আইপিএল
Published : 21 Apr 2026, 05:20 PM
এবারের আইপিএলে আয়ুশ মাত্রের পথচলা শেষের শঙ্কা ছিল। সেটাই সত্যি হলো। হ্যামস্ট্রিংয়ের চোটে আসরের বাকি অংশ থেকে তার ছিটকে পড়ার কথা জানিয়েছে চেন্নাই সুপার কিংস।
এবার চোট খুব ভোগাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজিকে। ন্যাথান এলিস, খলিল আহমেদের পর, এবার দলের ব্যাটিং লাইন আপের গুরুত্বপূর্ণ সদস্য আয়ুশকে হারাল তারা।
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে গত শনিবারের ম্যাচে চোট পান আয়ুশ। রান তাড়ায় ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে ব্যাটিংয়ে নামেন তিন নম্বরে। একটি ছক্কা ও পাঁচটি চারে ১২ বলে ৩০ রান করেও ফেলেন তিনি।
বিপত্তি বাঁধে এরপরই। পঞ্চম ওভারে দৌড়ে দুই রান নেওয়ার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার। ১৮ বছর বয়সী ক্রিকেটারের চোখেমুখে ফুটে ওঠে যন্ত্রণার ছাপ।
সঙ্গে সঙ্গে মাঠে এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন চেন্নাইয়ের ফিজিওথ্যারাপিস্ট। লম্বা সময়ের শুশ্রূষার পর খেলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হন তিনি। কিন্তু পুরোপুরি সমস্যা কাটেনি। পরের বলেই সিঙ্গল নেওয়ার সময় তাকে খুঁড়িয়ে দৌড়াতে দেখা যায়।
নিতিশ কুমার রেড্ডি ওই ওভারের চতুর্থ বলে বাজে আয়ুশের বিদায় ঘণ্টা। এক্সট্রা কাভারে চোখধাঁধানো এক ক্যাচ নেন হাইনরিখ ক্লসেন। ১৩ বলে ৩০ রানেই থামেন আয়ুশ। আর এটিই হয়ে রইল এবারের আইপিএলে তার শেষ ইনিংস।
ওই ম্যাচের পর চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইক হাসি বলেছিলেন, আয়ুশের চোট তার কাছে গুরুতর মনে হচ্ছে। তখনই তাকে সামনের পথচলায় পাওয়া নিয়ে শঙ্কা জাগে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়ুশের ছিটকে পড়ার কথা নিশ্চিত করেছে চেন্নাই। সেখানে তারা বলেছে, চোট কাটিয়ে উঠতে ৬ থেকে ১২ সপ্তাহ পুনর্বাসনের মধ্যে থাকতে হবে তরুণ ক্রিকেটারকে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত চেন্নাইয়েরৱ সেরা ব্যাটসম্যান আয়ুশ। দুই ফিফটিতে দলের সর্বোচ্চ ২০১ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ১৭৭.৮৭।
গত সপ্তাহে পেসার খলিলকে হারায় চেন্নাই। ডান পায়ের ঊরুর চোটে আসরের বাকি অংশ থেকে ছিটকে যান দলটির বোলিং আক্রমণের এই গুরুত্বপূর্ণ সদস্য।
আসর শুরুর আগেই চোটের থাবায় পুরো আসর থেকে ছিটকে যান অস্ট্রেলিয়ান পেসার এলিস। তার জায়গায় আরেক অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে দলে নেয় চেন্নাই। তিনিও বর্তমানে চোট থেকে সেরে ওঠার পথে আছেন।
পেশির চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন চেন্নাইয়ের সাবেক ও সফলতম অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। আসরে এখন পর্যন্ত অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যানকে পায়নি তারা। দলের সঙ্গে অনুশীলন শুরু করলেও, এখন পর্যন্ত খেলায় ফেরার সবুজ সংকেত পাননি ধোনি।
এবারের আইপিএলের শুরুটা বাজে হয়েছে চেন্নাইয়ের। পাঁচবারের চ্যাম্পিয়নরা ছয় ম্যাচ খেলে জিততে পেরেছে কেবল দুটিতে। পয়েন্ট টেবিলে এখন অষ্টম স্থানে আছে তারা।
আগামী বৃহস্পতিবার সমান পাঁচবার শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই।