্মরণ করলেন একেবারে শুরুর সময়টাকে।
পারিবারিক খামার ছিল ছোটবেলায় গিলের খেলার মাঠ। বলা যায়, তার ক্রিকেটের হাতেখড়ির প্রথম আঙিনা। গিলকে বল করার জন্য নিজের কর্মীদের বলতেন বাবা লাক্ষিন্দার। এমনকি ছেলেকে আউট করতে পারলে পুরস্কারও দিতেন তিনি। সময়ের সঙ্গে ব্যাটিংটা গিলের হয়ে ওঠে সহজাত।
ছেলের প্রতিভা দেখতে পেয়েছিলেন লাক্ষিন্দার। গিলের বয়স যখন সাত, তাকে আরও উন্নত সুযোগ-সুবিধার ব্যবস্থা করে দিতে চান্ডিগাড়ে পরিবারসহ চলে যান তিনি। তার এই সাহসী পদক্ষেপ বদলে দেয় গিলের জীবন।
ক্রিকেটার হয়ে ওঠার পথচলায় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল গিলকে। একবার কোচের সঙ্গে মতবিরোধের কারণে তাকে একাডেমি থেকে বের করে দেওয়া হয়। কিন্তু ছেলের স্বপ্নকে ম্লান হতে দেননি লাক্ষিন্দার। নিজেই গিলের জন্য তৈরি করেন অনুশীলনের সময়সূচি।
স্কুলের আগে অনুশীলনের জন্য গিলকে ভোর তিনটায় ঘুম থেকে ডেকে তুলতেন লাক্ষিন্দার। বাবার সঙ্গে গিলের ভোরের সেই অনুশীলনের সেশন চলে বছরের পর বছর, যা গিলের ক্রিকেট ক্যারিয়ারে শৃঙ্খলা ও দৃঢ়তা এনেছিল।
সময়ের সঙ্গে বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটের নানা ধাপ সফলভাবে পেরিয়ে এখন ভারতের জাতীয় দলের সবচেয়ে গুরুত্বপূর্ণদের একজন গিল। দলের ব্যাটিং লাইন আপের বড় ভরসা।
দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজকের অবস্থানে আসার পেছনে বাবাকে সবচেয়ে বড় কৃতিত্ব দিলেন গিল।
“তিনি ছিলেন আমার প্রথম কোচ, আমার প্রথম অনুপ্রেরণা। তার ওইসব ত্যাগ ছাড়া আমি কখনই এখানে আসতে পারতাম না।”
চলতি বছর ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে পথচলা শুরু করেছেন গিল। নেতৃত্বের প্রথম সিরিজে অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়কত্বেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। তার নেতৃত্বে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ ২-২ সমতায় শেষ করে ভারত।
