২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টি ব্লাস্টে দলের বড় হারের ম্যাচে হাসানের ১ উইকেট

ব্যাটসম্যানদের ব্যর্থতায় সারের কাছে হেরে যায় হাসান মাহমুদের দল কেন্ট।

টি-টোয়েন্টি ব্লাস্টে দলের বড় হারের ম্যাচে হাসানের ১ উইকেট
লরি ইভান্সের স্টাম্প উপড়ে দিলেন হাসান মাহমুদ। ছবি: ভিডিও থেকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 08:16 AM

Updated : 11 Sep 2026, 03:37 PM

ম্যাচের ভাগ্য একরকম নির্ধারিত হয়ে গেল প্রথম ভাগেই। ১০২ রানে গুটিয়ে যাওয়ার পর ম্যাচের আর বাকী থাকে কী! অনুমিতভাবেই ওই পুঁজি নিয়ে লড়াই করতে পারল না কেন্ট স্পিটফায়ার্স। ব্যাটিংয়ে মুখ থুবড়ে পড়ার পর বোলিংয়েও তারা ব্যর্থ। একমাত্র উইকেটটি এনে দিলেন কেবল হাসান মাহমুদ। 

ওই উইকেটটি নিতে অবশ্য রান বেশ খরচ করতে হয়েছে হাসানকে। টি-টোয়েন্টি ব্লাস্টের ম্যাচটিতে সারের বিপক্ষে তিন ওভারে ৩৪ রান দেন বাংলাদেশের এই পেসার। 

কেন্টকে ৯ উইকেটে উড়িয়ে দেয় সাউথ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা সারে। 

ক্যান্টারবুরিতে শুক্রবার টস হেরে ব্যাটিংয়ে নামা কেন্ট ১৭ ওভারে অলআউট হয় ১০২ রানে। তিনে নেমে ১৯ বলে ৩১ রান করেন জ্যাক ক্রলি। দলের সাতজন ব্যাটসম্যান ছুঁতে পারেননি দু অঙ্ক। শেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে গিয়ে হাসান আউট হন ১ রানে।

সারের জর্ডান ক্লাক নেন তিন উইকেট, ক্রিস জর্ডান ও ড্যান লরেন্স দুটি করে।

রান তাড়ায় উড়ন্ত সূচনা করে সারে। প্রথম তিন ওভারেই চার ছক্কা মারার পর আউট হন লরি ইভান্স (৯ বলে ২৫)। জায়গা বানিয়ে খেলার চেষ্টা করছিলেন তিনি, হাসানের ইয়র্কারে উপড়ে যায় তার অফ স্টাম্প।

সেটিই শেষ। জেসন রয়ের ২৯ বলে অপরাজিত ৫০ ও জশ ফিলিপির ১৫ বলে ২০ রানে সারে ম্যাচ শেষ করে ফেলে ৮.৫ ওভারেই।

আগের ম্যাচে টি-টোয়েন্টি ব্লাস্টে অভিষেকে হ্যাম্পশায়ারের বিপক্ষে ৪ ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন হাসান।

এই টুর্নামেন্টে কেন্টের হয়ে আর একটি ম্যাচই খেলবেন ২৬ বছর বয়সী পেসার। মিডলসেক্সের বিপক্ষে ম্যাচটি রোববার।