১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

‘প্রতিদিন বাবার সামনে কাঁদতাম’, ক্যারিয়ারের কঠিন সময় নিয়ে হার্শিত

কঠিন সেই সময়ের স্মৃতিচারণ করে ভারতীয় পেসার বলেছেন, এখন সব পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে পারেন।

‘প্রতিদিন বাবার সামনে কাঁদতাম’, ক্যারিয়ারের কঠিন সময় নিয়ে হার্শিত
ভিরাট কোহলির সঙ্গে উদযাপনে হার্শিত রানা (বাঁয়ে)। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2026, 08:34 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

ক্রিকেট ক্যারিয়ারের শুরুর সময়টা সহজ ছিল না হার্শিত রানার জন্য। ট্রায়াল দিতে গিয়ে মিলত না সুযোগ, ব্যর্থতায় হারিয়ে ফেলতেন মনোবল। আর বাবার সামনে এসে কান্নায় ভেঙে পড়া ছিল নিয়মিত ঘটনা। একটা সময় হাল ছেড়ে দিতেও চেয়েছিলেন তিনি। কঠিন সেই সময়ের স্মৃতিচারণ করে ভারতীয় পেসার বললেন, এখন সব পরিস্থিতির সঙ্গেই মানিয়ে নিতে পারেন।

ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তোলার কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত জিততে পেরেছেন হার্শিত। ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তিনি। সাদা পোশাকে দেশের হয়ে পরে আর খেলতে পারেন কেবল একটি ম্যাচ। ২ টেস্টে তার প্রাপ্তি ৪ উইকেট।

গত বছরের জানুয়ারিতে ভারতের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় হার্শিতের। পরের মাসে শুরু করেন তিনি ওয়ানডেতে পথচলা। এই সংস্করণেই জাতীয় দলে এখন পর্যন্ত নিয়মিত দেখা যায় তাকে। সবচেয়ে ভালো করছেনও তিনি ৫০ ওভারের ক্রিকেটে। এখন পর্যন্ত ১৩ ওয়ানডে খেলে খেলে ২৩ শিকার ধরেছেন ডানহাতি এই পেসার।

টি-টোয়েন্টিতে ৬ ম্যাচ খেলে ৭ উইকেট নিয়েছেন হার্শিত। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাকে রেখেছে ভারত।

জাতীয় দলে জায়গা পাওয়া নিয়েও নান ধরনের কথা শুনতে হয়ে হার্শিতকে। ভারতের প্রধান কোচ গৌতাম গাম্ভিরের ‘স্বজনপ্রীতির’ কারণে দলে সুযোগ পান তিনি, এমন আলোচনা প্রায় চলে ভারতীয় ক্রিকেটে। আর পারফরম্যান্সে খারাপ হলে তো সবচেয়ে বেশি সমালোচনা করা হয় তাকে নিয়েই।

এসব অবশ্য এখন আর গায়ে লাগান না ২৪ বছর বয়সী হার্শিত। মেনসএক্সপি-কে দেওয়া সাক্ষাৎকারে এই ক্রিকেটার বলেন, ব্যর্থতা কিংবা সমালোচনায় এখন আর ভেঙে পড়েন না তিনি।

“ব্যর্থতাকে কীভাবে সামাল দিতে হয় এখন আমি জানি। আমি সেই দশ বছর দেখেছি, যখন (আমার) কিছুই হয়নি। আমি ট্রায়ালে যেতাম, কিন্তু আমার নামই আসত না। ফিরে এসে প্রতিদিন বাবার সামনে কাঁদতাম। এখন মনে হয়, ব্যর্থতায় (ভেঙে পড়ার) ওই সময়টা চলে গেছে, যা কিছুই আসুক না কেন, আমি সামাল দিতে পারি। তখন একটা সময় আমি হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার বাবা আমাকে অনুপ্রেরণা যোগাতে থাকেন।”

নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও খেলছেন হার্শিত। সিরিজের প্রথম দুই ম্যাচে তিন উইকেট নিয়েছেন তিনি।