১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হাসানকে হারিয়ে হতাশ কেন্ট, তবে ‘সম্মান’ জানাচ্ছে বিসিবির সিদ্ধান্তকে

এশিয়ান গেমস ক্রিকেট ও সামনের ব্যস্ত সূচি ভাবনায় রেখে কাউন্টি চ্যাম্পিয়নশিপ থেকে হাসান মাহমুদকে আগেভাগেই ফিরিয়ে আনছে বিসিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 04:29 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এ প্রমোশনের লড়াইয়ে আর দুটি ম্যাচ বাকি। এমন গুরুত্বপূর্ণ সময়েই কেন্টের জন্য বড় এক ধাক্কা। তাদের বোলিং আক্রমণের বড় অস্ত্র হাসান মাহমুদকে দেশে ডেকে পাঠিয়েছে বিসিবি। এই পেসারের বিদায়কে বড় ক্ষতি বলে মনে করছে কাউন্টি দলটি। বাংলাদেশের বোর্ডের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তারা এখন তাকিয়ে দলের অন্য দুই বিদেশি পেসারের দিকে।

কাউন্টিতে হাসানের গল্পটি যেন ‘এলাম, দেখলাম, জয় করলাম।’ অভিষেকেই ৯ উইকেট নিয়ে তিনি জিতিয়েছেন দলকে। পরের ম্যাচগুলিতেই ধরে রেখেছেন সেই পারফরম্যান্স। চার ম্যাচে শিকার করেছেন ২৬ উইকেট। 

তার বোলিং গড় ১৫.৭৬। ডিভিশন টু-তে অন্তত ২০ উইকেট শিকারি বোলারদের মধ্যে সেরা গড় এটি। প্রদি ২৯.২৬ ডেলিভারিতে উইকেট নিয়েছেন একটি করে। ১০টির বেশি উইকেট নেওয়া বোলারদের মধ্যে সেরা স্ট্রাইক রেট তারই। 

হাসানের খেলা এই চার ম্যাচের তিনটিই জিতেছে কেন্ট। বাকি ম্যাচগুলির জন্যও বিসিবির অনাপত্তিপত্র পেয়েছিলেন এই পেসার। কিন্তু সিদ্ধান্ত বদল করে তাকে দেশে ফিরতে বলেছে বোর্ড। মূলত এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি ও সামনের ব্যস্ত সূচি ভাবনায় রেখেই হাসানকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

কেন্টের ক্রিকেট পরিচালক সাইমন কুক বিবৃতিতে বললেন, হাসানকে হারিয়ে তারা আশাহত হলেও বাস্তবতা বুঝতে পারছেন।

“কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ দিকের ম্যাচগুলোর জন্য হাসানকে হারানোয় আমরা হতাশ। কিন্তু গঠনমূলক আলোচনার পর বিসিবির সিদ্ধান্তকে আমরা সম্মান করি এবং তার জন্য শুভকামনা জানাই।

যদিও হাসানের অনুপস্থিতি বড় এক ক্ষতি, শেষ দুটি ম্যাচে পাোয়া যাবে আমাদের অন্য দুই বিদেশী পেসার কিথ ডাজন এবং খালেদ আহমেদকে।” 

দক্ষিণ আফ্রিকান পেসার ডাজন এই মৌসুমে কেন্টের হয়ে ১১ ম্যাচে ৩৭ উইকেট নিয়েছেন। তার বদলে সবশেষ ম্যাচটি খেলে কাউন্টি অভিষেকে তিন উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার খালেদ। 

কাউন্টিতে চার ম্যাচে ২৬ উইকেট নেওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি ব্লাস্টে তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন হাসান। তার জন্য ক্লাবের দুয়ার সবসময় খোলা থাকবে, বিবৃতিতে বলেছে কেন্ট।

“কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্ট মিলিয়ে সাত ম্যাচে ৩০ উইকেট নেওয়া হাসানকে তার অবদানের জন্য ক্লাবের সবাই ধন্যবাদ জানায়। কেন্টে তাকে সবসময় স্বাগত জানানো হবে।”

হাসানকে দেশে ফিরিয়ে আনার কারণ ব্যাখ্যা করলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন-চার্জ শাহরিয়ার নাফীস।

“গত জুনে কাউন্টি ক্রিকেটে যোগ দেওয়ার পর থেকে হাসান টানা খেলে যাচ্ছে। শুরুতে কেন্টে দুটি ম্যাচ খেলার পর জিম্বাবুয়েতে টেস্ট খেলেছে। এরপর আার কেন্টে ফিরেছে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে। সেখান থেকে এলপিএলে খেলেছে। পরে অস্ট্রেলিয়াতে দুই টেস্ট খেলে আবার কেন্টে ফিরে কাউন্টিতে খেলেছে। প্রচুর বোলিং করতে হয়েছে তাকে। 

সামনে আমাদের প্রচুর খেলা আছে। ওকে যখন অনাপত্তিপত্র দেওয়া হয়েছিল, তখনও মূলত আমাদের টেস্ট দলের ভাবনায় ছিল সে। কিন্তু সামনে এশিয়া গেমসে সে খেলবে। আরও অনেক খেলা আছে এরপর। সবকিছু বিবেচনায় নিয়ে আমাদের মনে হয়েছে, তার ওয়ার্কলোড বেশি হয়ে যাচ্ছে। দেশে ফিরে কিছুটা বিশ্রাম নেওয়া এবং ফিটনেস ও বোলিং নিয়ে কাজ করা প্রয়োজন তার।”

সামনে এশিয়ান গেমস দিয়ে বাংলাদেশ ক্রিকেটের চরম ব্যস্ত এক সময় শুরু হচ্ছে। জাপানে এশিয়ান গেমস শেষে সংযুক্ত আরব আমিরাতে একটি টেস্ট আছে আফগানিস্তানের বিপক্ষে। এরপর আছে ত্রিদেশীয় সিরিজ। দেশে ফিরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজ শেষ হওয়ার ছয় দিন পরই দক্ষিণ আফ্রিকায় শুরু প্রথম টেস্ট। ওই সফরে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।