Published : 14 Sep 2026, 06:37 PM
উইমেন’স এশিয়ার কাপের ফাইনালে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন ক্রান্তি গৌড়। ভারতীয় পেসারকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সঙ্গে একটি ডিমেরিট যুক্ত হয়েছে তার নামের পাশে।
ক্রান্তিকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করার কথা সোমবার জানায় আইসিসি। একই বিজ্ঞপ্তিতে পাকিস্তানের ক্রিকেটারদের জরিমানা করার বিষয়টিও উল্লেখ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যাওয়া সেমি-ফাইনালে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির পাঁচ শতাংশ কর্তন করা হয়েছে ফাতিমা সানাদের।
ক্রান্তি ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা নিজেদের শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
দুবাইয়ে রোববারের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে এশিয়া কাপ পুনরুদ্ধার করে ভারতের মেয়েরা। আগে ব্যাটিং করে ১৮৩ রান করে লঙ্কানদের ১১১ রানে গুটিয়ে দেয় তারা।
শ্রীলঙ্কার রান তাড়ায় প্রথম ওভারেই ইমেশা দুলানির স্টাম্প ভেঙে দেন ক্রান্তি। এরপর ব্যাটসম্যানকে ড্রেসিং রুমের পথ দেখিয়ে দেন তিনি। আর এমন আচরণ আইসিসির নিয়ম লঙ্ঘন।
আচরণবিধির ২.৫ ধারায় বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটারকে আউট করার পর এমন ভাষা, আচরণ কিংবা অঙ্গভঙ্গি করা যাবে না, যা ব্যাটারকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উসকে দিতে পারে।’
ম্যাচে দুই ওভারে ৮ রান দিয়ে ওই একটি উইকেটই নেন ক্রান্তি।