Published : 30 May 2026, 11:31 AM
পেছন দিকে তাকিয়ে স্বয়ংক্রিয়ভাবেই দু হাত উঠে গেল সাই সুদার্শানের। অন্য প্রান্তে শুবমান গিল তো মাটিতে হাঁটু গেড়ে নুইয়ে পড়লেন। ধারাভাষ্যে হার্শা ভোগলে যেন বিশ্বাসই করতে পারছিলেন না, “তিনি কি আবার এমন করলেন? নিশ্চয় তিনি আবার এরকম করেননি! বল চলে গেছে বাউন্ডারিতে, কিন্তু তার গ্লাভস থেকে ফসকে ব্যাট সোজাসুজি আঘাত করেছে স্টাম্পে… আরও একবার!”
ক্রিকেটে ‘হিট উইকেট’ এমনিতেই খুব বেশি দেখা যায় না। স্টাম্পে ব্যাট লেগে হিট উইকেট দেখা যায় আরও কম। অবিশ্বাস্যভাবে, আইপিএলের পরপর দুই ম্যাচে এমন অদ্ভুতভাবেই আউট হয়েছেন সুদার্শান।
গত মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ছিল এর প্রথমটি। রান তাড়ায় তৃতীয় ওভারে জেকব ডাফির বলে দুর্দান্ত এক শটে চার মারেন তিনি পয়েন্ট দিয়ে। কিন্তু এই প্রক্রিয়ায় তার হাত থেকে ছুটে যায় ব্যাট। পিচে একবার গোত্তা খেয়ে ব্যাট আঘাত করে স্টাম্পে।
ধারাভাষ্যে গ্রায়েম সোয়ান তখন বলছিলেন, “হোয়াট আ শট… কিন্তু ব্যাট ছুটে গিয়ে বাউন্স খেয়ে লেগে গেল স্টাম্পে… এই ধরনের আউট নিশ্চয়ই দীর্ঘদিন আর দেখা যাবে না…!”
কে জানত, পরের ম্যাচেই আবার দেখাবেন সেই সুদার্শান।

আগের ম্যাচে তিনি আউট হয়েছিলেন ১৪ রানে। এবার দ্বিতীয় কোয়ালিফায়ারে শুক্রবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচটিতে তখন ব্যাট করছিলেন ৫৮ রানে। এবার রাস তাড়ার ত্রয়োদশ ওভারে ব্রিজেশ শার্মার বলে চমৎকার এক শটে চার মারেন থার্ড ম্যান দিয়ে। কিন্তু আবারও ফসকে যায় তার ব্যাট। এবার পিচে বাউন্স খেয়ে নেয়, বরং সরাসরি উড়ে গিয়ে বল ছোবল দেয় স্টাম্পে।
এই দুবারই শুধু নয়, ২০২২ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও হিট উইকেট আউট হয়েছিলেন তিনি কাইরন পোলার্ডের বলে।
আইপিএলে ইতিহাসে হিট উইকেট হয়েছেন ১৬ জন ব্যাটসম্যান। তিনি ছাড়া একাধিকবার এই আউট হননি আর কেউ।
৩ বার হিট উইকেট হয়ে বিশ্বরেকর্ডেও তিনি স্পর্শ করলেন আন্দ্রে রাসেল ও শোয়েব মালিককে।
ম্যাচে হতাশায় মুষড়ে পড়লেও শেষ পর্যন্ত দল জেতায় ম্যাচের পর বেশ খোশমেজাজেই দেখা গেল সুদার্শানকে। মুখে হাসি নিয়ে মাইক্রোফোন হাতে দাঁড়ালেন তিনি। ধারাভাষ্যকার ও সঞ্চালক রাভি শাস্ত্রি জিজ্ঞেস করলেন, আহমেদাবাদে (ফাইনালে) কি গ্লু নিয়ে যাবেন বা এমন কিছু চেষ্টা করবেন, যাতে ব্যাট আপনার
হাসিমুখে সুদার্শানের উত্তর, “আমার মনে হয়, কিছু জিনিস এখন চেষ্টা করি। গ্রিপের কিছু কৌশল চেষ্টা করে কিছু বল খেলে দেখতে হবে, কেমন হয়…! তবে সত্যি বলতে, এসবের খুব বেশি উত্তর নেই, কীভাবে এমন হলো…।”
রাভি শাস্ত্রি তবু নাছোড়বান্দা, “উত্তর তো আপনিই দিতে পারেন, তিনবার এভাবে আউট হলেন…! আপনারা নিশানাও তো ভালো হচ্ছে, আজকে ব্যাট সরাসরি আঘাত করেছে স্টাম্পে…!”
চওড়া হাসিতে এবার মজা করলেন সুদর্শানও, “সিরিয়াসলি… গত ম্যাচে ব্যাট বাউন্স খেয়ে স্টাম্পে লেগেছিল, আজকে আমার মনে হলো, সরাসরিই স্টাম্পে লাগানো যাক….!”
সুদার্শানের আউট নিয়ে ম্যাচের পর মজা করলেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুবমান গিলও।
“জীবনে এমন কিছু আমি দেখিনি। আমার মনে হয়, কেউই দেখেনি এমন কিছু। পরপর দুই ম্যাচে… যেভাবে সে আউট হলো…!”
“সামাজিক মাধ্যমে মজার একটি ভিডিও দেখছিলাম যে, ওর হাত টেপ দিয়ে পেঁচিয়ে দিতে হবে ব্যাটের সঙ্গে। আমার মনে হয়, পরের ম্যাচে এমন কিছুই করতে হবে!।”
অদ্ভুত আউট দিয়ে এখন শিরোনামে এলেও ব্যাট হাতে দারুণ মৌসুম কাটাচ্ছেন সুদার্শান। আসরের তৃতীয় সর্বোচ্চ ৭১০ রান করেছেন তিনি ১৫৯.৫৫ স্ট্রাইক রেটে। তার অধিনায়ক ও উদ্বোধনী জুটির সঙ্গী শুবমান গিল করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৭২২ রান।
এই প্রথম আইপিএলে এক আসরে ৭০০ রান করলেন একই দলের দুই ব্যাটসম্যান। ফাইনালে দুজনের সামনেই সুযোগ আছে বৈভাব সুরিয়াভানশির ৭৭৬ রান টপকে ‘অরেঞ্জ ক্যাপ’ নিজের করে নেওয়ার।