Published : 11 Apr 2026, 06:08 PM
ম্যাচের প্রথম বলে চার মেরে শুরু। এরপর তাণ্ডব চালালেন আভিশেক শার্মা। প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করে দারুণ দুটি কীর্তি গড়লেন ভারতীয় ব্যাটসম্যান।
আইপিএলের ১৯তম আসরে শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ২৮ বলে ৭৪ রানের ইনিংস খেলেন আভিশেক। সানরাইজার্স হায়দরাবাদ ওপেনারের ইনিংসটি গড়া পাঁচ চার ও আট ছক্কায়।
স্রেফ ১৮ বলে ফিফটি পূর্ণ করেন আভিশেক। আইপিএলের সব আসর মিলিয়ে তিনিই প্রথম ব্যাটসম্যান, ২০ বলের নিচে যার ফিফটি হলো পাঁচটি।
২০ বলের নিচে চারটি ফিফটি আছে নিকোলাস পুরানের। তিনটি করে আছে তিন ব্যাটসম্যানের- জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, ট্রাভিস হেড ও বৈভাব সুরিয়াভানশির।
আইপিএলে আভিশেকের দ্রুততম ফিফটি ১৬ বলে, ২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। একই বছর লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৯ বলে, ২০২৫ সালে লাক্ষ্ণৌর বিপক্ষে ১৮ বলে পঞ্চাশ স্পর্শ করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
আইপিএলের ইতিহাসে দ্রুততম ১৩ বলে ফিফটির রেকর্ড ইয়াশাসভি জয়সওয়ালের, ২০২৩ সালে রাজস্থান রয়্যালসের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।
আভিশেক এ দিন আট ছক্কার সাতটিই মারেন পাওয়ার প্লেতে, আইপিএলে প্রথম ছয় ওভারের মধ্যে যা সর্বোচ্চ। এই কীর্তি আছে আরও তিন ব্যাটসম্যানের। ২০০৮ সালে প্রথম আসরে সানাৎ জায়াসুরিয়া, ২০১৮ সালে জস বাটলার, ২০২২ সালে জনি বেয়ারস্টো পান এই স্বাদ।
নিউ চান্ডিগাড়ে প্রথম বলে আর্শদিপ সিংকে চার মেরে শুরু করেন আভিশেক। পরের ওভারে তিনি দুটি চার মারেন জেভিয়ার বার্টলেটকে। আর্শদিপের পরের ওভারে মারেন দুটি করে চার ও ছক্কা। চারটি ওয়াইডসহ এই ওভারে ভারতীয় পেসার দেন ২৪ রান।
প্রথম তিন ওভারে হায়দরাবাদের ৪৪ রানের মধ্যে আভিশেকের রান ছিল ১৩ বলে ৩৪, আরেক ওপেনার হেডের ৫ বলে ৩।
চতুর্থ ওভারে মার্কো ইয়ানসেনকে দুটি চার ও একটি ছক্কা মেরে রান উৎসবে যোগ দেন হেডও।
পঞ্চম ওভারে ঝড় বয়ে যায় ভিজায়কুমার বৈশাকের ওপর। এই ওভারে চারটি ছক্কার পথে ফিফটি পূর্ণ করে ফেলেন আভিশেক। আরেকটি ছক্কা মারেন তিনি পাওয়ার প্লের শেষ ওভারে।
প্রথম ছয় ওভারে হায়দরাবাদ করে বিনা উইকেটে ১০৫ রান, আইপিএলে ইনিংসের প্রথম ছয় ওভারে যা তৃতীয় সর্বোচ্চ। এই তালিকায় প্রথম দুটি স্থানেও আছে হায়দরাবাদ। ২০২৪ আসরে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বিনা উইকেটে ১০৭ ও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বিনা উইকেটে ১২৫ রান তুলেছিল তারা। ওই দুটি ম্যাচেও ব্যাটসম্যান ছিলেন আভিশেক ও হেড।
নবম ওভারে শাশাঙ্ক সিংয়ের বলে হেডের (২৩ বলে ৩৮) বিদায়ে থামে ৫০ বলে ১২০ রানের উদ্বোধনী জুটি। ওই ওভারেই ক্যাচ দিয়ে ফেরেন আভিশেকও।
পরে আর কেউ সেভাবে ঝড় তুলতে পারেননি। প্রথম আট ওভারে বিনা উইকেটে ১২০ থেকে ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান করে হায়দরাবাদ।