১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নতুন কোচ ও নতুন চার ক্রিকেটার নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া সারফারাজ আহমেদকে টেস্ট দলের কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান, ব্যাটিং কোচ করা হয়েছে আসাদ শাফিককে, বোলিং কোচ উমার গুল।

নতুন কোচ ও নতুন চার ক্রিকেটার নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান
পাকিস্তানের নতুন কোচ সারফারাজ আহমেদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2026, 04:03 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সারফারাজ আহমেদ। এর আগেই অবশ্য হয়ে গেছেন জাতীয় দলের নির্বাচক। এখন তার পরিচয়, পাকিস্তান টেস্ট দলের কোচ। বাংলাদেশ সফর দিয়ে শুরু হচ্ছে লাল বলের দলের কোচ হিসেবে সাবেক এই অধিনায়কের পথচলা।

কোচিং স্টাফে সারফারাজর দুই সঙ্গীও নতুন। ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক ব্যাটসম্যান আসাদ শাফিক। বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পেসার উমার গুল।

৩৮ বছর বয়সী সারফারাজ টেস্ট কোচের দায়িত্ব পেতে চলেছেন বলে গুঞ্জন ছিল কিছুদিন ধরেই। সেটিই এবার সত্যি হলো। ৪০ বছর বয়সী শাফিক ব্যাটিং কোচ হওয়ার আগে জাতীয় দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন বেশ কিছুদিন। ৪৩ বছর বয়সী গুল বিভিন্ন দলে বোলিং কোচ বা পরার্শকের কাজ করে আসছেন বেশ কিছুদিন ধরেই।

নতুন কোচিং স্টাফের পাশাপাশি ১৬ জনের স্কোয়াডে নতুন ক্রিকেটারও আছেন চারজন। প্রথমবারের মতো পাকিস্তানের টেস্ট দলে সুযোগ পেয়েছেন আব্দুল্লাহ ফাজাল, আজান আওয়াইস, আমাদ বাট ও মুহাম্মাদ গাজি ঘোরি।

চারজনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে কেবল গাজি ঘোরির। গত মাসে বাংলাদেশ সফরে একটি ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন এই কিপার-ব্যাটার। আমাদ ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষেই টি-টোয়েন্টি দলে ছিলেন। তবে মাঠে নামার সুযোগ পাননি। ফাজাল ও আজান সব মিলিয়েই জাতীয় দলে ডাক পলেন প্রথমবার।

ফাজাল ও আজান ওপেনার। এই সফরে দুজনের অন্তত একজনের টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল। ২৩ বছর বয়সী ফাজাল ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৪ সেঞ্চুরি ও ১০ ফিফটিতে ১ হাজার ৮২৮ রান করেছেন ৪১.৫৪ গড়ে। এখন তিনি পিএসএল খেলছেন রাওয়ালপিন্ডিজের হয়ে। 

আজানকে মনে করা হয় দীর্ঘ পরিসরের ক্রিকেটে পাকিস্তানের ব্যাটিংয়ের সম্ভাব্য ভবিষ্যৎ তারকা। ৩৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১০টি সেঞ্চুরি করেছেন ২১ বছর বয়সী এই ব্যাটসম্যান। ৪৮.৬০ গড়ে রান করেছেন ২ হাজার ৬৭৩।

২৩ বছর বয়সী গাজি ঘোরিকে দলে রাখা হয়েছে মূলত বিকল্প কিপার-ব্যাটার হিসেবে। ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৩ সেঞ্চুরিতে ১ হাজার ৬৯২ রান করেছেন তিনি ৪১.২৬ গড়ে। 

দলের আরেক নতুন মুখ আমাদ বাট পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ পেসার। ৬৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ২০৫টি উইকেট নিয়েছেন তিনি, ব্যাট হাতে করেছেন ১টি সেঞ্চুরি ও ১০ ফিফটি। ৩০ বছর বয়সী পেসারের বিপিএল খেলার অভিজ্ঞতাও আছে। ২০২২-২৩ বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে ৫টি ম্যাচ খেলেছিলেন তিনি।

সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পাকিস্তান দল থেকে এবার জায়গা হারিয়েছেন আব্দুল্লাহ শাফিক, রোহাইল নাজির, আমির জামাল, আসিফ আফ্রিদি, কামরান গুলাম, আবরার আহমেদ ও ফায়সাল আকরাম। 

দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার মোহাম্মাদ আব্বাস। সবশেষ গত বছরর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলেছেন এই সুইং বোলার। ৩৬ বছর বয়সী পেসার আপাতত ব্যস্ত কাউন্টি ক্রিকেটে।

পেস আক্রমণে আব্বাসের সঙ্গী শাহিন শাহ আফ্রিদি, হাসান আলি, খুররাম শাহজাদ ও আমাদ। 

স্পিন আক্রমণের মূল দুই অস্ত্র সাজিদ খান ও নোমান আলি। অফ স্পিনার সাজিদ ২০২১ সালে বাংলাদেশ সফরে দুই টেস্টে উইকেট নিয়েছিলেন ১৬টি। মিরপুরে এক ইনিংসে ৮টি ও ম্যাচে নিয়েছিলেন ১২ উইকেট। ৩৯ বছর বয়সী বাঁহাতি স্পিনার নোমান বাংলাদেশের বিপক্ষে ২ টেস্ট খেলে উইকেট পাননি। 

এই দলের ৫ ক্রিকেটার ইমাম, নোমান, সাজিদ আজান ও গাজি ঘোরি পাকিস্তান সুপার লিগে নেই, তারা লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে লাল বলের ক্রিকেটের ক্যাম্প করছেন। বাংলাদেশে আসার আগে ২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত ক্যাম্পে যোগ দেবেন পিএসএল থেকে ছিটকে পড়া অন্য ক্রিকেটাররা। তারা দেশ ছাড়বেন ২ মে।

পিএসএলের ফাইনাল ৩ মে। সেখানে কোনো ক্রিকেটার থাকলে তিনি ফাইনাল খেলে ঢাকায় যোগ দেবেন দলের সঙ্গে। 

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি মিরপুরে আগামী ৮ মে থেকে, পরেরটি সিলেটে ১৬ মে থেকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজ। 

বাংলাদেশ সফরের পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফাজাল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলি, ইমাম-উল-হাক, খুররাম শাহজাদ, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মাদ রিজওয়ান, মুহাম্মাদ গাজি ঘোরি, নোমান আলি, সাজিদ খান, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।